আ-জাজিরা
ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লায় দীর্ঘদিন ধরে অনুসরণ করা ২ হাজার কিলোমিটারের সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এই সিদ্ধান্তের পর নতুন করে প্রশ্ন উঠেছে—তেহরানের সামরিক কৌশল কি এবার মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে ইউরোপ ও আরও দূরের লক্ষ্যবস্তুর দিকে এগোচ্ছে?
শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ‘আমাদের ওপর থাকা এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।’
তবে ইরানের অস্ত্রভান্ডারে ইতোমধ্যে ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার কার্যকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি। বরং তাঁর বক্তব্য ছিল, তেহরান কথার বদলে কাজে নিজেদের সক্ষমতা দেখাবে। একই সঙ্গে তিনি জানান, ইরান এখন আরও কঠোর ও ‘আক্রমণাত্মক’ সামরিক মতবাদের দিকে যাচ্ছে।
এর কয়েক দিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের ‘যেকোনো ধরনের ও যেকোনো পর্যায়ের হুমকির’ জবাব আর কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমায় আবদ্ধ থাকবে না।
হরমুজ প্রণালির উত্তেজনা এবং ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধের প্রেক্ষাপটে তিনি আরও বলেছিলেন, ইরানকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছিলেন, সংঘাত অবসানের ক্ষেত্রে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র এখন কত দূর যেতে পারে
ইরান এতদিন নিজেদের আঞ্চলিক প্রতিরোধনীতির অংশ হিসেবে ২ হাজার কিলোমিটারের একটি স্বঘোষিত সীমা অনুসরণ করলেও এর চেয়ে বেশি দূরত্বে আঘাত হানার প্রযুক্তিগত সক্ষমতা তাদের আগে থেকেই রয়েছে বলে বিভিন্ন পশ্চিমা বিশ্লেষণে দাবি করা হয়েছে।
বর্তমান পাল্লার মধ্যেই পুরো আরব উপদ্বীপ, লেভান্ট, মিসরের বড় অংশ এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের কিছু দেশ—যেমন গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া—ইরানি ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য আওতায় পড়ে।
ফলে উপসাগরীয় দেশগুলোর জন্য এই ঘোষণায় তেমন মৌলিক পরিবর্তন আসছে না। তারা আগেই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে ছিল।
তবে সীমা তুলে দেওয়ার ফলে ইরান দেশের পূর্বাঞ্চলেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে সেখান থেকে ইসরায়েলের দিকে আঘাত হানার সক্ষমতা বাড়াতে পারে। একই সঙ্গে ভারত মহাসাগর এবং ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও নতুন করে আলোচনায় এসেছে।
গত মার্চে যুক্তরাজ্য অভিযোগ করেছিল, ইরান প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেহরান অবশ্য অভিযোগটি অস্বীকার করে একে ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান বলে দাবি করেছিল।
২০১৯ সালে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিশ্লেষণে বলা হয়েছিল, ইরানের ‘খোররামশহর’ ক্ষেপণাস্ত্রের হালকা সংস্করণের পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিছু বিশেষজ্ঞের মতে, ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচিতে ব্যবহৃত রকেট প্রযুক্তি কাজে লাগিয়ে তাত্ত্বিকভাবে প্রায় ৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করাও সম্ভব।
ইরানি নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ তাহেরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪ হাজার কিলোমিটারে উন্নীত করে, তবে ইউরোপের বেশির ভাগ অংশ এবং উত্তর আফ্রিকার বড় অঞ্চল তাদের আওতায় চলে আসবে।
ইউরোপের উদ্বেগ কেন বাড়ছে
ইরান এতদিন ইউরোপকে সরাসরি লক্ষ্যবস্তু না করার যে মৌখিক নিশ্চয়তা দিয়ে আসছিল, ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়ার ঘোষণাকে সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।
আইআরজিসিকে ইউরোপীয় ইউনিয়নের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা এবং ইউরোপের বিভিন্ন ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেওয়ায় তেহরানের ক্ষোভ রয়েছে।
ইরান ইতোমধ্যে বুলগেরিয়াকে একাধিকবার সতর্ক করেছে, তাদের বিমানঘাঁটি যেন মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করতে না পারে। গত মাসে যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধানও জানিয়েছিলেন, ইউরোপে থাকা পশ্চিমা সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার তৎপরতা বাড়াচ্ছে ইরান।
