Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কতটা নৈতিক?
    আন্তর্জাতিক

    পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কতটা নৈতিক?

    নিউজ ডেস্কনভেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২০২৩ সালের ২৩শে আগস্ট পাকিস্তানের শেখুপুরায় বন্যার্ত গ্রাম থেকে সরিয়ে আনার পর একটি ত্রাণ শিবিরে স্থানীয় বাসিন্দারা পরিষ্কার পানি দেখে বিশ্রাম নিচ্ছেন। ছবি: আনাদোলু এজেন্সি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের পাঞ্জাবের একজন কৃষক তাঁর ফসল ঝুঁকির মুখে পড়েছে কি না, তা বুঝতে আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন হয় না। চেনাব নদের তীরের পাশে বসবাসকারী কোনো পরিবারেরও আগাম বন্যা সতর্কতার গুরুত্ব বুঝতে কূটনৈতিক বার্তা পড়ার দরকার নেই। কারণ, উভয়ের কাছেই পানিসংক্রান্ত তথ্য নির্ধারণ করতে পারে তাঁদের জীবিকা, বসতভিটা কিংবা জীবন বাঁচবে কি না।

    কিন্তু এখন সেই তথ্যের প্রাপ্যতা নির্ভর করছে পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপর।

    ২০২৫ সালের ২৩ এপ্রিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার এক দিন পর ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি ‘স্থগিত’ করে। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন এবং এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি ওঠে। ভারত জানায়, পাকিস্তান আন্তসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া ‘বিশ্বাসযোগ্যভাবে ও চূড়ান্তভাবে’ বন্ধ না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ভারতীয় পুলিশ তিনজন সন্দেহভাজনকে শনাক্ত করে, যাঁদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। পাকিস্তান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দেয়। পরে জাতিসংঘের পাঁচজন বিশেষজ্ঞ উল্লেখ করেন, হামলাকারীদের পাকিস্তান সরকার পাঠিয়েছে—এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ভারত প্রকাশ করেনি।

    তবে অভিযোগগুলো সত্য কি না, সেটি সিন্ধু পানি চুক্তি স্থগিত করা আইনসম্মত কি না, সেই প্রশ্ন থেকে সম্পূর্ণ আলাদা। দ্বিতীয় প্রশ্নটির বিষয়ে আন্তর্জাতিক আইন ইতিমধ্যে স্পষ্ট অবস্থান জানিয়েছে।

    এই চুক্তি একাধিক যুদ্ধের মধ্যেও টিকে ছিল। এর আওতায় পাকিস্তান সিন্ধু, ঝিলম ও চেনাব নদের পানি ব্যবহারের অধিকার পায়। দেশটির অধিকাংশ কৃষি কার্যক্রম এই তিনটি নদীর পানির ওপর নির্ভরশীল। চুক্তির মাধ্যমে একটি যৌথ কমিশন, তথ্য বিনিময় এবং বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল।

    ২০২৫ সালের জুনে সালিশি আদালত রায় দেয়, চুক্তিতে একতরফাভাবে এটি স্থগিত বা নিষ্ক্রিয় করার কোনো বিধান নেই। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৩১ আগস্ট ভারতের উত্থাপিত যুক্তিগুলো পর্যালোচনা করে আদালত সর্বসম্মতিক্রমে জানায়, সেগুলোর কোনোটিই চুক্তি স্থগিত বা বাতিল করার যৌক্তিকতা তৈরি করে না। তবে ভারত এই রায় প্রত্যাখ্যান করে আদালতটিকে অবৈধভাবে গঠিত এবং এখতিয়ারবহির্ভূত বলে অভিহিত করেছে।

    অথচ শুরু থেকেই ভারতের সামনে আইনসম্মত পথ খোলা ছিল। চুক্তি স্থগিত করার আগে ভারত এর ১২(৩) অনুচ্ছেদের অধীনে চুক্তি সংশোধনের উদ্যোগ নিয়েছিল। পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কোনো অসন্তোষ থাকলে তার সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে, একতরফাভাবে চুক্তি স্থগিত করে নয়।

