পাকিস্তানের শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত বুঝতে শুরু করেছে যে মার্কিন প্রেসিডেন্টরা বংশানুক্রমিক রাজা নন এবং কংগ্রেসের নির্বাচনও নিছক আনুষ্ঠানিক কোনো আয়োজন নয়। ফিল্ড মার্শাল আসিম মুনির, শাহবাজ শরিফ ও আসিফ আলী জারদারির কাছে ডেমোক্র্যাটদের মধ্যবর্তী নির্বাচনে জয় শুধু কূটনৈতিক অস্বস্তির বিষয় নয়। এর ফলে ডোনাল্ড ট্রাম্পকে দীর্ঘদিন ধরে তোষামোদ করে ওয়াশিংটনে যে রাজনৈতিক সুরক্ষা তাঁরা গড়ে তুলেছিলেন, সেটিই ভেঙে পড়তে পারে। গতকাল পর্যন্ত যেসব সম্পর্ককে ওয়াশিংটনে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে উদ্যাপন করা হয়েছে, আগামীকাল সেগুলোই কংগ্রেসের তদন্তের বিষয় হয়ে উঠতে পারে।
কূটনৈতিক সাফল্যগুলো হয়তো শিগগিরই কংগ্রেসের তদন্তের নথিতে পরিণত হবে।
ইসলামাবাদের মতো প্রকাশ্য আত্মমর্যাদাহীনতা নিয়ে ট্রাম্পের অনুগ্রহ পাওয়ার চেষ্টা খুব কম সরকারই করেছে।
বিশেষ করে শাহবাজ শরিফ প্রেসিডেন্টের তোষামোদকে প্রায় সাংবিধানিক দায়িত্বের পর্যায়ে নিয়ে গেছেন। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ব্যাপারে তাঁর বারবার উৎসাহ প্রকাশ রাজনৈতিক কৌতুকের বিষয় হতে পারত, যদি এর পরিণতি এতটা ভয়াবহ না হতো।
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ভয়াবহ যুদ্ধও যেন শরিফকে তাঁর পৃষ্ঠপোষকের হাতে আন্তর্জাতিক শান্তির জন্য একটি পদক তুলে দেওয়ার প্রচেষ্টা থেকে বিরত রাখতে পারেনি। হয়তো এবার আরেকটি মনোনয়ন দেওয়ার সময় এসেছে। তবে এবার পুরস্কারটি দেওয়া যেতে পারে ট্রাম্পের নিজের দলের নির্বাচনে নজিরবিহীন ভরাডুবি ঘটানোর অসাধারণ কৃতিত্বের জন্য।
কিন্তু এই তোষামোদ ও আনুগত্যের নাটকের আড়ালে লুকিয়ে আছে আরও কুৎসিত একটি রাজনৈতিক কর্মকাণ্ড।
মুনির ও শরিফ শুধু ট্রাম্পকে তোষামোদই করেননি। তাঁরা এমন একটি কূটনৈতিক কৌশল তৈরি করেছেন, যার সঙ্গে ট্রাম্পের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ সহযোগী ও রাজনৈতিক বলয়ের বাণিজ্যিক স্বার্থ জড়িয়ে গেছে। ট্রাম্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত সমঝোতা, পাওয়ারাসকে ঘিরে সামরিক সরঞ্জাম কেনাকাটা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে উদ্যোগ, আবাসন খাতে আলোচনা এবং ব্যয়বহুল লবিং কার্যক্রম—সবকিছুই দেখিয়ে দেয়, ওয়াশিংটনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কতটা ব্যক্তিকেন্দ্রিক ও বাণিজ্যিক হয়ে উঠেছিল।
এটি কোনো বিচক্ষণ রাষ্ট্রীয় কূটনীতি ছিল না। বরং জাতীয় কূটনীতিকে রাজনৈতিক যোগাযোগ, ব্যক্তিগত আর্থিক স্বার্থ এবং প্রেসিডেন্টের আনুকূল্য পাওয়ার বাজারে নামিয়ে আনার এক অবনতি।
পাকিস্তানের শাসকেরা যুক্তরাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রের কাছাকাছি থাকাকেই সেই ক্ষমতার মালিকানা বলে ভুল করেছিলেন। এই রাজনৈতিক কাঠামোর দুর্নীতি শুধু নির্দিষ্ট কোনো লেনদেন শেষ পর্যন্ত আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রমাণিত হবে কি না, তার মধ্যে সীমাবদ্ধ নয়। আরও গভীর উদ্বেগের বিষয় হলো, ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থের মাধ্যমে রাষ্ট্রীয় কূটনীতিকে পরিকল্পিতভাবে কলুষিত করা হয়েছে।
