দীর্ঘ কয়েক দশক ধরে উপসাগরীয় দেশগুলো বিশ্ববাজারে তেল ও গ্যাস বিক্রি করে আসছে। এখন এসব দেশের সরকার নতুন আরেকটি জ্বালানি পণ্য বিশ্ববাজারে সরবরাহ করতে চায়- স্বল্প-কার্বন হাইড্রোজেন। সম্ভাবনাটি বেশ আকর্ষণীয়। এ অঞ্চলে প্রচুর সূর্যালোক, বিপুল আর্থিক সক্ষমতা এবং বড় পরিসরে জ্বালানি প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞ কোম্পানি রয়েছে। কিন্তু ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ সামনে নিয়ে এসেছে একটি অস্বস্তিকর প্রশ্ন। প্রতিযোগিতামূলক দামে পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন করেও লাভ কী, যদি জাহাজ নিরাপদে চলাচল করতে না পারে, বিনিয়োগকারীরা দ্বিধায় পড়ে এবং ক্রেতারা পণ্য সময়মতো পৌঁছানো নিয়ে উদ্বিগ্ন থাকে?
এই সংঘাত উপসাগরীয় অঞ্চলের হাইড্রোজেন পরিকল্পনার গুরুত্ব কমিয়ে দেয়নি। বরং এটি দেখিয়ে দিয়েছে, যে জ্বালানি ব্যবস্থাকে রূপান্তর করার লক্ষ্য নিয়ে এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেগুলো এখনো সেই ব্যবস্থার নিরাপত্তার ওপর কতটা নির্ভরশীল।
সম্ভাবনাময় ব্যবসা, তবে রয়েছে কিছু শর্ত
উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসিভুক্ত দেশগুলোর বেশ কিছু বাস্তব সুবিধা রয়েছে। সৌরবিদ্যুতের উৎপাদন খরচ ক্রমেই কমছে এবং আরব উপদ্বীপের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সূর্যালোকের প্রাচুর্য রয়েছে। ফলে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে পানিকে বিভক্ত করার মাধ্যমে উৎপাদিত গ্রিন হাইড্রোজেনের বড় সম্ভাবনা তৈরি হয়েছে।
এ অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতও রয়েছে। কার্বন নিঃসরণের উল্লেখযোগ্য অংশ ধরে রাখা এবং মিথেন গ্যাসের লিকেজ নিয়ন্ত্রণ করা গেলে এসব গ্যাস ব্যবহার করে ব্লু হাইড্রোজেন উৎপাদন করা সম্ভব। তবে কোনো পদ্ধতিই স্বয়ংক্রিয়ভাবে সস্তা বা পরিবেশবান্ধব নয়। ইলেকট্রোলাইজার, পানি লবণমুক্তকরণ, সংরক্ষণ ও পরিবহনে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। একইভাবে, কার্বন ধারণ প্রযুক্তিকেও প্রতিশ্রুতি অনুযায়ী কার্যকর হতে হবে। তারপরও এত বড় পরিসরে উভয় ধরনের হাইড্রোজেন উৎপাদনের সুযোগ খুব কম অঞ্চলেরই রয়েছে।
নতুন জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর তুলনায় উপসাগরীয় অঞ্চলের আরেকটি বড় সুবিধা হলো, এ খাতে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এ অঞ্চলের বন্দর, শিল্পাঞ্চল, প্রকৌশল প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানিগুলো আগে থেকেই আন্তর্জাতিক বাজারে কাজ করছে। হাইড্রোজেন রপ্তানির সম্ভাব্য বাহক অ্যামোনিয়া উৎপাদন ও ব্যবহারের অভিজ্ঞতাও আঞ্চলিক রাসায়নিক শিল্পের কিছু অংশের রয়েছে।
রাষ্ট্রীয় সম্পদ তহবিলগুলো এমন প্রকল্পের বিপুল ব্যয় বহনে সহায়তা করতে পারে, যেগুলো থেকে মুনাফা আসতে কয়েক বছর লেগে যায়। তবে এর অর্থ এই নয় যে, একটি এলএনজি টার্মিনালকে সহজেই হাইড্রোজেন টার্মিনালে রূপান্তর করা যাবে। এর জন্য নতুন যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন। তবু উপসাগরীয় দেশগুলোকে একেবারে শূন্য থেকে শুরু করতে হচ্ছে না।
