ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোট এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে ঐক্য সরকার গঠনে আগ্রহী হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এক সহযোগী এ তথ্য জানিয়েছেন। সূত্র: কান পাবলিক ব্রডকাস্টার
গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি কোনো পক্ষ। নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৯টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।
আইজেনকোটের জোটের সঙ্গে আরব দলগুলো যুক্ত হলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব। তবে আইজেনকোটের জোটে থাকা অন্য কয়েকটি দলের নেতা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে অনাগ্রহী। ফলে সরকার গঠনের সমীকরণ জটিল হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে আইজেনকোটের সঙ্গে ঐক্য সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন নেতানিয়াহু। রোববার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, সরকার গঠনের বিষয়ে কোনো সমাধান না আসায় নেতানিয়াহু এখন ঐক্য সরকারের কথা ভাবছেন। প্রস্তাবিত এ সরকারের নিশ্চয়তাদাতা হিসেবে থাকবেন ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হারজগ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নেতানিয়াহুর মিত্র বেনি বিটন কানকে বলেন, ‘আমি সরাসরি সূত্রের ভিত্তিতে বলছি: বেনিয়ামিন নেতানিয়াহু ঐক্য চান। আমি নিজের ভাষায় কথাটি বলছি। আমি নিশ্চিত করে বলতে পারি, এটি কোনো কূটকৌশল বা নির্বাচনী কৌশল নয়। নেতানিয়াহু ঐক্য চান।’
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রাজনীতিবিদদের ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে উগ্র ডানপন্থি নেতা বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরকে সরকারে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

