সিএনএন
নেগেভ মরুভূমিতে একটি নির্মাণাধীন স্থাপনা দেখে মার্কিন কূটনীতিকেরা জানতে চেয়েছিলেন, সেখানে কী তৈরি হচ্ছে। জবাবে তাঁদের বলা হয়েছিল, এটি একটি ‘টেক্সটাইল কারখানা’। কিন্তু সেই স্থাপনাই পরে পরিচিত হয়ে ওঠে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্র দিমোনা হিসেবে। প্রায় ৬০ বছর ধরে ইসরায়েল নিজের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে নীরব থেকেছে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার আশঙ্কা এবং ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে সেই দীর্ঘদিনের নীরবতা এখন প্রশ্নের মুখে পড়ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানী প্রতিবেদনে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির ইতিহাস, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতা এবং বিষয়টি আড়াল করার দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার নানা তথ্য তুলে ধরা হয়েছে।
টেক্সটাইল কারখানা থেকে দিমোনার রহস্য
১৯৬০ সালের গোড়ার দিকের ঘটনা। ইসরায়েলি হেলিকপ্টারে করে নেগেভ মরুভূমির ওপর দিয়ে যাচ্ছিলেন একদল মার্কিন কূটনীতিক। তাঁদের চোখে পড়ে ডেড সি বা মৃত সাগরের প্রায় ২০ মাইল পশ্চিমে নির্মাণাধীন একটি বিশাল স্থাপনা।
স্থাপনাটি কী, জানতে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেনের কাছে প্রশ্ন করেন মার্কিন কর্মকর্তাদের একজন। জবাবে কোহেন জানান, সেখানে একটি টেক্সটাইল কারখানা তৈরি হচ্ছে। ওই দলে ইসরায়েলে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিডও ছিলেন।
কিন্তু স্থাপনাটি আসলে ছিল দিমোনা পারমাণবিক কেন্দ্র, যা পরবর্তী সময়ে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি পায়।
ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত একটি গোপন মার্কিন কূটনৈতিক টেলিগ্রামে ওই হেলিকপ্টার ভ্রমণের বিবরণ পাওয়া যায়। নথিতে বলা হয়েছে, কোহেন প্রথমে বিষয়টি হালকাভাবে নিলেও পরে তাঁর কথায় ইঙ্গিত পাওয়া যায়, তিনি বিশ্বাস করতেন রিঅ্যাক্টরটি একসময় অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হতে পারে।

এর কয়েক মাস পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও স্থাপনাটির প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে। পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি ইউরেনিয়াম স্থাপনা থেকে অস্ত্র তৈরির উপযোগী শত শত পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে। কিছু মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও সাম্প্রতিক একটি তথ্যচিত্রের দাবি, এই ইউরেনিয়াম ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহারের জন্য সরিয়ে নেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৬০ বছরের নীরব সমঝোতা
ইসরায়েলি-আমেরিকান ইতিহাসবিদ আভনার কোহেনের মতে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের অবস্থান বিশ্বের অন্যতম বড় ‘ওপেন সিক্রেট’।
এই নীতির মূল কথা হলো, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি ইঙ্গিতের মাধ্যমে স্বীকার করা হলেও কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে না।
এর ফলে যুক্তরাষ্ট্র একদিকে অন্য দেশগুলোর পারমাণবিক অস্ত্র অর্জনের বিরোধিতা করতে পেরেছে, অন্যদিকে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠিন কূটনৈতিক প্রশ্ন এড়িয়ে গেছে।
তবে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে এই নীতি এখন চাপের মুখে। ইরানের পারমাণবিক কর্মসূচি, সৌদি আরবের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক সহযোগিতা চুক্তি নতুন করে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করেছে।
এর পাশাপাশি ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা নিয়েও ওয়াশিংটনে আলোচনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বন্ধ করার সম্ভাবনার কথা বলেছেন।
ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা ও বিভিন্ন অধিকার সংগঠনও দীর্ঘদিন ধরে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের নীরবতার সমালোচনা করে আসছেন।
