ইয়েমেনের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শাবওয়া প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথি সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৫৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।
ইয়েমেন সরকারের কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে হতাহতের এ তথ্য জানিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে হুথিরা।
সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের বিরুদ্ধে যৌথভাবে হামলা শুরুর পর এমন সময় এ ঘটনা ঘটল, যখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক প্রশিক্ষণ শিবিরটিকে লক্ষ্যবস্তু করা হলো।
বার্তা সংস্থা রয়টার্স হামলার একটি ভিডিও যাচাই করেছে। এতে হামলার পর সামরিক ঘাঁটিতে হতাহতদের ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেন সরকারের কর্মকর্তারা রয়টার্সকে জানান, হামলার সময় শিবিরটিতে সামরিক প্রশিক্ষণ চলছিল। এ সময় আকস্মিকভাবে হুথিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে।

