কানাডায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। পরীক্ষামূলক কর্মসূচি থেকে স্থায়ী রূপ পাচ্ছে দেশটির গ্রামীণ ও ছোট শহরভিত্তিক অভিবাসন উদ্যোগ রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রাম (আরসিআইপি)। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই কর্মসূচি কার্যকর হবে। গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে দক্ষ বিদেশি কর্মী আনা এবং স্থানীয় শ্রমবাজারের চাহিদা মেটানোই কানাডা সরকারের লক্ষ্য।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, নতুন কর্মসূচির আওতায় ছোট শহর ও গ্রামীণ এলাকার নিয়োগকর্তারা প্রয়োজনীয় দক্ষ কর্মী নিতে পারবেন। অন্যদিকে যোগ্য বিদেশি কর্মীরা ওই সব এলাকায় চাকরি পেলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
শুরুতে আগের পাইলট প্রকল্পে অংশ নেওয়া ১৪টি কমিউনিটিকে নতুন কর্মসূচির আওতায় রাখা হয়েছে। এর মধ্যে আছে আলবার্টার ক্লেয়ারশোলম এবং ব্রিটিশ কলাম্বিয়ার ওয়েস্ট কুটেনি, নর্থ ওকানাগান-শুসওয়াপ ও পিস লিয়াড। এ ছাড়া অন্টারিও, ম্যানিটোবা, সাসকাচুয়ান ও নোভা স্কশিয়ার কয়েকটি ছোট শহরও তালিকায় রয়েছে।
আবেদন করতে হলে প্রথমে তালিকাভুক্ত কোনো কমিউনিটির অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে বৈধ চাকরির প্রস্তাব পেতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কমিউনিটির সুপারিশপত্র সংগ্রহ করতে হবে। যেকোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব এখানে গ্রহণযোগ্য নয়। নিয়োগকর্তাকে কমিউনিটির অনুমোদিত হতে হবে, আর চাকরিটিও স্থানীয় অগ্রাধিকারপ্রাপ্ত পেশা বা খাতের মধ্যে পড়তে হবে।
অভিজ্ঞতার ক্ষেত্রে আবেদনকারীর গত তিন বছরের মধ্যে সংশ্লিষ্ট পেশায় অন্তত এক বছরের, অর্থাৎ ১ হাজার ৫৬০ ঘণ্টার বেতনভুক্ত কাজের অভিজ্ঞতা লাগবে। এ ছাড়া ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা এবং কানাডায় বসবাসের মতো আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।
ভাষাগত দক্ষতার মান পেশার ধরনভেদে আলাদা। ব্যবস্থাপনা ও উচ্চ দক্ষতার চাকরির (টিইইআর ০ ও ১) জন্য সিএলবি ৬, টিইইআর ২ ও ৩-এর জন্য সিএলবি ৫ এবং টিইইআর ৪ ও ৫-এর জন্য সিএলবি ৪ পর্যায়ের দক্ষতা প্রয়োজন। বিদেশি শিক্ষাগত সনদের ক্ষেত্রে সমমান নির্ধারণের প্রতিবেদন (ইসিএ) লাগতে পারে। তবে কানাডায় বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা আবেদনকারীরা আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার শর্তে ছাড় পাবেন।
প্রক্রিয়াটি কয়েক ধাপের। প্রথমে ১৪টি কমিউনিটির মধ্যে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে মেলে, এমন চাকরি খুঁজতে হবে। এরপর অনুমোদিত নিয়োগকর্তার কাছ থেকে প্রস্তাব নিতে হবে। নিয়োগকর্তা কমিউনিটির কাছে আবেদনকারীর সুপারিশ চাইবেন। কমিউনিটির অনুমোদন মিললে আবেদনকারী আইআরসিসির কাছে স্থায়ী বসবাসের আবেদন জমা দিতে পারবেন।
কানাডার ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন এই কর্মসূচির আওতায় ২০২৭ সালে ৫ হাজার ৫০০ জনকে স্থায়ী বাসিন্দা হিসেবে নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। বড় শহরের বাইরে ছোট শহর ও প্রত্যন্ত এলাকায় দক্ষ কর্মীদের বসতি গড়া এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করাই এর উদ্দেশ্য।
আইআরসিসির তথ্য অনুযায়ী, আগের রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট (আরএনআইপি) কর্মসূচির মাধ্যমে ১২ হাজার ৫০০-এর বেশি আবেদনকারী ও তাঁদের পরিবারের সদস্য কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পেয়েছেন। বর্তমান আরসিআইপি পাইলটে ১ হাজার ৯৫০-এর বেশি নিয়োগকর্তা অনুমোদন পেয়েছেন। চাকরির প্রস্তাব ও কমিউনিটি সুপারিশ দেওয়া হয়েছে ৪ হাজার ৭০০-এর বেশি।
বর্তমান পাইলট কর্মসূচি শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। তবে এর আওতায় আগে জমা পড়া স্থায়ী বসবাসের আবেদনের প্রক্রিয়াকরণ চলবে। যাঁদের কমিউনিটি সুপারিশপত্র নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু হয়েছে, তাঁদের সেই পত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী বসবাসের আবেদন করতে হবে।
কর্মসূচিটি স্থায়ী হওয়ায় গ্রামীণ এলাকার কর্মীসংকট মোকাবিলায় কানাডার দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত মিলছে। পাশাপাশি বড় শহরের ভিড় এড়িয়ে নতুন জীবন শুরু করতে চাওয়া অভিবাসীদের সামনে বিকল্প পথও তৈরি হচ্ছে। তবে যেহেতু চাকরির প্রস্তাব ও কমিউনিটির সুপারিশ বাধ্যতামূলক, তাই আগ্রহীদের আবেদনের আগে অনুমোদিত নিয়োগকর্তা, চাকরির তালিকা ও অভিবাসনের শর্তগুলো ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

