আল-জাজিরা
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান সংঘাতের অবসানের শর্ত নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য দূর করার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যেই সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
বার্তা সংস্থা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও শেখ মোহাম্মদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। কাতারের প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ মোহাম্মদ দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে আসছেন।
এদিকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আবারও পূর্ণমাত্রার সামরিক হামলা শুরু করতে পারে বলে ট্রাম্পের বক্তব্যের পর কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেহরান।
বৈঠকের আগে কূটনৈতিক প্রচেষ্টা কোন পর্যায়ে রয়েছে, তা একনজরে দেখে নেওয়া যাক।
ইরানের সর্বশেষ অবস্থান কী?
বৃহস্পতিবার কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি পারমাণবিক ও শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। তবে তেহরানের দাবি, ওয়াশিংটনকে প্রথমে তাদের সাতটি দাবি মেনে নিতে হবে। এরপরই কেবল নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে।
ট্রাম্প প্রশাসন কয়েকটি মৌলিক শর্ত মেনে না নেওয়া পর্যন্ত নিজেদের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় বসতে রাজি নয় ইরান। যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এসব শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে তেহরান।
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৪৪০ দশমিক ৯ কেজি (৯৭২ পাউন্ড) ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। অস্ত্র তৈরির উপযোগী ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে পৌঁছাতে এর পরবর্তী ধাপটি তুলনামূলকভাবে ছোট।
২০১৮ সালে ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ওই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চ সীমা ৩ দশমিক ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।
রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে তেহরান ‘নরক নামিয়ে আনবে’।
গত মাসে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানিয়েছিলেন, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে সমন্বয় করে ইরানের দুই দিনের প্রস্তাবটি তৈরি করা হয়েছে। এর ভিত্তি ছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ঘোষিত সাত দিনের রূপরেখা।
তিনি বলেন, “প্রথম দিনে যুক্তরাষ্ট্র একগুচ্ছ পদক্ষেপ বাস্তবায়ন করবে। দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে এবং নৌযান চলাচল আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।”
তেহরানের দাবিগুলোর মধ্যে রয়েছে—
- পাকিস্তানের ইসলামাবাদে জুন মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেগুলো প্রত্যাহার করতে হবে।
- মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমাতে হবে।
- সমঝোতা স্মারকের অংশ হিসেবে জুনে দেওয়া তেল রপ্তানির ছাড় পুনর্বহাল করতে হবে।
- কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দ করা অর্থ ছাড় করতে হবে।
- বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের যৌথভাবে নির্ধারিত নতুন নৌপথকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে এবং অন্য সব নৌপথ বন্ধ করতে হবে।
- ইসরায়েলের লেবাননে হামলাসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে।
গত সপ্তাহে ৪৮ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যের ১২টি দেশের সমপর্যায়ের কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন আরাগচি। এসব আলোচনায় তিনি মধ্যপ্রাচ্যের বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপমুক্ত একটি আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই শনিবার ট্রাম্পকে নতুন করে হামলা চালানোর বিষয়ে সতর্ক করে বলেন, “যুদ্ধ শুরু করুন, আর আপনাকে বিধ্বংসী জবাবের মুখোমুখি হতে হবে।”
ট্রাম্প ও রুবিও কী বলছেন?
রোববার ট্রাম্প সতর্ক করে বলেছেন, সামরিক অভিযান আবার শুরু হলে হামলার জন্য ইরানের আরও কিছু লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে ওয়াশিংটন। তবে আলোচনার মাধ্যমে শক্তিশালী কোনো চুক্তিতে পৌঁছানো গেলে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা ‘খুবই কম’।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জানিয়েছেন, মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র একটি সমাধানের পথে এগোতে পদক্ষেপ নেওয়ার আগ্রহ ও সদিচ্ছা দেখিয়েছে।
এর আগে শুক্রবার ট্রাম্প নিশ্চিত করেন, হোয়াইট হাউস ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় তাদের দল ‘অনেক অগ্রগতি’ অর্জন করেছে।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
রোববার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধটি জনপ্রিয় না হলেও ট্রাম্প ইরানের একটি ‘বাস্তব হুমকি চিহ্নিত করেছেন’ এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থেকে বিরত রাখতে কাজ করেছেন।
রুবিও আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট কূটনৈতিক সমাধান চান ঠিকই, কিন্তু ইরানের দাবিগুলো ‘শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু ক্ষেত্রে অত্যন্ত অযৌক্তিক, হাস্যকর এবং বাস্তবতাবিবর্জিত’।
তিনি বলেন, “আমি বলব না যে আমরা কোনো বড় অগ্রগতির দ্বারপ্রান্তে রয়েছি।”
যুদ্ধ কোন দিকে এগোচ্ছে?
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আবারও হামলা শুরু করার জন্য ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে সেন্টকম। এখন শুধু ওয়াশিংটনের নির্দেশের অপেক্ষা।
বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের বাকি অংশ ‘ধ্বংস’ করতে যুক্তরাষ্ট্রকে বাধ্য হতে হতে পারে। তিনি আরও বলেন, এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত কী হতে যাচ্ছে, তা ‘শিগগিরই সবাই জানতে পারবে’।
ট্রাম্প সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে। সেগুলো ‘সম্পূর্ণ প্রস্তুত ও যেকোনো মুহূর্তে হামলা চালানোর জন্য প্রস্তুত’। প্রয়োজন হলে এসব রণতরি থেকে আবারও হামলা চালানো হবে।
তিনি আরও জানান, সামরিক অভিযান শুরু হলে হামলার জন্য অবকাঠামোগত লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৩৮টি সেতুও রয়েছে।
এদিকে গত এক সপ্তাহে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত দুবার সীমিত আকারে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
শনিবার একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ইরানের বন্দরগুলোতে তাদের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল।
রুবিও জানিয়েছেন, প্রয়োজন হলে ওয়াশিংটন ‘প্রতিরক্ষামূলক’ পদক্ষেপ নেবে। তিনি বলেন, “জাহাজ চলাচল বা এ অঞ্চলে আমাদের বাহিনীর জন্য যদি স্পষ্ট ও আসন্ন কোনো হুমকি তৈরি হয়, তাহলে নিজেদের রক্ষা করার অধিকার আমাদের রয়েছে।”
অন্যদিকে রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে। তাদের বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তারই প্রতিধ্বনি শোনা গেছে। বাহিনীটি জানিয়েছে, আগামী কয়েক বছরের জন্য প্রয়োজনীয় অস্ত্রের মজুত নিশ্চিত করা হয়েছে।
আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, “সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষ কোনো ভুল করলে ইরানের জবাব হবে বিধ্বংসী ও কঠোর।”

