সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহীরা আরও অগ্রসর হওয়ায় ‘সরকার’ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো থেকে সরকারি বাহিনী সরিয়ে ফেলেছে। গত বুধবার লড়াই শুরুর পর থেকে ২০ জন বেসামরিক নাগরিকসহ অন্তত তিনশ জন মারা গেছে। সূত্র : যুক্তরাজ্য ভিত্তিক এসওএইচআর।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী ওই শহর থেকে ২০১৬ সালে বিদ্রোহীদের তাড়িয়ে দিয়েছিল।
গত শুক্রবার সন্ধ্যায় ‘এসওএইচআর’ জানায়- সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পো শহরের কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। দেশটির সামরিক বাহিনী স্বীকার করে যে, বিদ্রোহীরা শহরের ‘বড় অংশে’ প্রবেশ করেছে। কিন্তু তারা পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে।
শনিবার প্রেসিডেন্ট আসাদ ‘সব সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের মোকাবেলা করে সিরিয়ার স্থিতিশীলতা ও ভূখণ্ডগত সংহতি রক্ষার অঙ্গীকার করেন’। পাশাপাশি “সন্ত্রাসীদের আক্রমণ যতই জোরালো হোক না কেন আমাদের সহযোগী ও বন্ধুদের সহায়তায় তাদের পরাজিত ও নিশ্চিহ্ন করা কোন ব্যাপারই নয়। সেই সক্ষমতা আমাদের দেশের আছে,” প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন মন্তব্য করেছে বলে জানা যায়।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত অন্তত পাঁচ লাখ মানুষ মারা গেছেন। পরে আসাদ সরকার গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ দমনে ব্যাপক অভিযান শুরু করলে গৃহযুদ্ধের সূচনা হয়। তবে, ২০২০ সালের যুদ্ধবিরতির পর থেকে সংঘাত প্রায় বন্ধই ছিলো।
যদিও বিরোধী বাহিনীগুলো দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব শহর এবং ওই প্রদেশের বড় অংশ নিয়ন্ত্রণ করে আসছিলো। আলেপ্পো শহর থেকে ইদলিবের দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার। ২০১৬ সালে সরকারি বাহিনীর হাতে পতনের আগ পর্যন্ত এটি ছিলো বিদ্রোহীদের একটি শক্ত ঘাঁটি।


এদিকে, রাশিয়ার বিমান বাহিনী শনিবার আলেপ্পোতে বিমান হামলা চালিয়েছে। গৃহযুদ্ধ যখন চরমে উঠেছিলো তখনো আসাদ সরকারকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৬ সালে সরকারি বাহিনী আলেপ্পো পুনর্দখল করে নিয়েছিল। এরপর থেকে এবারের হামলাই শহরকে ঘিরে প্রথম ঘটনা। ওই এলাকা থেকে পাওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে আলেপ্পো থেকে বের হওয়ার সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। কারণ লোকজন প্রাণ বাঁচাতে সেই সড়ক দিয়ে শহর থেকে বেড়িয়ে পড়ছিল।

