ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজের বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে গিয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা সাম্প্রতিক সময়ে বেড়েছে। গত মাসের শেষ দিকে রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে সতর্ক করা হয়েছিল।
ওই স্মারকলিপিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে ইরানের সম্ভাব্য প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র ইতোমধ্যে ‘উন্নত পর্যায়ে’ পৌঁছেছে।
তবে স্কট বেসেন্টের বিরুদ্ধে আসা হুমকিগুলো ঠিক কতটা গুরুতর কিংবা কতটা তাৎক্ষণিক, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
এর আগে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে দেশটির কর্মকর্তা বা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভেতরে কিংবা বিদেশে বড় ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত। তারপরও সম্ভাব্য হুমকিকে গুরুত্ব দিয়েই বেসেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ওয়াশিংটনের উদ্যোগের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন স্কট বেসেন্ট। তাঁর নেতৃত্বে ইরানের অর্থনীতি, তেল রপ্তানি ও সংশ্লিষ্ট আর্থিক নেটওয়ার্কের ওপর চাপ বাড়াতে একের পর এক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন।
এই প্রেক্ষাপটে বেসেন্টের বিরুদ্ধে হুমকির খবর নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার নিরাপত্তাগত দিকটিকে সামনে নিয়ে এসেছে।

