মাছ ধরার ভারী জাল থেকে সমুদ্রের তলদেশের জীববৈচিত্র্য বাঁচাতে নজিরবিহীন পথ বেছে নিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। ইংল্যান্ডের পূর্ব উপকূলের গভীর সমুদ্রে তারা ফেলেছে ৯টি বিশাল পাথর। উদ্দেশ্য, বটম ট্রলিং নামের মাছ ধরার পদ্ধতিতে বাধা তৈরি করা। সংগঠনটির দাবি, এর ফলে সাউদার্ন নর্থ সি মেরিন প্রটেক্টেড এরিয়ার ১১৬ বর্গকিলোমিটার এলাকা এখন বটম ট্রলিংমুক্ত হয়েছে।
বটম ট্রলিং পদ্ধতিতে সমুদ্রের তলদেশে ভারী জাল ফেলে টেনে নিয়ে মাছ ধরা হয়। এতে পানির নিচের উদ্ভিদ ও বিভিন্ন প্রজাতির প্রাণী ক্ষতিগ্রস্ত হয়। ফলে গভীর সমুদ্রের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। গ্রিনপিসের ভাষ্য, সমুদ্রের তলদেশ সেচে মাছ সংগ্রহের কারণে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। এই পদ্ধতি অনেক মাছের খাদ্যসংকট ডেকে আনে। এ ছাড়া ট্রলিংয়ের শব্দদূষণ ডলফিন বা হাঙরের মতো দেখতে পারপয়েস নামের প্রাণীর শিকার ধরার ক্ষমতাও নষ্ট করে দেয়।
গ্রিনপিস জানায়, তারা বছরের পর বছর রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছে। কিন্তু অগ্রগতি হয়েছে খুব ধীরগতিতে। তাই কোনো অনুমতি ছাড়াই শেষ উপায় হিসেবে তারা সমুদ্রে পাথর ফেলার সিদ্ধান্ত নেয়। প্রতিটি পাথরের ওজন ২ টন। এগুলো সমুদ্রের তলদেশে বসে থাকায় ভারী জাল নিয়ে চলা ট্রলার ওই এলাকায় আটকে যাওয়ার ঝুঁকিতে পড়ে। ফলে ট্রলার চালকদের জন্য ওই অংশে মাছ ধরা কার্যত কঠিন হয়ে ওঠে।
পাথর ফেলার পর গ্রিনপিস সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেগুলোর অবস্থানের তথ্য জানিয়ে দিয়েছে। উদ্দেশ্য ছিল, কর্তৃপক্ষ যেন সমুদ্রের মানচিত্র হালনাগাদ করে অন্য জাহাজগুলোকে সতর্ক করতে পারে। পরে মেরিন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন পাথরগুলোর অবস্থানের বিবরণ প্রকাশ করেছে। এর আগে ২০২২ সালে কর্নওয়াল উপকূলে একইভাবে ১৮টি পাথর ফেলেছিল সংগঠনটি।
এ বিষয়ে যুক্তরাজ্যের পরিবেশ, খাদ্য ও পল্লিবিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সামুদ্রিক পরিবেশ রক্ষায় দেশটিতে কঠোর আইন রয়েছে। সমুদ্রে যাঁরা কাজ করেন, তাঁদের সবাইকে আইন মেনে চলতে হবে এবং সমুদ্র ব্যবহারকারীদের নিরাপত্তার দিকেও খেয়াল রাখতে হবে। তিনি জানান, ইতিমধ্যে ১০০টির বেশি স্থানে ক্ষতিকর মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। সরকার আরও কঠোর বিধিনিষেধ আনার কথাও ভাবছে।
গ্রিনপিসের এই পদক্ষেপ নিয়ে নতুন বিতর্কও তৈরি হতে পারে। একদিকে সংগঠনটি বলছে, সরকারি উদ্যোগ ধীর হওয়ায় সরাসরি পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় ছিল না। অন্যদিকে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সমুদ্রের সব কর্মকাণ্ড আইন মেনেই হওয়া উচিত। সংরক্ষিত সামুদ্রিক এলাকায় কার্যকর সুরক্ষা নিশ্চিত করা এবং বেসরকারি উদ্যোগের সীমা কতটুকু হবে, সেই প্রশ্ন তাই নতুন করে সামনে আসছে।
সূত্র: বিবিসি

