ছিনতাইয়ের কৌশলে অভিনব পদ্ধতি ব্যবহার করেছে ভারতের চেন্নাইয়ের একটি চক্র। ২১ বছর বয়সী এক তরুণকে অপহরণ করে তাঁকে দিয়েই মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করায় চার ব্যক্তি। পরে অনুমোদিত ঋণের টাকা থেকে এটিএম বুথে ৯ হাজার ৫০০ রুপি তুলে নেয় তারা। সূত্র: এনডিটিভি
টাকা নেওয়ার পর ওই তরুণকে ছেড়ে দেওয়ার আগে তাঁর মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় অপহরণকারীরা।
বুধবার কর্মকর্তারা জানান, চক্রটি চেন্নাইয়ের পাল্লিকারানাই এলাকা থেকে অজয় (২১) নামের ওই তরুণকে অপহরণ করে একটি অটোরিকশায় তোলে।
অজয় অপহরণকারীদের জানান, তাঁর কাছে কোনো টাকা নেই। এরপর তাঁকে মারধর করে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণের আবেদন করতে বাধ্য করে তারা।
ঋণের আবেদন অনুমোদিত হওয়ার পর অপহরণকারীরা একটি এটিএম বুথের সামনে অটোরিকশা থামায়। সেখান থেকে ৯ হাজার ৫০০ রুপি তুলে নেয় তারা। এরপর অজয়ের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চার ব্যক্তি।
এ ঘটনায় পাল্লিকারানাই থানার পুলিশ একটি মামলা দায়ের করে। তদন্তের পর সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয় (২১) নামের চারজনকে শনাক্ত করা হয়। তাঁরা সবাই চেন্নাইয়ের বাসিন্দা।
এক কর্মকর্তা বলেন, “অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে অপহরণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। আসামিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।”

