ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের মাত্র তিন দিনের মাথায় দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান ডানপন্থী রাজনীতিক ফ্লাভিও বোলসোনারো। নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানানো থেকে শুরু করে আর্জেন্টিনা ও ইকুয়েডর হয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পৌঁছানো পর্যন্ত ঘটনাপ্রবাহে তৈরি হয় নানা নাটকীয়তা।
অর্থ পাচারসংক্রান্ত একটি তদন্তের প্রেক্ষাপটে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তাঁকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও শেষ পর্যন্ত তিনি গোপনে দেশ ছাড়েন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার নির্বাচনে পরাজয়ের পর শুরু হওয়া এই ঘটনাপ্রবাহ বুধবার তাঁর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মধ্য দিয়ে শেষ হয়।
রোববার: নির্বাচনে পরাজয়, ফল প্রত্যাখ্যান
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে ক্ষমতাসীন বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার কাছে প্রায় ৪০ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন বোলসোনারো। নির্বাচনের প্রথম দফায় জয়ী হয়ে দ্বিতীয় দফার ভোটে এগিয়ে থাকার প্রত্যাশা তৈরি করলেও শেষ পর্যন্ত ফল তাঁর বিপক্ষে যায়।
পরাজয়ের পরও ফল মেনে নিতে অস্বীকৃতি জানান তিনি। বরং নির্বাচন বাতিলের দাবি তোলার কথা জানান। তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তে ভোট গ্রহণের সময় দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়ায় নির্বাচনের ফল প্রভাবিত হয়েছে।
তবে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা দ্রুত লুলার বিজয়কে স্বীকৃতি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই শুরুতে এ বিষয়ে নীরব ছিলেন বলে জানিয়েছে রয়টার্স।
সোমবার: পাসপোর্ট জমার নির্দেশ
এদিন ট্রাম্প কোনো প্রমাণ উপস্থাপন না করেই ব্রাজিলের নির্বাচনকে ‘আরেকটি কারচুপিপূর্ণ নির্বাচনের মতো’ বলে মন্তব্য করেন।
তবে বোলসোনারোর ডানপন্থী রাজনৈতিক দল নির্বাচনের ফলাফল মেনে নেয়।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বোলসোনারো জানান, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েসের নির্দেশের পরিপ্রেক্ষিতে ফেডারেল পুলিশ তাঁর পাসপোর্ট জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।
তিনি বলেন, আদালতের নির্দেশ মেনে পাসপোর্ট জমা দেবেন। একই সঙ্গে ব্রাজিল ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন—এমন জল্পনাও নাকচ করেন।
মঙ্গলবার: দেশত্যাগের খবর ও অবস্থান নিয়ে ধোঁয়াশা
ব্রাজিলের স্থানীয় সময় রাত ১টার দিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে জানায়, বোলসোনারো ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হয়েছেন। সীমান্তবর্তী পুয়ের্তো ইগুয়াসু বিমানবন্দরে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সকাল ১১টা ১৫ মিনিটে আর্জেন্টিনার অভিবাসন কর্তৃপক্ষ জানায়, বোলসোনারো দেশটিতে প্রবেশ করেছেন—এমন কোনো তথ্য তাদের কাছে নেই। তাদের কর্মকর্তারা একটি উড়োজাহাজ ও এর ক্রুদের পরীক্ষা করেও বোলসোনারো ও তাঁর পরিবারকে নিয়ে কোনো ফ্লাইটের পরিকল্পনার সন্ধান পাননি বলে জানান।