    এই বিরোধকে নিছক আইনি বিতর্কের বাইরে নিয়ে গেছে এর সঙ্গে জড়িয়ে থাকা মানবাধিকারের প্রশ্ন। ২০২৫ সালের অক্টোবরে ভারতকে পাঠানো এক চিঠিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, চুক্তির কার্যক্রম ব্যাহত হলে পাকিস্তানের মানুষের পানি, খাদ্য, কাজ, সুস্থ পরিবেশ ও উন্নয়নের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাঁরা আরও বলেন, এমনকি হামলার জন্য পাকিস্তান দায়ী হলেও দেশটির মানুষের মানবাধিকারের ওপর গুরুতর প্রভাবের বিষয়টি বিবেচনায় নিলে চুক্তি স্থগিত করার পদক্ষেপ আনুপাতিক হবে না।

    বিশেষজ্ঞরা স্মরণ করিয়ে দেন, প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হলো অন্য দেশের মানুষের পানির অধিকারও সম্মান করা।

    পাঞ্জাবের ওই কৃষকের পেহেলগামের ঘটনায় কোনো ভূমিকা নেই। অথচ একটি রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিরোধের পরিণতি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলে তা মানবাধিকার ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

    এই বাস্তবতা থেকেই প্রতিষ্ঠিত হয়েছে ‘হাইড্রো জাস্টিস ফেলোশিপ’। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের আলোকে আন্তসীমান্ত পানিবণ্টন বিরোধ পর্যালোচনার জন্য এতে ২২ জন উদীয়মান গবেষককে একত্র করা হয়েছে। বিশেষজ্ঞদের পরিচালনায় শিক্ষা কার্যক্রম ও আন্তর্জাতিক সংলাপের পর তাঁদের গবেষণার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

    তাঁদের গবেষণা এমন একটি প্রশ্ন সামনে এনেছে, যা আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি গুরুত্ব পাওয়া উচিত: অভিন্ন নদীর পানি নিয়ে রাজনৈতিক বিরোধের কারণে সহযোগিতা ব্যাহত হলে ভাটির অঞ্চলের মানুষের অধিকার রক্ষার দায়িত্ব কে নেবে?

    বন্যার সময় ঝুঁকির বাস্তব চিত্র

    বন্যার সময় এই সংকটের ঝুঁকি ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালের আগস্টে শতলজ, চেনাব ও রাভি নদীর বন্যার ঝুঁকিতে থাকা এলাকা থেকে পাঞ্জাবের প্রায় ১১ লাখ ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। অতিমাত্রার মৌসুমি বৃষ্টিপাতই ছিল এই বিপর্যয়ের মূল কারণ, ভারতের নীতি নয়। তবে ভাটির অঞ্চলের কর্তৃপক্ষকে সাধারণত আগাম প্রস্তুতি নিতে যে তথ্য সহায়তা করে, চুক্তির মাধ্যমে সেই তথ্যপ্রবাহ তখন আর সচল ছিল না।

    ভারত তখন সিন্ধু পানি কমিশনের মাধ্যমে সতর্কবার্তা না পাঠিয়ে কূটনৈতিক চ্যানেলে তা জানায়। ভারতীয় একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, মানবিক বিবেচনা থেকেই এই সতর্কবার্তা পাঠানো হয়েছিল। এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। ভারত জানিয়েছে, ভবিষ্যতেও পরিস্থিতি তৈরি হলে প্রয়োজন অনুযায়ী এভাবে উচ্চ বন্যার তথ্য জানানো হবে।

    কিন্তু প্রয়োজনের সময় বিচ্ছিন্নভাবে সতর্কবার্তা পাঠানো নিয়মিত তথ্য বিনিময়ের বিকল্প হতে পারে না। ২০২২ সালের পর থেকে সিন্ধু পানি কমিশনের বার্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়নি।