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র ও গোয়েন্দা কমিটির সদস্য হোয়াকিন ক্যাস্ট্রো বলেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্ট অবস্থান এখন ‘বেপরোয়া ও বিপজ্জনক’ হয়ে উঠেছে।

তাঁর মতে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা কী, তা না জেনে দেশটির সঙ্গে যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। একইভাবে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা হলে বা অস্ত্র মোতায়েন করা হলে যুক্তরাষ্ট্রের জরুরি পরিকল্পনা কী হবে, সেটিও স্পষ্ট থাকা প্রয়োজন।
কীভাবে তৈরি হয়েছিল অস্বীকারের নীতি
বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে গোপনীয়তার নীতির সূচনা স্নায়ুযুদ্ধের সময়। তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়েই আশঙ্কা করছিল, সোভিয়েত ইউনিয়নের সহায়তায় আরব দেশগুলো পারমাণবিক অস্ত্র কর্মসূচি শুরু করতে পারে।
অন্যদিকে প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে ইসরায়েলকে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
১৯৬০-এর দশকে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আরও বাড়ে। ওই সময় প্রভাবশালী মার্কিন নীতিনির্ধারক হেনরি কিসিঞ্জার তেল আবিব সফরে গিয়ে ইসরায়েলের তৎকালীন উপপ্রতিরক্ষামন্ত্রী শিমন পেরেসসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভে সংরক্ষিত একটি গোপনীয়তা প্রত্যাহার করা মার্কিন মেমোতে ওই আলোচনার বিবরণ রয়েছে। এতে বলা হয়, কিসিঞ্জারের দৃঢ় বিশ্বাস ছিল, ইসরায়েল ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিও এই কর্মসূচি ঠেকানোর চেষ্টা করেছিলেন।
কিসিঞ্জারের সঙ্গে আলোচনায় ইসরায়েলি কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয়তার পক্ষে অবস্থান নিয়েছিলেন। মেমোতে উল্লেখ করা হয়, ইসরায়েলি বিজ্ঞানীদের মধ্যেও এ বিষয়ে তেমন কোনো দ্বিধা ছিল না।
তবে ইসরায়েলি কর্মকর্তাদের একটি বিষয় নিয়ে বিশেষ উদ্বেগ ছিল। তাঁরা চাইতেন, ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যে প্রথম পারমাণবিক অস্ত্র এনেছে—এমন ধারণা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত না হয়।
১৯৬৮ সালের নভেম্বরে উন্নত এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিক্রির আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আইজ্যাক রবিন একটি গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেন। তাঁর মতে, কোনো অস্ত্রকে পারমাণবিক অস্ত্র হিসেবে অর্জন করা হয়েছে বলে গণ্য করার আগে সেটি পরীক্ষা করা এবং প্রকাশ্যে ঘোষণা করা প্রয়োজন।

অন্যদিকে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছিলেন, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা প্রকাশ্যে এলে আরব দেশগুলো সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পারমাণবিক অস্ত্র বা নিরাপত্তার নিশ্চয়তা চাইতে পারে।
১৯৬৯ সালের জুলাইয়ে নিক্সন প্রশাসনের কাছে পাঠানো এক মেমোতে কিসিঞ্জার সতর্ক করেছিলেন, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র অর্জনের কারণে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা বেড়ে যেতে পারে।
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র বুঝতে পারে, ইসরায়েলকে প্রকাশ্যে চাপ দিয়ে পারমাণবিক কর্মসূচি বন্ধ করানো কঠিন। আবার কর্মসূচির বিষয়টি প্রকাশ্যে আনলে কংগ্রেস ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন সংকট তৈরি হতে পারে।
ফলে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার না করার নীতিই দুই দেশের জন্য সুবিধাজনক হয়ে ওঠে।
গোল্ডা মেয়ারের সঙ্গে নিক্সনের গোপন বৈঠক
ইতিহাসবিদ আভনার কোহেনের মতে, ১৯৬৯ সালের সেপ্টেম্বরে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের মধ্যে একটি একান্ত বৈঠক হয়। সেখানে তাঁদের সঙ্গে কোনো সহযোগী ছিলেন না।
কোহেন মনে করেন, ওই বৈঠকের পরই দুই দেশের মধ্যে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে মৌলিক সমঝোতা তৈরি হয়েছিল। তবে বৈঠকের কোনো লিখিত নথি পাওয়া যায়নি।
এর পর থেকে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য চাপ কার্যত বন্ধ হয়ে যায়।
