মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ও প্রশংসাসূচক বক্তব্য তুলে ধরতে মাসে ৭৫ হাজার ডলার ব্যয় করেছিল ভারত। মোদি ভারতের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে প্রচারণার ব্যবস্থা করেছিল একটি মার্কিন লবিং প্রতিষ্ঠান।
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত দ্য ওয়ারের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের বিদেশি এজেন্ট নিবন্ধন আইন (ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট- ফ্যারা) অনুযায়ী জমা দেওয়া নথি পর্যালোচনা করে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং প্রতিষ্ঠানটিকে মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফিতে নিয়োগ করেছিল ভারত। ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর এই চুক্তি করা হয়।
ট্রাম্পের ঘনিষ্ঠদের লবিং ফার্মে ভারতের অর্থ
মারকারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটির মূল দলের সদস্যদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা। এ ছাড়া ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
দ্য ওয়ারের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের একটি পোস্ট প্রকাশের ব্যবস্থাও করেছিল প্রতিষ্ঠানটি। ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
অর্থাৎ, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ভারতীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভাবমূর্তি তুলে ধরতে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের লবিস্টদের কাজে লাগিয়েছিল নয়াদিল্লি।
আরেক প্রতিষ্ঠানের সঙ্গে দেড় লাখ ডলারের চুক্তি
ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি প্রতিষ্ঠানকেও নিয়োগ করেছিল ভারত সরকার। মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি হয়েছিল।
ফ্যারা আইনের আওতায় জমা দেওয়া নথি অনুযায়ী, মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল প্রতিষ্ঠানটি। নথিতে এসব কার্যক্রমকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আলোচনার বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের প্রতিষ্ঠানের সঙ্গে প্রথম চুক্তি করে। পরে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর ২৩ জুন মিলারের সঙ্গে চুক্তিটির অবসান ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সরকারের বিভিন্ন বিভাগ, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও থিঙ্কট্যাঙ্কের সঙ্গে যোগাযোগ এবং নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়ার দায়িত্ব ছিল প্রতিষ্ঠানটির।
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগে তৎপরতা
ফ্যারা নথিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের প্রতিষ্ঠান ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জিন ল্যাঞ্জের যোগাযোগের ব্যবস্থা করে।
রুবিওর সফরের পর জুনে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, বিদেশি সরকারের হয়ে রাজনৈতিক বা লবিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিয়মিতভাবে নিজেদের কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য জমা দিতে হয়। দ্য ওয়ার এসব নথি পর্যালোচনা করেই ভারত সরকারের লবিং কার্যক্রম ও ব্যয়ের তথ্য প্রকাশ করেছে।
সূত্র: দ্য ওয়ার