    পাকিস্তান চেনাব নদীর পানিপ্রবাহে আকস্মিক ওঠানামার কথাও জানিয়েছে। ২০২৬ সালের মে মাসের শুরুতে খরিফ মৌসুমের বপন শুরু হওয়ার সময় মারালায় নদীর পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে প্রায় ২১ হাজার কিউসেক থেকে কমে ৯ হাজার কিউসেকে নেমে আসে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ ধরনের ঘটনাকে ‘পানির অস্ত্রীকরণ’ বলে অভিহিত করেছেন।

    পাকিস্তানের দাবি, এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তারা ভারতকে চিঠি দিয়েছে। অন্যদিকে ভারত অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, ২০২৬ সালের জুলাইয়ে চেনাব নদীতে পানিপ্রবাহ বেড়ে যাওয়ার কারণ ছিল অতিবৃষ্টি। কোনো ধরনের ইচ্ছাকৃত পদক্ষেপ নেওয়ার অভিযোগও অস্বীকার করেছে দেশটি।

    এসব দাবির নিরপেক্ষ যাচাই প্রয়োজন। অভিন্ন তথ্য বিনিময় এবং কার্যকর যৌথ কমিশন না থাকলে কোনো পক্ষই নিজেদের বক্তব্যের পক্ষে যথাযথ প্রমাণ উপস্থাপন করতে পারবে না। ফলে নদীর পানিপ্রবাহে প্রতিটি ওঠানামাই নতুন করে আতঙ্ক ও সন্দেহ তৈরি করবে।

    সমাধানের পথ সহযোগিতায়

    সমাধান খুব জটিল নয়। ভারতকে নিয়মিত পানিসংক্রান্ত তথ্য বিনিময় পুনরায় চালু করতে হবে এবং সিন্ধু পানি কমিশনের কার্যক্রমে ফিরে আসতে হবে। চুক্তি নিয়ে ভারতের কোনো আপত্তি থাকলে নিজস্ব বিধান অনুসরণ করেই তা সমাধানের উদ্যোগ নিতে হবে। ১৯৬০ সালের চুক্তি সময়ের সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মনে করলে পুনরায় আলোচনার মাধ্যমে তা সংশোধনের পথও খোলা রয়েছে।

    পাকিস্তানকেও গঠনমূলক ও স্বচ্ছভাবে আলোচনায় যুক্ত থাকতে হবে। পাশাপাশি বিশ্বব্যাংক, যারা এই চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করেছিল এবং অন্যান্য রাষ্ট্রের উচিত দুই দেশকেই সহযোগিতার পথে ফিরতে উৎসাহিত করা।

    জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা আরও ভয়াবহ হয়ে উঠছে এবং হিমবাহ গলার গতিপ্রকৃতিও ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। এমন বাস্তবতায় সিন্ধু অববাহিকায় সহযোগিতা কমানোর নয়, বরং আরও বাড়ানোর প্রয়োজন।

    একটি নদী সীমান্ত অতিক্রম করে প্রবাহিত হয়। মানুষের জীবন রক্ষার দায়িত্বও সীমান্তের ঊর্ধ্বে হওয়া উচিত।

    • রাশিদা আব্বাস, লেখক জেনেভা গণতন্ত্র ও মানবাধিকার কেন্দ্রের পরিচালক। সূত্র: মিডল ইস্ট মনিটর
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের গুরুত্ব

    নভেম্বর 10, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধের মধ্যে উপসাগরীয় অঞ্চল কি বৈশ্বিক হাইড্রোজেনের কেন্দ্র হতে পারবে?

    নভেম্বর 10, 2026
    মোস্ট ফিচার

    স্বাস্থ্য খাত সংস্কারের পথে বাধা কোথায়?

    নভেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.