কিসিঞ্জারের ১৯৬৯ সালের জুলাইয়ের মেমোতে বলা হয়েছিল, ‘আমরা অন্ততপক্ষে যা চাই তা হলো, ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি যেন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সত্যে পরিণত না হয়।’
মরদেচাই ভানুনুর ফাঁস করা তথ্য
১৯৭০-এর দশকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সরকারি তথ্য ফাঁসের ঘটনায় ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়ে সন্দেহ আরও জোরালো হয়। তবে ১৯৮৬ সালে দিমোনা স্থাপনার সাবেক কর্মী মরদেচাই ভানুনু বিস্তারিত তথ্য ও গোপনে তোলা ছবি প্রকাশ করলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ভানুনু দিমোনা স্থাপনায় রিঅ্যাক্টর টেকনিশিয়ান হিসেবে কাজ করেছিলেন। তিনি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির বিভিন্ন গোপন তথ্য ও ছবি যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকার কাছে তুলে ধরেন।
তবে প্রতিবেদন প্রকাশের আগেই মোসাদের এক নারী এজেন্ট তাঁকে প্রলুব্ধ করে ইতালির রোমে নিয়ে যান। সেখানে তাঁকে অচেতন করে ইসরায়েলি গোয়েন্দারা গোপনে দেশে ফিরিয়ে আনে।
পরে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হন ভানুনু। ইসরায়েলের কারাগারে ১৮ বছর কাটান তিনি, যার বড় একটি অংশ ছিল নির্জন কারাবাসে।

তবু এত তথ্য প্রকাশের পরও ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেনি।
২০১৮ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সরাসরি অস্বীকার না করে আবারও বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের সূচনা করা প্রথম দেশ হবে না।
অন্যদিকে অলাভজনক সংস্থা নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভের হিসাব অনুযায়ী, ইসরায়েলের অস্ত্রভান্ডারে বর্তমানে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে।
ইরান ও সৌদি আরবের কারণে বাড়ছে চাপ
ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতার নীতি এখন কত দিন টিকবে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের এক শুনানিতে বিষয়টি নিয়ে মন্তব্য করেন। আইনপ্রণেতা হোয়াকিন ক্যাস্ট্রোর প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বের বেশির ভাগ দেশই মনে করে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে ইসরায়েল কখনো প্রকাশ্যে তা স্বীকার করেনি, যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা করে না।
অন্যদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বারবার বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সৌদি আরবও একই পথে এগোবে।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বর্তমানে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি মার্কিন কংগ্রেসের পর্যালোচনায় রয়েছে। নির্দিষ্ট শর্ত ও মার্কিন অনুমোদন সাপেক্ষে এই চুক্তি সৌদি আরবকে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দিতে পারে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের সংঘাতের পরও ইরানের কাছে প্রায় ১ হাজার পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর বড় অংশ গত বছরের মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের পারমাণবিক বিশেষজ্ঞ জেমস অ্যাক্টন বলেন, আগামী তিন বছরের মধ্যে ইরানের পারমাণবিক বোমা অর্জনের ৫০-৫০ সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক কৌশলবিদ ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ম্যাথিউ ক্রোয়েনিগের মতে, ইরান পারমাণবিক পরীক্ষা চালালে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নিজেদের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঝুঁকতে পারে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বর্তমান অস্পষ্টতার নীতি বজায় রাখা আরও কঠিন হয়ে পড়বে।
কংগ্রেস সদস্য ক্যাস্ট্রোর মতে, ১৯৫০, ৬০ ও ৭০-এর দশকের ভূরাজনৈতিক বাস্তবতা এখন আর নেই। অথচ সেই সময়ের পারমাণবিক নীতিই এখনো অপরিবর্তিত রয়েছে।
ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীরবতা তাই নতুন করে প্রশ্নের মুখে। মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিযোগিতা বাড়তে থাকলে এই গোপন সমঝোতা শেষ পর্যন্ত টিকবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

