রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা এখনো কেবল “কাগজে-কলমেই” রয়ে গেছে। তার দাবি, ওই উদ্যোগে যেসব নীতি ও লক্ষ্য তুলে ধরা হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন হয়নি। সূত্র: স্পুটনিক আরবি
রোববার বাহরাইনের রাজধানী মানামায় রাশিয়া ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মধ্যে কৌশলগত সংলাপের নবম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ মন্তব্য করেন ল্যাভরভ।
স্পুটনিক আরবির বরাতে প্রকাশিত বক্তব্য অনুযায়ী, মার্কিন-সমর্থিত উদ্যোগ বাস্তবায়নে অগ্রগতির অভাবের সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর সম্ভাবনা এখনো অনেক দূরে।
ল্যাভরভ আরও বলেন, উত্তেজনা আরও বৃদ্ধি ঠেকাতে যে আঞ্চলিক মধ্যস্থতা প্রচেষ্টা চলছে, তা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি এমন একটি সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন, যা আঞ্চলিক সংঘাতের মূল কারণগুলো মোকাবিলা করবে।
জিসিসি-রাশিয়া বৈঠকে উপসাগরীয় সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও রাশিয়ার প্রতিনিধিরা আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
মিশরের শার্ম আল-শেখ শহরে আরব ও মার্কিন মধ্যস্থতায় ২০২৫ সালের ১০ অক্টোবর স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে চলমান বিরোধের মধ্যেই ল্যাভরভ এ মন্তব্য করেন।
ফিলিস্তিনি সূত্রগুলোর অভিযোগ, চুক্তিকে স্থায়ী করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়ন করছে না।
এর আগে ২০২৬ সালের ৩১ জুলাই ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং যুদ্ধের অবসানের জন্য ধাপে ধাপে বাস্তবায়নের একটি রোডম্যাপ নিয়ে সমঝোতার ঘোষণা দেন।
ফিলিস্তিনি বিভিন্ন পক্ষ ওই রোডম্যাপের প্রতি সমর্থন জানিয়েছে। তবে ফিলিস্তিনি সূত্রগুলোর অভিযোগ, ইসরায়েল এর বিভিন্ন বিধান প্রত্যাখ্যান করেছে এবং চুক্তির পরিপন্থী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

