ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে আজ মঙ্গলবার। ওয়েস্টমিনস্টার বা পার্লামেন্টারি শাসনব্যবস্থার অধীন ইসরায়েলে আগেও নির্বাচন হয়েছে, ভবিষ্যতেও হবে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে এবারের নির্বাচন কিছুটা আলাদা গুরুত্ব বহন করছে।
কারণ, এবারের ভোটকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতা, গাজায় দীর্ঘস্থায়ী সামরিক অভিযান, ইরানের সঙ্গে যুদ্ধ এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার প্রেক্ষাপটে ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এই অংশ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করতে পারলে নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটতে পারে।
তবে ১৯ বছর ধরে ইসরায়েলের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে থাকা এই অভিজ্ঞ নেতা রাজনৈতিকভাবে টিকে থাকার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। দেশটিতে জাতীয়তাবাদী রাজনীতির প্রভাবও ক্রমশ বেড়েছে। ফলে নির্বাচনের ফল তাঁর প্রত্যাশা অনুযায়ী না হলেও ইসরায়েলের খণ্ডিত রাজনৈতিক ব্যবস্থায় সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহু সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন।
এবারের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপের বিশ্লেষণে দেখা গেছে, ভোটারদের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে নেতানিয়াহু ও আইজেনকোট প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছেন।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ ও নাফতালি বেনেটের সঙ্গে জোট গড়েছেন আইজেনকোট। জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার ডানপন্থী মিত্রদের সঙ্গে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
সাবেক সেনাপ্রধান আইজেনকোট নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থানের জন্য পরিচিত। তাঁর প্রতি ইসরায়েলের ডানপন্থী ও মধ্যপন্থী—উভয় রাজনৈতিক শিবিরের সমর্থন রয়েছে।
অন্যদিকে নেতানিয়াহু নির্বাচনী প্রচারে যুদ্ধকালীন নেতৃত্ব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্ব দিচ্ছেন। ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছেন এবং ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন।
রোববার নেতানিয়াহু দাবি করেন, ট্রাম্প ইরানের হুমকি ‘চিরতরে’ নির্মূল করতে আবারও পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে কেবল নেতানিয়াহু ক্ষমতায় থাকলেই।
অন্যদিকে আইজেনকোট অভিযোগ করেছেন, নেতানিয়াহু ‘ভীতি প্রদর্শন, মিথ্যাচার ও হুমকির ওপর ভিত্তি করে’ নির্বাচনী প্রচার চালাচ্ছেন। তিনি আরও বলেছেন, ট্রাম্প ‘জনগণের দ্বারা নির্বাচিত যেকোনো নেতার সঙ্গেই পূর্ণ সহযোগিতার ভিত্তিতে’ কাজ করবেন।

