ইকুয়েডরের একটি গির্জায় ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার সময় দেয়ালে লাগানো বিশাল কাঠের ক্রুশ খুলে পড়ে প্রাণ হারিয়েছেন ক্যাথলিক যাজক পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি। শনিবার (১৭ অক্টোবর) দেশটির গুয়ায়াকিল শহরের নুয়েস্ত্রা সেনিওরা দেল পেরপেতুয়ো সোকোরো গির্জায় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। সম্প্রচারের ভিডিওতে ক্রুশটি যাজকের ওপর পড়ে যেতে দেখা যায়। রোববার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে গুয়ায়াকিলের আর্চডায়োসিস। এনডিটিভি ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ঘটনার সময় সানচেজ মোলিনারি বেদির সামনে দাঁড়িয়ে সমবেত উপাসকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন। তাঁর পেছনের দেয়ালে স্থাপিত ভারী ক্রুশটি হঠাৎ খুলে পড়ে তাঁর মাথায় আঘাত করে। আকস্মিক এ ঘটনায় গির্জায় উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ভিডিওতে তাঁদের চিৎকার করতে এবং যাজককে সাহায্য করার চেষ্টা করতে দেখা যায়। পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচারে ধারণ হওয়ায় পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গুয়ায়াকিলের আর্চডায়োসিস এক বার্তায় সানচেজ মোলিনারির মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। তিনি গির্জাটির প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘কংগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’ নামের ক্যাথলিক ধর্মীয় সংগঠনের সদস্য ছিলেন। ইকুয়েডরের সংবাদমাধ্যম প্রিমিসিয়াস জানিয়েছে, মৃত্যুর আগের দিনও তাঁর যাজকজীবনের বার্ষিকী উপলক্ষে আর্চডায়োসিস তাঁকে শুভেচ্ছা জানিয়েছিল।
কী কারণে ক্রুশটি দেয়াল থেকে খুলে পড়েছিল, তা এখনো জানা যায়নি। এপি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ক্রুশটি স্থাপনের কাঠামোগত ত্রুটি, রক্ষণাবেক্ষণের ঘাটতি কিংবা অন্য কোনো কারণে পড়ে গিয়েছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

