যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ইরানের সামরিক বাহিনী এখন আরও শক্তিশালী বলে দাবি করেছে তেহরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আকরামিনিয়া আজ শনিবার এ দাবি করেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
আকরামিনিয়া বলেন, ইরানের সেনাবাহিনীর মধ্যে এখন আগের চেয়ে বেশি উদ্দীপনা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সর্বোচ্চ নেতার নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীর জবাব হবে তাৎক্ষণিক, কার্যকর এবং ভৌগোলিক সীমার ঊর্ধ্বে।
হরমুজ প্রণালি নিয়ে তিনি বলেন, ওয়াশিংটনের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ থাকবে।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে বলে জানিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষীবাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি।
অন্যদিকে আট মাস ধরে চলা সংঘাতের পর অচলাবস্থা কাটিয়ে নতুন করে যাতে যুদ্ধ শুরু না হয়, সে লক্ষ্যে কাজ করছেন কাতারসহ বিভিন্ন দেশের মধ্যস্থতাকারীরা।
গতকাল শুক্রবার অক্সফোর্ডে দেওয়া বক্তব্যে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুল রহমান আল থানি বলেন, ‘আমরা একটি নিখুঁত সমঝোতার আশায় বসে থাকতে পারি না, কারণ তেমন কিছু কোনোদিন হবে না।’
তিনি বলেন, এখন ইরানের পরমাণু কর্মসূচি এবং পারস্য উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উত্তেজনা কমানোর উপায় খুঁজতে যুক্তরাষ্ট্র আন্তরিক বলে মনে করেন আল থানি।
এর আগে যুদ্ধ অবসানের প্রচেষ্টা নিয়ে আলোচনার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে সংঘাতের সূচনা হয়।

