উত্তরপ্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফাটানো নিয়ে কথা-কাটাকাটির জেরে গুলিবিদ্ধ হয়েছেন ভারতের রাষ্ট্রপতির এক দেহরক্ষী। গুলিতে গুরুতর আহত ২৬ বছর বয়সী সেনা জওয়ান সৌরভ তোমার বর্তমানে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে গুলি বের করা হলেও অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দীপাবলির রাতে সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফাটাচ্ছিলেন। সে সময় গ্রামের দুই বাসিন্দা ধীরজ ও তাঁর ভাই মনু, যিনি প্রবীণ নামেও পরিচিত, তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে ধীরজ দেশি পিস্তল দিয়ে গুলি চালান। গুলির একটি বুলেট দেয়ালে লেগে ফিরে এসে সৌরভের কানের ঠিক পেছনে মাথায় আঘাত করে।
আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় সৌরভকে প্রথমে বরৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে মিরাটের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে বুলেট অপসারণ করলেও তাঁর শারীরিক অবস্থায় এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
সৌরভ ২০২১ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম অশ্বারোহী রেজিমেন্ট প্রেসিডেন্টস বডিগার্ডে কর্মরত। রাষ্ট্রপতির ভবনে দায়িত্ব পালন করেন তিনি। দীপাবলি উপলক্ষে ছুটি নিয়ে নিজ গ্রামে এসেছিলেন।
ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সামান্য আতশবাজি নিয়ে বিবাদ থেকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা দায়িত্বে থাকা একজন সেনা সদস্যের প্রাণসংশয়ের ঘটনা এলাকায় উদ্বেগ তৈরি করেছে। অবৈধ আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে। এখন সবার নজর সৌরভের চিকিৎসার অগ্রগতি এবং পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের দিকে।

