যুক্তরাজ্য সফররত ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সম্মানে আয়োজিত নৈশভোজে ওমানের জনগণকে নিয়ে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর একটি বাণী পড়ে শুনিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ওমানিদের আতিথেয়তা ও নমনীয়তার বিষয়টি তুলে ধরতেই তিনি মহানবীর ওই বাণী উদ্ধৃত করেন। সূত্র: আল-আরাবিয়া
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে যান ওমানের সুলতান হাইতাম বিন তারিক। সেখানে তাঁর সম্মানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা তৃতীয় চার্লস। বক্তব্যের একপর্যায়ে ওমানের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর একটি হাদিস পাঠ করেন তিনি।
হাদিসটি মূলত এক ব্যক্তিকে উদ্দেশ করে মহানবী (সা.) বলেছিলেন। ওই ব্যক্তিকে আরবের একটি গোত্রের কাছে ইসলাম প্রচারের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সেই গোত্রের লোকজন তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতন করেছিলেন। এরপর তাঁকে উদ্দেশ করে মহানবী (সা.) বলেন, “তুমি যদি ওমানের বাসিন্দাদের কাছে যেতে, তবে তারা তোমাকে গালিও দিত না এবং নির্যাতনও করত না।”
এই বাণীটি সহীহ মুসলিম শরীফে ২ হাজার ৫৪৪ নম্বর হাদিস হিসেবে লিপিবদ্ধ রয়েছে।
ব্রিটিশ রাজার দপ্তর থেকে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, ওমানের সুলতান হাইতাম বিন তারিক বসে আছেন। এ সময় রাজা তৃতীয় চার্লস মাইক্রোফোনের সামনে গিয়ে মহানবী (সা.)-এর ওই বাণীটি আরবি ভাষায় পড়ে শোনান।
হাদিসটি উদ্ধৃত করার আগে ব্রিটিশ রাজা বলেন, নবী মোহাম্মদ (সা.) ওমানের মানুষের চরিত্র সম্পর্কে বলেছেন, “তুমি যদি ওমানের বাসিন্দাদের কাছে যেতে, তবে তারা তোমাকে গালিও দিত না এবং নির্যাতনও করত না।”
এরপর রাজা তৃতীয় চার্লস ওমান ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক নিয়েও কিছু কথা বলেন।

