ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার প্রায় ১৫ মিনিট ধরে চলা এই হামলাকে ‘বর্ণবাদী সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। তাঁর ভাষ্য, মানুষের গায়ের রং ও ধর্মের কারণে তাঁদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
ম্যাক্রঁ এই ঘটনাকে ‘প্রজাতন্ত্র ও জাতির জীবনে একটি সন্ধিক্ষণ’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এ ধরনের নির্বিচার বর্ণবাদী হত্যাকাণ্ডের ঘটনা আগে কখনো ঘটেনি। তিনি জনসাধারণকে সমাজে শেকড় গেড়ে বসতে থাকা এ ধরনের মতাদর্শের বিরুদ্ধে কোনো ছাড় না দেওয়ার আহ্বান জানান।
প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ট্রেপস শহরে প্রথমে গুলির ঘটনা ঘটে। পরে পাশের লা ভেরিয়েরেও গুলি চালান হামলাকারী। নিজের গাড়ি থেকে গুলি ছুড়ে তিনি অভিবাসীদের লক্ষ্যবস্তু করেন বলে জানা গেছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। আহত পাঁচজনের মধ্যে ১২ বছর বয়সী একটি মেয়েসহ তিনজনের অবস্থা গুরুতর।
ট্রেপসে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ম্যাক্রঁ বলেন, হামলায় মানুষের গায়ের রং ও ধর্মকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, ঘটনাটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ড’ বলে মনে হচ্ছে।
ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সন্দেহভাজন ব্যক্তির নাম কেভিন টি বলে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউটর দপ্তরের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগে চারটি অপরাধে দণ্ডাদেশ ছিল। তবে সেগুলো ‘স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছিল’।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি পুলিশের পরিচিত ছিলেন। তবে ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারির তালিকায় তাঁর নাম ছিল না। জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর দপ্তরও জানিয়েছে, ফরাসি নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের তালিকায় তিনি ছিলেন না। শুক্রবার সন্দেহভাজন ব্যক্তির ঘনিষ্ঠ একজনকে আটক করা হয়েছে।
গাড়ি থেকে নির্বিচার গুলিবর্ষণ
ট্রেপসের মেয়র আলি রাবেহ বলেন, শুক্রবার সকালে এক ব্যক্তি নিজের গাড়ি থেকে সামনে পড়া কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বন্দুকধারী ধূসর রঙের রেনো ক্লিও গাড়িতে করে বিভিন্ন আবাসিক এলাকায় ঘুরে বেড়ান। রাবেহ বলেন, হামলাকারী ‘এলোমেলোভাবে গুলি চালিয়েছেন’। তাঁর ধারণা, যত বেশি সম্ভব মানুষকে হতাহত করাই ছিল হামলাকারীর উদ্দেশ্য।
মেয়রের ভাষায়, ‘তিনি ব্যাপক হত্যাযজ্ঞ ঘটাতে চেয়েছিলেন।’
ট্রেপসের একটি পেট্রল স্টেশন, একটি চিকিৎসাকেন্দ্র ও শিশুদের একটি খেলার মাঠে লোকজনকে লক্ষ্য করে গুলি চালানোর পর হামলাকারী পাশের লা ভেরিয়েরের দিকে চলে যান। পুলিশ ইউনিয়নের এক কর্মকর্তা জানান, শহরের মধ্য দিয়ে যাওয়া প্রধান সড়কে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
খবরে বলা হয়েছে, প্রধান সড়ক ধরে গাড়ি চালানোর সময় হামলাকারী জানালা দিয়ে থেমে থেমে গুলি চালান। স্থানীয় পুলিশের এক প্রধান টেলিভিশনকে জানান, সন্দেহভাজন ব্যক্তি ‘পুরনো ধরনের একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র’ ব্যবহার করেছিলেন। এই অস্ত্র দিয়ে পরপর একাধিক গুলি ছোড়া যায়।
লে প্যারিজিয়াঁর প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, তদন্তে ‘ক্যাটাগরি এ-ভুক্ত অস্ত্রের দখলে থাকা’র বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এই শ্রেণিতে সামরিক কাজে ব্যবহৃত অস্ত্র এবং পরপর একাধিক গুলি ছুড়তে সক্ষম অস্ত্র পড়ে।
গুরুতর আহত ১২ বছরের শিশু
আহতদের মধ্যে ১২ বছর বয়সী মেয়েটির অবস্থা গুরুতর। ফ্রান্সের একটি সম্প্রচারমাধ্যমকে তার মা জানিয়েছেন, মেয়েটির শরীরে আটটি গুলির ক্ষত হয়েছে এবং তার অস্ত্রোপচার করতে হয়েছে।
মেয়েটির মা প্রশ্ন করেন, ‘কেউ একটি শিশুর সঙ্গে এমনটা কীভাবে করতে পারে?’
তিনি জানান, হামলার সময় তাঁর মেয়ের মাথায় স্কার্ফ ছিল। এ কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
মেয়েটির মা বলেন, ‘সে ফ্রান্সে, ট্রেপসে জন্ম নেওয়া একটি শিশু। ফ্রান্সে বসবাস করার এবং এখানে নিজের জীবন গড়ে তোলার অধিকার তার রয়েছে।’
এদিকে জাতীয় সন্ত্রাসবিরোধী প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ সংঘটনের প্রস্তুতির উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

