দুই বছর আগে ক্ষমতা হারানোর পর থেকেই ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে ডেমোক্র্যাটরা। তাদের অভিযোগ, রিপাবলিকান আইনপ্রণেতারা যুদ্ধ ঘোষণা ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেসিডেন্টকে অতিরিক্ত স্বাধীনতা দিয়েছেন। অথচ মার্কিন সংবিধান অনুযায়ী, এসব ক্ষেত্রে কংগ্রেসেরও গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা রয়েছে।
নির্বাচনে কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারেন ডেমোক্র্যাটরা। এ ক্ষেত্রে চারটি বিষয়ে পরিবর্তনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
ইরান যুদ্ধ পরিচালনায় লাগাম টানার চেষ্টা
ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। তাঁদের দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ প্রেসিডেন্টের থাকা উচিত নয়।
যুদ্ধ বন্ধের দাবিতে ডেমোক্র্যাটরা একাধিকবার প্রস্তাব উত্থাপন করেছেন। এসব উদ্যোগে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও সমর্থন দিয়েছিলেন। তবে ট্রাম্প প্রশাসন পরবর্তী সময়ে এসব প্রস্তাব উপেক্ষা করেছে।
কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা প্রতিরক্ষা খাতের বরাদ্দ কমানোর মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। পাশাপাশি যুদ্ধের পরিকল্পনা, ব্যয় ও সামরিক সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের কংগ্রেসে প্রকাশ্যে জবাবদিহির আওতায় আনার উদ্যোগও নিতে পারে।
এর ফলে ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের স্বাধীনতা সীমিত করার চেষ্টা জোরালো হতে পারে।
ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তার সুযোগ
ইউক্রেনকে সরাসরি সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আগের তুলনায় অনেক বেশি সংযত অবস্থান নিয়েছে। তবে ইউক্রেনকে সহায়তা দেওয়ার পক্ষে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের একাংশের সমর্থন রয়েছে।
সম্প্রতি রাশিয়ার ডিজেলের ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। রুশ জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করার কয়েক সপ্তাহ পরই তিনি এই পদক্ষেপ নেন। এতে রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতাসহ কংগ্রেসের বিভিন্ন সদস্য অসন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচনে উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা ইউক্রেনের জন্য নতুন সামরিক ও আর্থিক সহায়তার প্রস্তাব উত্থাপন এবং সেগুলো নিয়ে ভোট আয়োজনের সুযোগ পাবেন।
এমনকি ট্রাম্প কোনো প্রস্তাবে ভেটো দিলেও কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়া গেলে সেই ভেটো অকার্যকর করার সাংবিধানিক সুযোগ রয়েছে।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে পররাষ্ট্রবিষয়ক কমিটির নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে। নিউইয়র্কের প্রতিনিধি গ্রেগরি মিকস এই কমিটির চেয়ারম্যান হতে পারেন। তিনি ইতোমধ্যে রাশিয়ার ডিজেলকে আবার বৈশ্বিক বাজারে ফিরিয়ে আনার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে দ্বিদলীয় একটি বিল উত্থাপন করেছেন।
ইসরায়েলে সামরিক সহায়তা কমানোর উদ্যোগ
গাজা যুদ্ধের পর ইসরায়েলের প্রতি ডেমোক্র্যাটদের সমর্থনে পরিবর্তন এসেছে। ফিলিস্তিনের বেসামরিক মানুষের প্রাণহানি, অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রিপাবলিকান নেতৃত্বের ঘনিষ্ঠ সম্পর্ক এ ক্ষেত্রে প্রভাব ফেলেছে।
কংগ্রেসে নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা সীমিত কিংবা বন্ধ করার উদ্যোগ নিতে পারেন।
সর্বশেষ অর্থবছরে ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্য যেকোনো দেশের তুলনায় দেশটি সবচেয়ে বেশি মার্কিন সামরিক সহায়তা পেয়েছে।
চলতি বছরের গ্রীষ্মে প্রতিনিধি পরিষদের প্রায় অর্ধেক ডেমোক্র্যাট সদস্য ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। এমনকি আগে এই উদ্যোগের বিরোধিতা করা কয়েকজন আইনপ্রণেতাও এখন ভারী বোমার মতো অস্ত্র সরবরাহ সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছেন।
ফলে কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়লে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতার ধরন ও পরিমাণ নিয়ে নতুন আলোচনা শুরু হতে পারে।
বৈদেশিক সহায়তা আবার চালুর চেষ্টা
ট্রাম্প প্রশাসনের আরেকটি বড় সিদ্ধান্ত ছিল বৈদেশিক সহায়তার অর্থায়নে কাটছাঁট। কংগ্রেসের অনুমোদিত কয়েক বিলিয়ন ডলারের সহায়তা আটকে রাখা বা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এতে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
এ ছাড়া চলতি বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ৬৭ শতাংশ বাড়িয়ে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে ইরান যুদ্ধ নিয়ে কংগ্রেসের সঙ্গে যথাযথ আলোচনা না করা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ধরনের ব্যয় সংকোচনের প্রতিবাদে সিনেটের ডেমোক্র্যাটরা প্রস্তাবটি আটকে দেন।
কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা বাতিল বা স্থগিত করা বৈদেশিক সহায়তা পুনরায় চালুর উদ্যোগ নিতে পারেন। তাঁদের যুক্তি, এসব সহায়তা আন্তর্জাতিক সম্পর্ক, মানবিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে বাড়তে পারে কংগ্রেসের চাপ
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির ওপর নজরদারি ও আইনপ্রণয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা বাড়বে। বিশেষ করে যুদ্ধের ব্যয়, সামরিক সহায়তা এবং বৈদেশিক নীতির অর্থায়ন নিয়ে প্রশাসনকে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক চাপের মুখে পড়তে হতে পারে।
তবে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলেই ডেমোক্র্যাটরা সব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবেন, এমন নিশ্চয়তা নেই। প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা, কংগ্রেসের ভোটের সমীকরণ এবং দুই দলের অভ্যন্তরীণ মতপার্থক্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সব মিলিয়ে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন শুধু কংগ্রেসের আসনসংখ্যা নির্ধারণ করবে না; এর ফল যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি, সামরিক সহযোগিতা ও আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথেও প্রভাব ফেলতে পারে।