এই উদ্যোগের পেছনে আরও বড় একটি অর্থনৈতিক লক্ষ্য রয়েছে। উপসাগরীয় দেশগুলোর সরকার অপরিশোধিত তেলের বাইরে নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে চায়। হাইড্রোজেন শুধু ইউরোপ বা এশিয়াগামী জাহাজে রপ্তানির জন্য নয়; বরং স্থানীয়ভাবে ইস্পাত, সার ও রাসায়নিক শিল্পেও ব্যবহার করা যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে বৃহত্তর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ হাইড্রোজেন উৎপাদিত হতে পারে। তবে পূর্বাভাস আর ক্রয়াদেশ এক বিষয় নয়। ভবিষ্যৎ বাজার নির্ভর করবে ক্রেতারা কম কার্বন নিঃসরণের জন্য বাড়তি দাম দিতে রাজি কি না এবং উৎপাদকরা যৌক্তিক দামে সরবরাহ করতে পারে কি না, তার ওপর।
বড় প্রকল্প, ভিন্ন ভিন্ন অগ্রাধিকার
সৌদি আরব তাদের সবচেয়ে দৃশ্যমান উদ্যোগ হিসেবে নিয়েছে এনইওএম গ্রিন হাইড্রোজেন প্রকল্প। নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করে সেখানে হাইড্রোজেন উৎপাদন করা হবে, যা পরে অ্যামোনিয়ায় রূপান্তর করে রপ্তানি করা হবে। দেশটি গ্যাস শিল্প ও কার্বন ধারণ পরিকল্পনার মাধ্যমে ব্লু হাইড্রোজেন উৎপাদনের সম্ভাবনাও খতিয়ে দেখছে।
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জাতীয় কৌশলের আওতায় একাধিক উৎপাদন পদ্ধতি নিয়ে এগোচ্ছে। ২০৩১ সালের মধ্যে বছরে প্রায় ১৪ লাখ টন স্বল্প-কার্বন হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। তাদের পরিকল্পনা অনুযায়ী, রুয়াইসের মতো শিল্পকেন্দ্রগুলো উৎপাদনকে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যুক্ত করবে।
অন্যদিকে, ওমান গ্রিন হাইড্রোজেন উৎপাদনের দিকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দিয়েছে। দেশটির প্রতিষ্ঠান হাইড্রোমের মাধ্যমে বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে জমি বরাদ্দ করা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে বছরে ১০ লাখ থেকে ১৫ লাখ টন হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য রয়েছে।
ভৌগোলিক অবস্থানও ওমানকে বাড়তি সুবিধা দিয়েছে। দুকম বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রম করতে হয় না।
এদিকে, কাতার তাদের গ্যাস খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্লু অ্যামোনিয়া উৎপাদনের দিকে এগোচ্ছে। অর্থাৎ, জিসিসিভুক্ত দেশগুলোর জন্য হাইড্রোজেন উৎপাদনের কোনো একক মডেল নেই। প্রতিটি দেশ নিজেদের বিদ্যমান সম্পদ ও অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এ খাত গড়ে তুলতে চাইছে।
তবে উপসাগরীয় দেশগুলো একই গতিতে এগোচ্ছে না। ইউরোপ ও এশিয়ার অনেক একই ক্রেতার কাছে পণ্য বিক্রির জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, যদিও আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার কথা সবাই বলছে। এই প্রতিযোগিতা বিনিয়োগ বাড়াতে পারে। আবার এর ফলে এমন উৎপাদন সক্ষমতা তৈরি হতে পারে, যার তুলনায় বাজারে ক্রেতার চাহিদা অনেক কম।
আমদানিকারক দেশগুলোও এখনো সিদ্ধান্ত নিতে পারেনি, তারা সরাসরি হাইড্রোজেন কিনবে, শিল্পকারখানায় ব্যবহারের জন্য অ্যামোনিয়া আমদানি করবে, নাকি পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে উৎপাদিত ইস্পাতের মতো পণ্য কিনবে। এ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিলে রপ্তানিকারক দেশগুলোকে ব্যয়বহুল অবকাঠামো তৈরি করেও পর্যাপ্ত ক্রেতা না পাওয়ার ঝুঁকিতে পড়তে হবে।
