বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনসহ সার্বিক পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে নয়াদিল্লির অবস্থানও স্পষ্ট করেছেন জয়সওয়াল। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। সেখানে নানা ঘটনা ঘটছে এবং আমরা সেসব ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।’
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে শুরু হওয়া বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। এদিন সকালে ঢাকার মিরপুর এলাকায় কয়েকটি কারখানা আংশিকভাবে চালু হলে শ্রমিকেরা সড়কে নেমে আসেন। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
সংবাদ সম্মেলনে গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ দুই দেশের নদী ব্যবস্থাপনার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, আন্তসীমান্ত নদী নিয়ে যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম।’
এ ছাড়া ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের নেতৃত্বের জন্য ভারতের পক্ষ থেকে একটি স্থায়ী আমন্ত্রণ রয়েছে।
জয়সওয়াল বলেন, ‘আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি থাকলে তা আপনাদের জানানো হবে।’