যখন কোনো প্রেসিডেন্টের পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠান বিদেশি সরকারের কাছ থেকে ব্যবসায়িক সুযোগ খোঁজে, আর সেই সরকার একই সময়ে প্রেসিডেন্টের রাজনৈতিক আনুকূল্য পাওয়ার চেষ্টা করে, তখন রাষ্ট্রীয় নীতি ও ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির মধ্যকার সীমারেখা বিপজ্জনকভাবে অস্পষ্ট হয়ে পড়ে।
এবার সামনে আসছে কংগ্রেসের তদন্তের এক অস্বস্তিকর সম্ভাবনা।
ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে তাঁর প্রশাসনের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত শুরু হলে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের পেছনে থাকা আর্থিক ও রাজনৈতিক যোগসূত্রগুলোও প্রকাশ্যে আসতে পারে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত সমঝোতাগুলো তদন্তকারীদের জন্য আকর্ষণীয় বিষয় হয়ে উঠতে পারে। পাকিস্তানের শাসকগোষ্ঠী যে বিষয়টিকে প্রেসিডেন্টের বিশেষ সান্নিধ্য হিসেবে প্রচার করেছিল, কংগ্রেসের তদন্তকারীরা যখন নথিপত্র ও ব্যাখ্যা চাইবেন, তখন সেটিকে আর ততটা গৌরবের বিষয় মনে নাও হতে পারে।
এ ধরনের তদন্তের পেছনের উদ্দেশ্য যে সব সময় মহৎ হবে, তা নয়। ডেমোক্র্যাট নেতৃত্বের বড় একটি অংশ হয়তো মূলত ট্রাম্পকে সর্বোচ্চ রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই তাঁর বাণিজ্যিক স্বার্থের সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত চালাতে চাইবে। বিদেশি স্বৈরশাসকদের সঙ্গে তাদের অতীতের সম্পর্ক দেখে রাতারাতি গণতান্ত্রিক আদর্শে দীক্ষিত হওয়ার কোনো লক্ষণ অবশ্য দেখা যায় না।
তবে ডেমোক্র্যাটদের মধ্যে ক্রমেই প্রভাবশালী হয়ে ওঠা একটি অংশ সত্যিকার অর্থেই নির্বাহী বিভাগের দুর্নীতি, কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে সহযোগিতা এবং ওয়াশিংটনের আন্তর্জাতিক দ্বিচারিতার জবাবদিহি নিশ্চিত করতে চায়। পাকিস্তানের সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে সিনেটর-ইলেক্ট আবদুল এল-সায়েদের প্রকাশ্য সমালোচনা এই তুলনামূলক নীতিনিষ্ঠ অবস্থানেরই প্রতিফলন।
দলীয় স্বার্থে রাজনৈতিক সুযোগ নেওয়া এবং প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করার প্রচেষ্টা একই সময়ে ঘটতে পারে, তবে নৈতিকভাবে দুটিকে সমতুল্য বলা যায় না। ট্রাম্পের দুর্নীতি উন্মোচনে ডেমোক্র্যাটদের প্রচেষ্টা একই সঙ্গে সেই ব্যবস্থাকেও সামনে আনতে পারে, যার মাধ্যমে পাকিস্তানের জেনারেলরা দেশের ভেতরে গণতান্ত্রিক জবাবদিহি ধ্বংস করে আন্তর্জাতিক বৈধতা অর্জন করেছেন।
মুনিরের জন্য এই আন্তর্জাতিক বৈধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের প্রকাশ্য সমর্থন এমন এক সামরিক বাহিনীকে রাজনৈতিক গ্রহণযোগ্যতা দিয়েছে, যারা বিরোধীদের দমন, বেসামরিক কর্তৃত্বকে দুর্বল করা এবং ইমরান খানের ওপর নিপীড়ন অব্যাহত রাখার জন্য দায়ী। শাহবাজ শরিফ দিয়েছেন বেসামরিক সরকারের আবরণ; কিন্তু প্রকৃত ক্ষমতা প্রয়োগ করেছেন মুনির।
ওয়াশিংটন দিয়েছে বৈধতা। রাওয়ালপিন্ডি নিশ্চিত করেছে আনুগত্য। আর এর মূল্য দিতে হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষকে।
তবে মুনিরের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন শিগগিরই প্রত্যাহার করা হবে—এমন ধারণা করা হবে বিপজ্জনক সরলীকরণ। পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে পেন্টাগন ও সিআইএর সম্পর্ক কয়েক দশক ধরে বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট, জেনারেল ও সরকার পরিবর্তনের মধ্যেও টিকে আছে। গোয়েন্দা সহযোগিতা, সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম এবং আঞ্চলিক কৌশলগত হিসাব—এসব বিষয় ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্বের চেয়ে অনেক বেশি স্থায়ী প্রাতিষ্ঠানিক সম্পর্ককে টিকিয়ে রেখেছে।
