ইরান থেকে এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও সরানো হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ থামাতে কূটনৈতিক সমঝোতার চেষ্টা যখন জোরদার হচ্ছে, ঠিক তখনই তেহরানের এই অনড় বার্তা আলোচনার পথকে আরও জটিল করে তুলতে পারে।
যুদ্ধ পরিস্থিতি ও ইয়েমেনের চলমান উত্তেজনা নিয়ে আলোচনার জন্য আসিম মুনির সম্প্রতি তেহরান সফর করেন। অঞ্চলটিতে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই এই সফর অনুষ্ঠিত হয়। তবে তেহরান তার অবস্থানে অটল। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত না মানা পর্যন্ত যুদ্ধের অবসান হবে না এবং হরমুজ প্রণালিও পুনরায় খুলে দেওয়া হবে না।
পারমাণবিক কর্মসূচি নিয়েও ইরান কঠোর অবস্থান ধরে রেখেছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর বিষয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের পেছনে এই কর্মসূচিও একটি কারণ ছিল। রেজায়ি এটিকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে বর্ণনা করেছেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে দেশের ভেতরেই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনার সম্ভাবনা তিনি নাকচ করেননি। এর আগে ইরান নিজেই এমন প্রস্তাব দিয়েছিল।
ইরানি কর্তৃপক্ষ কয়েক দশক ধরে পারমাণবিক কর্মসূচিকে দেশের সার্বভৌম অধিকার হিসেবে তুলে ধরে আসছে। তাদের দাবি, হামলা, অন্তর্ঘাত ও হত্যাকাণ্ড সত্ত্বেও এটি অর্জিত একটি সাফল্য। কমমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বেসামরিক কাজেও ব্যবহার করা হয়েছে, যার মধ্যে রয়েছে রেডিওফার্মাসিউটিক্যালস উৎপাদন এবং রাশিয়ার সহযোগিতায় বুশেহর বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন।
ইরানের যুক্তি, সামরিক চাপের মুখে পারমাণবিক কর্মসূচি সমর্পণ করা আত্মসমর্পণের শামিল। বিশেষ করে ভবিষ্যতে আর হামলা হবে না, এমন কোনো নিশ্চয়তা না পেলে এ পথে হাঁটা সম্ভব নয় বলে মনে করছে তেহরান।
এই অবস্থানে একটি সূক্ষ্ম ফাঁকও দেখা যাচ্ছে। ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাতে ইরান রাজি না হলেও পর্যবেক্ষকদের নজরদারিতে দেশের ভেতরেই সমৃদ্ধকরণের মাত্রা কমানোর সুযোগ খোলা রেখেছে। ফলে আলোচনার মূল প্রশ্ন দাঁড়াচ্ছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই আপসরফা মেনে নেবে কি না এবং ভবিষ্যৎ হামলার বিরুদ্ধে ইরান কী ধরনের নিশ্চয়তা পাবে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা কমাতেও দ্রুত সমঝোতা জরুরি হয়ে পড়েছে।

