যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও ইরানের প্রতি ওয়াশিংটনের শত্রুতামূলক নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তাঁর মতে, মার্কিন রাজনৈতিক ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সম্পর্কের উন্নতির আশা করা বাস্তবসম্মত নয়।
বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার বিষয়ে সতর্ক করে খামেনি বলেন, দল বা রাজনৈতিক গোষ্ঠীর পরিবর্তনের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির আচরণ বদলে যাবে বলে যারা আশা করছেন, তাঁরা ভুল করছেন। একইভাবে যুক্তরাষ্ট্রকে ছাড় দিলে দেশটি ইরানের জনগণের প্রতি শত্রুতামূলক অবস্থান পরিত্যাগ করবে বলে যারা মনে করেন, তাঁরাও গুরুতর ভুল করছেন।
খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের চেয়ে দেশটির দীর্ঘমেয়াদি পররাষ্ট্রনীতি ও ইরানবিষয়ক অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আত্মসমর্পণের চাপের অভিযোগ
ইরানের সর্বোচ্চ নেতা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মূলত ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চায়। ওয়াশিংটনকে কোনো ধরনের ছাড় দেওয়া হলে তা দেশটির আরও আগ্রাসী হয়ে ওঠার সুযোগ তৈরি করবে বলেও সতর্ক করেন তিনি।
খামেনি বলেন, “আধিপত্যবাদী শত্রুর কাছে আত্মসমর্পণের সামান্যতম প্রবণতাও এখন পর্যন্ত অর্জিত বিপুল সাফল্যকে নষ্ট করে দেবে।”
তাঁর বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলেও ইরানের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই। বরং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ছাড় দেওয়ার পরিবর্তে নিজেদের অবস্থান ও অর্জন ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছে তেহরান।