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সেখান থেকে আগে বোমারু বিমান সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সুনির্দিষ্ট হুমকির পর যুক্তরাজ্যের আরেক বিমানঘাঁটি আরএএফ মিল্ডেনহল থেকেও মার্কিন সামরিক বিমান সরানো হয়েছে।
দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক ড. মুহানাদ সেলুমের মতে, ইরানের এই ঘোষণা ইউরোপের জন্য উদ্বেগের হলেও এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কারণ ন্যাটোর কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করার মতো আগাম সতর্কতা ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।
তবে তিনি সতর্ক করেন, ইউরোপকে সরাসরি হুমকি দেওয়া তেহরানের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে। কারণ ইউরোপের বেশির ভাগ দেশ ট্রাম্পের যুদ্ধনীতির প্রতি সরাসরি সমর্থন দেয়নি।
তাঁর মতে, ২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত দেখাচ্ছে, তেহরান এই সংঘাতকে এখন ‘অস্তিত্বের লড়াই’ হিসেবে দেখতে শুরু করেছে। আর কোনো দেশ যখন মনে করে তার সামনে ধ্বংস ছাড়া বিকল্প নেই, তখন প্রচলিত ‘রেড লাইন’ বা সীমারেখাও আর আগের মতো কার্যকর থাকে না।
এখনই কেন এই সিদ্ধান্ত
আইআরজিসির মুখপাত্র মোহেব্বি আরও ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি ভবিষ্যতে পরমাণু নীতিতে পরিবর্তন এনে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়, তবে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেওয়ার পেছনে অন্তত দুটি উদ্দেশ্য থাকতে পারে।
প্রথমত, ওয়াশিংটন ও ইউরোপকে বার্তা দেওয়া—ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা হলে পাল্টা জবাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
দ্বিতীয়ত, জানুয়ারিতে নতুন মার্কিন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগে ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। সেই সম্ভাব্য আলোচনায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বড় ধরনের দরকষাকষির উপাদান হিসেবে ব্যবহার করতে পারে তেহরান।
অর্থাৎ, ইরান ওয়াশিংটনকে বোঝাতে চাইছে—নতুন সামরিক অভিযান শুরু করার বদলে দ্রুত রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোই তুলনামূলক নিরাপদ পথ।
পশ্চিমাদের উদ্বেগ নতুন নয়
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ এক দশকেরও বেশি সময় ধরে দেশটির পারমাণবিক কর্মসূচির পাশাপাশি চলছে।
২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে স্বাক্ষরিত জেসিপিওএ পারমাণবিক চুক্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপরও কিছু বিধিনিষেধ ছিল। এসব বিধিনিষেধের মেয়াদ ২০২৩ সালের অক্টোবরে শেষ হয়ে যায়।
এরপর পশ্চিমা দেশগুলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি সামনে এনে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে।
ইরান অবশ্য দীর্ঘদিন ধরে বলে আসছে, ২০১৫ সালের চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে বাধ্য হয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় ট্রাম্প বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হবে। এর কয়েক দিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেন, ইরানের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎপাদন সক্ষমতা ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
তবে যুদ্ধের আগের বিভিন্ন মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ও বিশেষজ্ঞদের বিশ্লেষণে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে সরাসরি হুমকি দেওয়ার মতো আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করতে ইরানের আরও কয়েক বছর সময় লাগতে পারে।
যুদ্ধ শুরুর আগে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানের কাছেই সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ছিল বলে বিভিন্ন পশ্চিমা মূল্যায়নে উল্লেখ করা হয়। আনুমানিক হিসেবে এর সংখ্যা ছিল প্রায় ২ হাজার ৫০০ থেকে ৬ হাজারের মধ্যে।
২ হাজার কিলোমিটারের সীমা তুলে নেওয়ার ঘোষণার পর তাই প্রশ্ন শুধু ইরানের ক্ষেপণাস্ত্র কত দূর যাবে, সেটি নয়। বরং বড় প্রশ্ন হচ্ছে—তেহরান কি তার দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিরোধনীতি বদলে ইউরোপ ও দূরবর্তী পশ্চিমা সামরিক স্থাপনাকেও সরাসরি কৌশলগত হিসাবের মধ্যে আনছে?