পরিণত বিশ্ববাজারে তেল বিক্রিতে অভ্যস্ত সরকারগুলোর জন্য এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্যবসা। তারা যে বাজারে প্রবেশ করতে চাইছে, সেটি এখনো গড়ে উঠছে এবং সেখানে পণ্যের দামও অনিশ্চিত।
এত সব ঘোষণা সত্ত্বেও সবচেয়ে কঠিন কাজটি কখনোই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল না; বরং ক্রেতা খুঁজে পাওয়া। হাইড্রোজেন উৎপাদন, পরিবহন ও ব্যবহারে এখনো অনেক বেশি ব্যয় হয়। সম্ভাব্য আমদানিকারকরাও নতুন প্রকল্পের ব্যয় বহন করতে পারে- এমন দামে দীর্ঘমেয়াদি চুক্তি করতে সতর্কতা দেখাচ্ছে।
উৎপাদকদের বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি, বিশেষায়িত যন্ত্রপাতি এবং নিঃসরণ পরিমাপের সুস্পষ্ট নীতিমালাও প্রয়োজন। যুদ্ধের আগেই এসব সমস্যা ছিল। এ কারণেই কিছু প্রকল্প নির্মাণপর্যায়ে এগোলেও অন্যগুলো এখনো কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।
যুদ্ধ বদলে দিচ্ছে হিসাব-নিকাশ
ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত একটি দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। উপসাগরীয় অঞ্চল থেকে হাইড্রোজেন রপ্তানি অনেকাংশেই সামুদ্রিক নিরাপত্তার ওপর নির্ভর করবে।
হরমুজ প্রণালিকে ঘিরে হুমকি জাহাজের বিমা ব্যয় বাড়াতে পারে, পরিবহনের সময়সূচি জটিল করে তুলতে পারে এবং ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করতে পারে। সাধারণ ট্যাংকারে গ্যাস আকারে হাইড্রোজেন পরিবহনই যে প্রধান পদ্ধতি হবে, তা নয়। এর বড় অংশ অ্যামোনিয়া বা অন্যান্য যৌগে রূপান্তর করে এমন জাহাজের মাধ্যমে পরিবহন করা হবে, যেগুলো আঞ্চলিক উত্তেজনার ঝুঁকির মুখে থাকবে।
কোনো উৎপাদক কারখানা থেকে প্রতিযোগিতামূলক দামে হাইড্রোজেন সরবরাহের প্রস্তাব দিতে পারে। কিন্তু তারপরও নির্ভরযোগ্যভাবে পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেওয়া তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।
যুদ্ধের প্রভাব উপসাগরীয় অঞ্চলে আসা পণ্যের ওপরও পড়ছে। উৎপাদন প্রকল্পের জন্য ইলেকট্রোলাইজার, টারবাইন, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন বিশেষায়িত যন্ত্রাংশ আমদানি করতে হয়। সরবরাহব্যবস্থায় বিঘ্ন নির্মাণকাজে বিলম্ব ঘটাতে পারে এবং ব্যয় বাড়িয়ে দিতে পারে।
বিনিয়োগকারীরাও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এসব প্রকল্পে শুরুতেই বিপুল অর্থ বিনিয়োগ করতে হয়, অথচ মুনাফা আসতে কয়েক দশক পর্যন্ত সময় লাগতে পারে। ঋণদাতারা যদি ঝুঁকির কারণে বেশি সুদ বা অতিরিক্ত মুনাফা দাবি করেন, তাহলে সস্তা সৌরবিদ্যুতের সুবিধাও ব্যয়বহুল অর্থায়নের চাপ সামাল দিতে পারবে না। এমনকি হরমুজ প্রণালির বাইরে অবস্থিত প্রকল্পগুলোও বৃহত্তর আঞ্চলিক সংঘাতের প্রভাব থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবে না।
তবে এর একটি সম্ভাব্য ইতিবাচক দিকও রয়েছে, যদিও সেটিকে অতিরঞ্জিত করা উচিত নয়। তেল ও গ্যাসের দাম বৃদ্ধি বিকল্প জ্বালানিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। সরবরাহব্যবস্থায় বিঘ্নের আশঙ্কায় আমদানিকারক দেশগুলো জ্বালানির উৎস আরও বৈচিত্র্যময় করতে চাইতে পারে। এতে স্বল্প-কার্বন হাইড্রোজেনের প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু আগ্রহ আর স্বাক্ষরিত চুক্তি এক বিষয় নয়। উপসাগরীয় অঞ্চল থেকে হাইড্রোজেন সরবরাহ যদি বিদ্যমান তেল ও গ্যাস বাণিজ্যের মতো একই সংঘাতের ঝুঁকিতে পড়ে, তাহলে ক্রেতারা অন্য উৎসের দিকে ঝুঁকতে পারে অথবা সিদ্ধান্ত নিতে বিলম্ব করতে পারে।