ফলে ডেমোক্র্যাটরা ট্রাম্পের বাণিজ্যিক লেনদেন নিয়ে তদন্ত করলেও পাকিস্তানের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখা সামরিক সম্পর্ক অক্ষুণ্ন রাখতে পারে। কৌশলগত সুবিধার প্রয়োজন দেখা দিলে গণতন্ত্রের প্রতি ওয়াশিংটনের অঙ্গীকার যে কতটা নমনীয় হয়ে পড়ে, তার নজির বহুবার দেখা গেছে।
পাকিস্তানিদেরও কংগ্রেসের তদন্তকে গণতান্ত্রিক মুক্তি হিসেবে দেখা উচিত নয়। রিপাবলিকানদের আনুকূল্যের পরিবর্তে ডেমোক্র্যাটদের পৃষ্ঠপোষকতা গ্রহণ করলে নির্ভরশীলতার কাঠামো শুধু নতুন রূপ পাবে। প্রকৃত সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য প্রয়োজন এমন একটি সাংবিধানিক সরকার, যা পাকিস্তানের জনগণের কাছে জবাবদিহি করবে; যুক্তরাষ্ট্রের অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠীর তত্ত্বাবধানে পরিচালিত হবে না।
পাকিস্তানের শাসকগোষ্ঠীর সবচেয়ে বড় ভুল ছিল প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগকে জাতীয় প্রভাব, বাণিজ্যিক সান্নিধ্যকে কৌশলগত শক্তি এবং ট্রাম্পের রাজনৈতিক ভাগ্যকে নিজেদের প্রাতিষ্ঠানিক নিরাপত্তার নিশ্চয়তা বলে মনে করা।
ট্রাম্প এখনো প্রেসিডেন্ট। কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা পরিবর্তন হলেই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো হঠাৎ বিবেকবান হয়ে উঠবে না। তবে রাজনৈতিক ঝুঁকির ভারসাম্য বদলে গেছে। বাণিজ্যিক সমঝোতার ব্যাখ্যা দিতে হতে পারে। প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আর কূটনৈতিক সাফল্যগুলোই রাজনৈতিক দায়ে পরিণত হতে পারে।
হয়তো শরিফের উচিত ট্রাম্পের জন্য আরেকটি নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রস্তুত করা। প্রেসিডেন্টের তোষামোদকে শাসনদর্শনে পরিণত করার পর এবার তিনি তাঁর পৃষ্ঠপোষককে নিজের দলের বিরুদ্ধে মার্কিন ভোটারদের ক্ষুব্ধ করে তোলার অসাধারণ কৃতিত্বের জন্য মনোনীত করতে পারেন। এমনকি এর সঙ্গে একটি ছোট অনুরোধও জুড়ে দিতে পারেন: ট্রাম্প যেন তাঁর পরবর্তী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে কংগ্রেসের তদন্তকারীদের বোঝান, তাঁরা যেন ইসলামাবাদের কৃতজ্ঞ অনুরাগীদের বিরক্ত না করেন।
এখানেই বিদ্রূপের চরম পরিণতি। পাকিস্তানে যারা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক জবাবদিহি ধ্বংস করেছেন, তাঁদের হয়তো এবার যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের এমন কিছু বৈশিষ্ট্যের মুখোমুখি হতে হবে, যা তাঁদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়।
ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের প্রচারে বিপুল রাজনৈতিক পুঁজি ব্যয় করার পর শাহবাজ শরিফকে হয়তো এবার আরও জরুরি একটি বিষয়ের জন্য প্রচারণা চালাতে হবে—কংগ্রেসের তদন্তকারীদের করুণা পাওয়া।
- অধ্যাপক জুনাইদ এস. আহমেদ, আইন, ধর্ম ও বিশ্ব রাজনীতি বিষয়ে অধ্যাপনা করেন এবং তিনি পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত সেন্টার ফর দ্য স্টাডি অফ ইসলাম অ্যান্ড ডিকলোনাইজেশন (সিএসআইডি)-এর পরিচালক। সূত্র: মিডল ইস্ট মনিটর

