যুক্তরাষ্ট্র সরকারের ঋণের সুদ পরিশোধের খরচ দ্রুত বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে শুধু নিট সুদ পরিশোধেই দেশটি ব্যয় করেছে ১ লাখ ৫ হাজার কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। দৈনিক হিসাবে এই ব্যয় দাঁড়ায় প্রায় ২৯০ কোটি ডলার। সুদ পরিশোধের এই প্রবৃদ্ধি সরকারের ব্যয়, রাজস্ব আয় ও জিডিপি প্রবৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের হিসাবের বরাতে ফরচুনের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
নিট সুদ ব্যয় আর মোট সুদ ব্যয় এক জিনিস নয়। সরকারের মোট সুদ পরিশোধ থেকে সুদ বাবদ পাওয়া আয় বাদ দিলে যা থাকে, সেটিই নিট সুদ ব্যয়। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে মোট সুদ বাবদ খরচ হয়েছে ১ লাখ ৩৬ হাজার কোটি ডলার। এ সময় সরকারি ঋণের গড় সুদহার ছিল ৩ দশমিক ৫৩ শতাংশ, যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। ওই সময়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার দ্রুত বাড়ানো শুরু করেছিল।
সুদের চাপের পাশাপাশি বাজেট ঘাটতিও বেড়েছে। গত অর্থবছরে ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি ডলারে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ১ লাখ ৭৮ হাজার কোটি ডলার। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে ১২ শতাংশ। কারণ, সরকারের রাজস্ব আয় বেড়েছে ৩ শতাংশ, ৫ লাখ ৪০ হাজার কোটি ডলারে। আর ব্যয় বেড়েছে ৬ শতাংশ, পৌঁছেছে ৭ লাখ ৪০ হাজার কোটি ডলারে। আয়ের চেয়ে ব্যয় দ্রুত বাড়ায় ফাঁকটি আরও বড় হয়েছে।
দেশটির মোট সরকারি ঋণ এখন ৪০ ট্রিলিয়ন, অর্থাৎ ৪০ লাখ কোটি ডলারে ঠেকেছে। সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা সরকারি ঋণের পরিমাণও প্রায় জিডিপির সমান। সুদহার বেশি থাকলে এই বিপুল ঋণের বিপরীতে সরকারকে আরও বেশি অর্থ গুনতে হবে। তাই আগামী বছরগুলোয় বাজেটের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা খরচগুলোর একটি হতে পারে সুদ পরিশোধ।
ঋণ ব্যবস্থাপনার কৌশলও এখানে বড় ভূমিকা রাখছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বাজেট ঘাটতি মেটাতে স্বল্পমেয়াদি ঋণ নেওয়া বাড়িয়েছেন, একই সঙ্গে দীর্ঘমেয়াদি কিছু ঋণ পরিশোধ করেছেন। কিন্তু স্বল্পমেয়াদি ঋণের মেয়াদ দ্রুত ফুরিয়ে যায়, ফলে সেগুলো বারবার নতুন করে নিতে হয়। বাজারে সুদহার চড়া থাকলে প্রতিবার নতুন ঋণের খরচও বাড়ে।
সামনের ১২ মাস নিয়ে উদ্বেগ আরও স্পষ্ট। সাধারণ বিনিয়োগকারীদের হাতে থাকা সরকারি ঋণের প্রায় এক-তৃতীয়াংশ, অর্থাৎ ১০ ট্রিলিয়ন ডলারের বেশি, এই সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ হবে। এসব ঋণ নতুন করে নিতে বা পুনঃঅর্থায়ন করতে হবে। বর্তমান উচ্চ সুদহারের সময় এটি করতে হলে সুদ পরিশোধের ব্যয় আরও বাড়তে পারে।
ভবিষ্যৎ পূর্বাভাসেও স্বস্তির বার্তা নেই। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) গত ফেব্রুয়ারিতে আশঙ্কা প্রকাশ করেছিল, ২০৩৬ সালে দেশটির বার্ষিক সুদ ব্যয় ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে। এরপর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ও বন্ডের ইল্ড বেড়েছে। ফলে ওই পূর্বাভাসের চেয়েও ব্যয় বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। দায়িত্বশীল বাজেট ব্যবস্থাপনা নিয়ে কাজ করা সংস্থা কমিটি ফর আ রেসপনসিবল ফেডারেল বাজেটের হিসাব অনুযায়ী, বন্ডের ইল্ড সিবিওর পূর্বাভাসের চেয়ে ১ শতাংশীয় পয়েন্ট বেশি থাকলে এই দশকের শেষ নাগাদ সুদ ব্যয় ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে উঠতে পারে।
ঋণের চাপ সামলাতে বেসেন্ট জোর দিচ্ছেন অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর। তাঁর মতে, প্রবৃদ্ধি ৩ শতাংশে তোলা গেলে প্রবৃদ্ধির মাধ্যমেই ঋণের বোঝা সামলানো সম্ভব। গত মাসে সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে তিনি বলেন, ইরান যুদ্ধের পরিস্থিতি কাটিয়ে উঠলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবার গতি পেতে পারে।
তবে বাস্তব চিত্র এই লক্ষ্যমাত্রা থেকে এখনো দূরে। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ২ শতাংশ। ওয়াল স্ট্রিটের পূর্বাভাসে পুরো বছরের প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশের কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ ৩ শতাংশের লক্ষ্য ছুঁতে এখনো অনেকটা পথ বাকি।
অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ হলো সরকারি ব্যয় ও সুদ পরিশোধের বাড়তে থাকা চাপের মধ্যেই রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে আনা। সুদহার দীর্ঘদিন চড়া থাকলে ঋণ পুনঃঅর্থায়নের খরচ বাড়বে। বাজেটের বড় একটি অংশ সুদ মেটাতেই চলে গেলে শিক্ষা, স্বাস্থ্য বা অবকাঠামোর মতো অন্যান্য খাতে ব্যয়ের সুযোগও সংকুচিত হতে পারে। তাই শুধু প্রবৃদ্ধির ওপর ভরসা না করে রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা।

