অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি তার স্বভাবসিদ্ধ রসিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবুও বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন।
রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ফ্লোরিডার মার-এ-লাগোতে দুই নেতার মধ্যে বৈঠক হয়। সেখানে ট্রাম্প অভিযোগ করেন, কানাডার সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন ও মাদক পাচারের কারণে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আগামী ২০ জানুয়ারি তার সম্ভাব্য অভিষেকের দিন থেকে সব কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদি কানাডা সমস্যাগুলো সমাধানে ব্যর্থ হয়।
প্রধানমন্ত্রী ট্রুডো ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, এমন পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে। ট্রাম্প তখন হাস্যরসের ছলে পাল্টা জবাব দেন, “তাহলে কানাডা আমাদের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হতে পারে।”
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই মন্তব্যে বৈঠকে উপস্থিত কানাডিয়ান প্রতিনিধিরা হেসে ওঠেন। এমনকি বৈঠকের একজন অংশগ্রহণকারী মজা করে বলেন, “যদি এমনটি হয়, তাহলে কানাডা হবে একটি গভীর-নীল রাজ্য (ডেমোক্র্যাট সমর্থিত)। যেখানে শুধু উদারপন্থি ও বামপন্থি নেতারা নির্বাচিত হবেন।”
ট্রাম্পও তখন পাল্টা প্রস্তাব দেন, কানাডাকে দুটি রাজ্যে ভাগ করা হোক- একটি উদারপন্থি এবং অন্যটি রক্ষণশীলদের জন্য। এমনকি তিনি ট্রুডোকে সম্ভাব্য নতুন অঙ্গরাজ্যের গভর্নর হওয়ার প্রস্তাবও দেন।
তিন ঘণ্টার দীর্ঘ এই বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্প তার কঠোর অভিবাসন নীতি ও বাণিজ্যিক অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি আরও জানান, মাদক চোরাচালান ও অবৈধ অভিবাসন রোধে কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা তার রয়েছে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো তিন দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের সময়ে এ চুক্তি বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ী মহলকে হতবাক করেছে। কানাডার মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্রমুখী। এ অবস্থায় শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার হারালে কানাডার অর্থনীতি গভীর সংকটে পড়তে পারে।
ট্রাম্পের এমন মন্তব্য নিছক রসিকতা, না কি তার নীতির কৌশলগত অংশ-তা নিয়ে আলোচনা চলছে। তবে একে সিরিয়াসলি নিলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জটিল আকার ধারণ করতে পারে বলে বিশ্লেষকদের অভিমত।

