যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে ডেমোক্র্যাটিক পার্টি ১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি জিতেছে চারটি আসনে।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রজুড়ে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশিত সর্বশেষ তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। ২০২৪ সালের সর্বশেষ নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র পাঁচটি আসনের ব্যবধানে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেয়েছিল।
এদিকে আলজাজিরার তথ্য অনুযায়ী, ঘোষিত চূড়ান্ত ফলের বাইরে আরও কয়েকটি আসনে দুই দলের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সর্বশেষ হিসাবে রিপাবলিকান প্রার্থীরা ৪০টি আসনে এবং ডেমোক্র্যাট প্রার্থীরা ৩৫টি আসনে এগিয়ে ছিলেন। ভোট গণনা ও ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এই অবস্থান পরিবর্তিত হতে পারে।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও মঙ্গলবার ভোটগ্রহণ হয়েছে। প্রাথমিক হিসাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা পাঁচটি আসনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থীরা এগিয়ে আছেন দুটি আসনে।
তবে সিনেটের কোনো আসনেই তখন পর্যন্ত চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।
প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা বা অর্জন করা ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফল দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