সকাল ১১টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের এক মুখপাত্র জানান, লুলার নির্বাচনী বিজয়ের বিষয়টি আর্জেন্টিনা অবগত হয়েছে। তবে তাঁকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা নেই। বোলসোনারো আশ্রয় চাইলে তা বিবেচনা করা হবে কি না, সে বিষয়েও মন্তব্য করতে রাজি হননি তিনি।
ব্রাজিলে দুপুর ১২টা বাজলেও বোলসোনারো তখনো তাঁর পাসপোর্ট জমা দেননি। ফলে নির্ধারিত সময়সীমা অতিক্রম হয়ে যায়। তখন তাঁর অবস্থান নিয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। ব্রাজিলের ফেডারেল পুলিশ রয়টার্সকে জানায়, সময়সীমা পার হওয়ায় তাঁর পাসপোর্টগুলো বাতিল করা হয়েছে।
দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সিএনএন ব্রাজিল বোলসোনারোর ঘনিষ্ঠদের উদ্ধৃত করে জানায়, তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।
এর পাঁচ মিনিট পর তাঁর এক মিত্র রয়টার্সকে নিশ্চিত করেন, বোলসোনারো ইতোমধ্যে ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন।
দুপুর আড়াইটার দিকে মার্কিন এক কর্মকর্তাও রয়টার্সকে জানান, বোলসোনারো যুক্তরাষ্ট্রগামী একটি উড়োজাহাজে অবস্থান করছেন।
সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বোলসোনারো ও তাঁর পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং তাঁদের ভিসা মঞ্জুর করা হবে।
এর ২০ মিনিট পর লুলা বোলসোনারোর ব্রাজিল ছেড়ে যাওয়ার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।
বুধবার: মায়ামিতে পৌঁছালেন বোলসোনারো
রাত ১২টা ২২ মিনিটে ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য থেকে দেখা যায়, বাইরেস ফ্লাইয়ের একটি গালফস্ট্রিম জি৪০০ উড়োজাহাজ আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছে।
রাত ১টা ৩০ মিনিটে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বোলসোনারোর আগমনকে তিনি সমর্থন করবেন। একই সঙ্গে ব্রাজিলের নির্বাচনকে ‘খুব অদ্ভুত’ বলে মন্তব্য করেন তিনি।
রাত ২টার দিকে আর্জেন্টিনার অভিবাসন কর্তৃপক্ষ জানায়, বোলসোনারো ও তাঁর পরিবার ২৭ অক্টোবর মঙ্গলবার রাতে বৈধ ভ্রমণ নথি নিয়ে তানক্রেদো নেভিস সেতু পার হয়ে আর্জেন্টিনার মিসিয়োনেস প্রদেশে প্রবেশ করেন।
পরে তাঁরা পুয়ের্তো ইগুয়াসু বিমানবন্দর থেকে বাইরেস ফ্লাইয়ের একটি ব্যক্তিগত উড়োজাহাজে ওঠেন। সেখান থেকে ইকুয়েডরের গুয়াইয়াকিলের উদ্দেশে যাত্রা শুরু করেন।
ভোর ৫টা ৪৬ মিনিটে উড়োজাহাজটি গুয়াইয়াকিলে পৌঁছায়। এরপর সকাল ৬টা ২২ মিনিটে যুক্তরাষ্ট্রের মায়ামির ওপা-লকা এক্সিকিউটিভ বিমানবন্দরের উদ্দেশে সেখান থেকে আবার যাত্রা শুরু করে।
ব্রাজিলের স্থানীয় সময় সকাল ১০টা ৩১ মিনিটে উড়োজাহাজটি মায়ামিতে পৌঁছায়। রয়টার্সের প্রকাশিত ছবিতে বোলসোনারোকে তাঁর স্ত্রী ও দুই কন্যাসহ উড়োজাহাজ থেকে নামতে দেখা যায়।
এভাবেই নির্বাচনে পরাজয়ের পর ফল প্রত্যাখ্যান, পাসপোর্ট জমার নির্দেশ এবং অবস্থান নিয়ে অনিশ্চয়তার তিন দিনের ঘটনাপ্রবাহের অবসান ঘটে যুক্তরাষ্ট্রের মায়ামিতে তাঁর পৌঁছানোর মধ্য দিয়ে।
সূত্র: রয়টার্স, ইনফোবায়ে, সিএনএন ব্রাজিল ও আর্জেন্টিনার অভিবাসন কর্তৃপক্ষ

