ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় নতুন করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ এবং উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহও রয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
মঙ্গলবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে ও মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদ সংস্থাগুলোও কেশম দ্বীপ ও বান্দর লেঙ্গেহে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কমিয়ে দেখানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে তারা জয়ী হয়েছে। তাঁর দাবি, কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ চলছে না।
তবে মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সীমিত পরিসরে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের একাংশ এসব অভিযানকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, ইরান যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হুমকি সৃষ্টি করতে বা হামলা চালাতে সক্ষম না হয়, সে লক্ষ্যেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তবে দক্ষিণ ইরানে সর্বশেষ হামলায় কী ধরনের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

