মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন জানানোর এক দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে নেতানিয়াহুর প্রতি নিজের ‘পূর্ণাঙ্গ ও সর্বাত্মক সমর্থন’ ঘোষণা করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন চাপের মুখোমুখি হয়েও নেতানিয়াহু ভেঙে পড়েননি, বরং আরও শক্তিশালী হয়েছেন।
তবে ট্রাম্পের প্রকাশ্য সমর্থনের বিপরীতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতানিয়াহুর পক্ষে অবস্থান নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
সোমবার টুওয়ে মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা তার নেই। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থীদের সমর্থন করা এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েই তিনি বেশি মনোযোগী।
ভ্যান্স বলেন, “আমি তার (নেতানিয়াহুর) বিরুদ্ধেও নই, আবার তার পক্ষেও সমর্থন জানাচ্ছি না। আমি ইসরায়েলের নির্বাচনে জড়াচ্ছি না।”
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

