যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর নিজের অন্যতম প্রধান রাজনৈতিক নীতি নিয়ে সুর নরম করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, তাঁর প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান কিছু ক্ষেত্রে ‘বেশি কঠোর’ হয়ে গিয়েছিল। গণহারে অভিবাসী বিতাড়নের কারণে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার সন্ধ্যায় প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবৈধভাবে সীমান্ত পারাপার নাটকীয়ভাবে বন্ধ করতে পারায় তিনি নিজেকে ‘এ প্লাস’ পাওয়ার যোগ্য মনে করেন। একই সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রেও নিজের প্রশাসনের সাফল্যের দাবি করেন তিনি। তবে গণহারে অভিবাসী বিতাড়নের কারণে কিছু ভালো ও কর্মজীবী মানুষও গ্রেপ্তার হওয়ায় তাঁর প্রশাসন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেন।
ট্রাম্প বলেন, ‘কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ আমরা এমন বহু মানুষকেও ধরেছি যাদের ভালো চাকরি ছিল এবং তাদের একমাত্র অপরাধ বা আইন ভঙ্গের বিষয় ছিল যে তারা অবৈধভাবে দেশে এসেছিল। আমি মনে করি এটি বেশি কঠোর হয়ে গিয়েছিল।’
অভিবাসন নীতিই কি কাল হলো রিপাবলিকানদের?
নির্বাচনের বুথফেরত জরিপে দেখা গেছে, অর্থনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের পর ভোটারদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অভিবাসন। বিশেষ করে টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে কট্টর রক্ষণশীল অঙ্গরাজ্যেও লাতিনো ভোটারদের একটি অংশ ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকেছেন। কংগ্রেসের নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পেছনে এই পরিবর্তন ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।
সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যুটি রিপাবলিকানদের ‘একই সঙ্গে সাহায্য করেছে আবার ক্ষতিও করেছে’।
ডেমোক্র্যাটদের সঙ্গে বসে অভিবাসন নিয়ে কিছু করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা নীতিগত পরিবর্তনের রূপরেখা দেননি প্রেসিডেন্ট।
অথচ ঠিক এক বছর আগে একই অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর প্রশাসনের অভিবাসন অভিযান ‘যথেষ্ট দূর পর্যন্ত এগোতে পারেনি’। ফলে এবার তাঁর বক্তব্যকে আগের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ সরে আসা হিসেবে দেখা হচ্ছে।
হোয়াইট হাউস ও স্বরাষ্ট্র দপ্তরের অবস্থান ভিন্ন
ট্রাম্পের বক্তব্যের বিপরীতে হোয়াইট হাউস ও স্বরাষ্ট্র দপ্তর (ডিএইচএস) এখনো অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলছে।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ‘যেসব অপরাধী অবৈধ অনুপ্রবেশকারী আমাদের সমাজে ত্রাস সৃষ্টি করছে, তাদের গ্রেপ্তার ও বিতাড়নের তৎপরতা বিন্দুমাত্র কমাবে না প্রশাসন।’
একই সুরে ডিএইচএসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কোনোভাবেই পিছু হটছে না বা তাদের গতি কমাচ্ছে না।’
অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর অভিবাসন কৌশল পর্যালোচনার পক্ষে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের ফলাফল নিয়ে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘আমি আইন প্রয়োগ পদ্ধতির পরিবর্তনের বিষয়ে ইতিবাচক- যেমন যারা অবৈধ শ্রমিক নিয়োগ করে সেই সব ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বেশি নজর দেওয়া যেতে পারে।’
কট্টরপন্থি মিলারকে পদোন্নতি, অভিযান কি আরও কঠোর হবে?
ট্রাম্পের বক্তব্যে অভিবাসন নীতি নিয়ে কিছুটা নমনীয়তার ইঙ্গিত মিললেও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের সিদ্ধান্ত ভিন্ন বার্তা দিচ্ছে।
গত শুক্রবার অভিবাসনবিরোধী কট্টরপন্থি হিসেবে পরিচিত দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। তাঁর প্রথম ও দ্বিতীয় মেয়াদের কঠোর অভিবাসন নীতির অন্যতম প্রধান রূপকার হিসেবে পরিচিত মিলার।
এদিকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) সূত্রগুলো সিবিএস নিউজকে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা পূরণ করতে বলা হয়েছিল। এর আগে দৈনিক এই লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার।
চলতি বছর দেশজুড়ে এসব অভিযানের বিরুদ্ধে শিকাগো, মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মিনিয়াপোলিসে অভিবাসন এজেন্টদের গুলিতে রেনি গুড ও অ্যালেক্স প্রেত্তি নামের দুই মার্কিন বিক্ষোভকারী নিহত হন। এসব ঘটনা অভিবাসন অভিযান নিয়ে জনমনে অসন্তোষ আরও বাড়িয়েছে।
ফলে নির্বাচনী পরাজয়ের পর ট্রাম্প অভিবাসন নীতিতে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও প্রশাসনের ভেতরে কঠোর অবস্থান বজায় রাখার প্রবণতা এখনো স্পষ্ট। একদিকে ভোটারদের অসন্তোষ সামাল দেওয়ার চাপ, অন্যদিকে নিজের রাজনৈতিক অঙ্গীকার ধরে রাখার চেষ্টা- এই দুইয়ের মধ্যে ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন, তা এখন দেখার বিষয়।
সূত্র: সিবিএস নিউজ ও বিবিসি

