তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। নতুন বয়লার স্থানান্তরের সময় ক্রেন ভেঙে পড়ার পর এর সঙ্গে থাকা সরঞ্জাম চুল্লিতে গিয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক কারখানায় বিস্ফোরণটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হতাহত ব্যক্তিরা সবাই ওই কারখানার শ্রমিক। হাবাস ডেমির সেলিক তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কারখানায় নতুন একটি বয়লার সরানোর কাজ চলছিল। এ জন্য ব্যবহার করা হচ্ছিল একটি বড় ক্রেন। কাজের একপর্যায়ে ক্রেনটি ভেঙে পড়ে। এতে এর সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লির মধ্যে পড়ে যায়। এরপরই ঘটে শক্তিশালী বিস্ফোরণ।
দুর্ঘটনার পর কারখানার ভেতরে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে আগুনের শিখা এবং আকাশজুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকাও কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীদের একজন প্রথমে ঘটনাটিকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিহতের সংখ্যা ১৬ বলে জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু জানান, গুরুতর আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৭ হয়েছে।
এরদোয়ান মন্ত্রিসভার বৈঠক শেষে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কারখানাটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তাদের একটি বৈদ্যুতিক আর্ক চুল্লিতে নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।
এদিকে স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনা তুরস্কের দীর্ঘদিনের একটি গুরুতর সমস্যা। দেশটির শিল্পকারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই প্রাণঘাতী ঘটনা।

