দিওয়ালি উৎসবের আতশবাজির ধোঁয়ায় ভারতের রাজধানী দিল্লি আবারও বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে। সোমবার সকালে শহরটির বিভিন্ন এলাকায় বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বিশ্বের ১০০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৯৯টিই ভারতে অবস্থিত বলে জানিয়েছে বেসরকারি বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা একিউআই ইন্ডিয়া।
আতশবাজি ব্যবহারে নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ থাকা সত্ত্বেও রোববার সন্ধ্যায় দিল্লির বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বাজি ফোটানো হয়। এতে বাতাসে ধোঁয়া ও ক্ষুদ্র ধূলিকণার পরিমাণ বেড়ে যায়। আগে থেকেই দূষণের উচ্চমাত্রায় থাকা রাজধানীর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) পর্যবেক্ষণে দিল্লির বেশ কয়েকটি এলাকায় বায়ুর গুণমান সূচক (একিউআই) ৪০০ ছাড়িয়ে যায়। অন্যদিকে বেসরকারি কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র শহরের কিছু এলাকায় দূষণের মাত্রা ২ হাজারেরও বেশি রেকর্ড করেছে।
শহরের বিভিন্ন এলাকায় ধূসর ধোঁয়াশার চাদরে ঢেকে যায় রাস্তাঘাট ও উঁচু ভবন। কমে আসে দৃশ্যমানতা। বাতাসে ধোঁয়ার গন্ধের পাশাপাশি মধ্যরাতের পরও আতশবাজির শব্দ শোনা যায়।
পিএম ২.৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সীমার ৫৯ গুণ
সুইস বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে দিল্লির মন্দির মার্গ এলাকায় বাতাসে পিএম ২.৫-এর ঘনত্ব প্রতি ঘনমিটারে ৮৭৯ মাইক্রোগ্রামে পৌঁছায়। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশকৃত দৈনিক সীমার প্রায় ৫৯ গুণ।
পিএম ২.৫ হলো বাতাসে থাকা অতি সূক্ষ্ম ধূলিকণা, যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। দীর্ঘ সময় এসব কণার সংস্পর্শে থাকলে হৃদ্রোগ, ফুসফুসের রোগ এবং ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
একিউআই ইন্ডিয়া রোববার রাতে জানায়, বিশ্বের ১০০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৯৯টিই ভারতে অবস্থিত। এর আগে শনিবার আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহর হিসেবে স্থান পেয়েছিল দিল্লি।

নিষেধাজ্ঞা সত্ত্বেও আতশবাজি, দূষণ কমেনি
দিওয়ালির দূষণ নিয়ন্ত্রণে অক্টোবর মাসে ভারতের সুপ্রিম কোর্ট প্রচলিত আতশবাজির ব্যবহার সীমিত করে। শনি ও রোববার নির্দিষ্ট তিন ঘণ্টার জন্য কিছু শর্তে কেবল অনুমোদিত ‘সবুজ আতশবাজি’ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।
তবে এসব আতশবাজি থেকেও দূষণ সৃষ্টি হয়। এগুলো থেকে বাতাসে ক্ষুদ্র কণা ও অন্যান্য দূষক পদার্থ নির্গত হয়, যা দিল্লির আগে থেকেই দূষিত বাতাসের পরিস্থিতিকে আরও খারাপ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৮টায় আতশবাজি প্রদর্শনের নির্ধারিত সময় শুরু হওয়ার আগেই শহরের বায়ুদূষণের মাত্রা দ্রুত বাড়তে শুরু করেছিল।
শীত, ফসলের অবশিষ্টাংশ ও যানবাহনের ধোঁয়া
দিল্লিতে বায়ুদূষণ প্রতিবছর শীতকালে তীব্র আকার ধারণ করে। ৩ কোটির বেশি মানুষের বসবাসের এই মহানগর এবং এর আশপাশের এলাকায় বিভিন্ন উৎস থেকে দূষণ তৈরি হয়।
দিওয়ালির আতশবাজির পাশাপাশি শীতল আবহাওয়া, যানবাহনের ধোঁয়া, কলকারখানার নির্গমন এবং নির্মাণকাজের ধূলিকণা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এর সঙ্গে যুক্ত হয় প্রতিবেশী পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া। ধান কাটার পর পরবর্তী মৌসুমের জন্য জমি প্রস্তুত করতে কৃষকেরা প্রায়ই জমিতে পড়ে থাকা ধানের খড় ও ডাঁটা পুড়িয়ে ফেলেন। সেই ধোঁয়া বাতাসের সঙ্গে দিল্লি ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
অক্টোবরের শেষভাগ ও নভেম্বর মাসে পরিস্থিতি বিশেষভাবে খারাপ হয়। এ সময় তাপমাত্রা কমে যায়, বাতাসের গতি কম থাকে এবং বায়ুমণ্ডল স্থিতিশীল হয়ে ওঠে। ফলে দূষিত কণাগুলো সহজে ছড়িয়ে পড়তে পারে না। শহরের ওপর দীর্ঘ সময় ধরে ঘন ধোঁয়াশার আস্তরণ তৈরি হয়।
স্কুলে অনলাইন ক্লাস, বাড়ি থেকে কাজের পরামর্শ
দূষণ মোকাবিলায় দিল্লি ও আশপাশের কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে নির্মাণকাজে সীমাবদ্ধতা আরোপ এবং ডিজেলচালিত জেনারেটরের ব্যবহার নিষিদ্ধ করা। আতশবাজির ব্যবহার নিয়ন্ত্রণেও আদালতের নির্দেশনা রয়েছে।
সর্বশেষ পরিস্থিতিতে দিল্লি ও আশপাশের স্কুলগুলোকে অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাসিন্দাদের বাড়ি থেকে কাজ করার জন্য উৎসাহিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লির দৃশ্যমানতা কমে যাওয়ার একটি ভিডিও শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, ‘আক্ষরিক অর্থেই একটি গ্যাস চেম্বার।’
পরিবেশবাদীরা বলছেন, শুধু উৎসবের সময় আতশবাজি নিষিদ্ধ করে দিল্লির দূষণ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো, যানবাহনের নির্গমন নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানার দূষণ কমাতে দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন।
২০২৪ সালে দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় অনুমান করা হয়েছিল, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতে বায়ুদূষণের কারণে প্রায় ৩৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
দিল্লির এবারের পরিস্থিতি আবারও দেখিয়ে দিল, বায়ুদূষণ দেশটির জন্য শুধু মৌসুমি সমস্যা নয়; এটি জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি সংকট।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