অর্থাৎ, যুদ্ধ জ্বালানি সরবরাহের উৎস বৈচিত্র্যময় করার যুক্তিকে শক্তিশালী করছে, একই সঙ্গে উপসাগরীয় হাইড্রোজেন প্রকল্পের অর্থায়ন ও বাজারজাতকরণকে কঠিন করে তুলছে।
উচ্চাকাঙ্ক্ষাকে বাস্তবসম্মত করতে যা প্রয়োজন
জিসিসিভুক্ত দেশগুলো ভূরাজনৈতিক ঝুঁকি পুরোপুরি দূর করতে পারবে না। তবে ঝুঁকির প্রভাব কমাতে পারে। হরমুজ প্রণালির বাইরে অবস্থিত রপ্তানি অবকাঠামো, যেমন দুকম বন্দর এবং সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলো বিকল্প সুযোগ তৈরি করতে পারে।
স্থানীয়ভাবে যন্ত্রপাতি উৎপাদনের সক্ষমতা বাড়ালে আমদানিনির্ভরতা কমানো সম্ভব। পাশাপাশি সার, তেল পরিশোধন ও ইস্পাত শিল্পে অভ্যন্তরীণ চাহিদা তৈরি করতে পারলে বিদেশি বাজারে অস্থিরতা দেখা দিলেও উৎপাদকদের জন্য ক্রেতা পাওয়া সহজ হবে।
এসব উদ্যোগ ব্যয় নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দূর করবে না। তবে হাইড্রোজেন শিল্পকে একটি নির্দিষ্ট নৌপথ বা সীমিতসংখ্যক ক্রেতার ওপর নির্ভরশীলতা থেকে কিছুটা মুক্ত করবে।
সরকারগুলোর প্রকল্প নির্বাচনের ক্ষেত্রেও আরও সতর্ক হওয়া প্রয়োজন। যেসব প্রকল্পের ব্যয় বাস্তবসম্মত, কার্বন নিঃসরণের হিসাব বিশ্বাসযোগ্য এবং ক্রেতাদের সঙ্গে চুক্তি নিশ্চিত, সেগুলোকে অগ্রাধিকার দিতে হবে। শুধু বিপুল উৎপাদন সক্ষমতার ঘোষণা দিয়ে প্রকল্পের সাফল্য নিশ্চিত করা যাবে না।
আন্তর্জাতিক মানদণ্ডও গুরুত্বপূর্ণ। কারণ, ক্রেতাদের নিশ্চিত হতে হবে যে তারা আসলে কী ধরনের পণ্য কিনছে। অর্থায়ন ব্যবস্থায় সম্ভাব্য সরবরাহ বিঘ্নের ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে। আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি যেন অন্য কারও সমস্যা হিসেবে বিবেচিত না হয়।
দীর্ঘস্থায়ী সংঘাত বিনিয়োগের গতি কমিয়ে দিতে পারে এবং সরকারি অর্থের বড় অংশ তাৎক্ষণিক নিরাপত্তা চাহিদা পূরণে ব্যয় করতে বাধ্য করতে পারে। শান্তিপূর্ণ পরিবেশ বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে ঠিকই, তবে তা রাতারাতি হাইড্রোজেন উৎপাদনের অর্থনৈতিক হিসাবকে লাভজনক করে তুলবে না।
স্বল্প-কার্বন হাইড্রোজেনের গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবে আত্মপ্রকাশের বাস্তব সুযোগ উপসাগরীয় অঞ্চলের রয়েছে। এ ক্ষেত্রে তাদের প্রাকৃতিক সম্পদ ও শিল্প উৎপাদনের অভিজ্ঞতা নিছক প্রচারণা নয়, বরং বাস্তব সক্ষমতা।
কিন্তু যুদ্ধ যে বিষয়টি সামনে এনেছে, তা হলো, হাইড্রোজেন উৎপাদন করতে পারা এবং নির্ভরযোগ্যভাবে তা বিক্রি করতে পারার মধ্যে বড় ব্যবধান রয়েছে। নিরাপদ পরিবহনপথ, অর্থ পরিশোধে সক্ষম ক্রেতা এবং কঠোর আর্থিক যাচাইয়ে টিকে থাকতে পারে- এমন প্রকল্পের সমন্বয় যারা ঘটাতে পারবে, তারাই এ খাতে নেতৃত্ব দেবে।
অন্যরা হয়তো একসময় বুঝতে পারবে, বৈশ্বিক হাইড্রোজেন বাজারে বড় বড় পরিকল্পনার চেয়ে সময়মতো ও নির্ভরযোগ্যভাবে পণ্য সরবরাহ করতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ।
- ডঃ উমুদ শোকরি, পিএইচডি একজন জ্যেষ্ঠ পররাষ্ট্র নীতি উপদেষ্টা, জ্বালানি কৌশলবিদ এবং গালফ স্টেট অ্যানালিটিক্স (জিএসএ)-এর একজন উপদেষ্টা। সূত্র: মিডল ইস্ট মনিটর

