দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে ফিলিপাইন, যুক্তরাষ্ট্র এবং জাপানের সশস্ত্র বাহিনী একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে। ম্যানিলার অর্থনৈতিক অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত এই মহড়ার লক্ষ্য ছিল প্রতিরক্ষা কৌশল, কৌশলগত সহযোগিতা এবং যৌথ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি। ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
এই মহড়ার মধ্য দিয়ে এ অঞ্চলে সামরিক শক্তির প্রদর্শন এবং কৌশলগত প্রস্তুতির প্রতি একধরনের গুরুত্বারোপ করা হলো, যা চীন ও ফিলিপাইনের মধ্যে চলমান স্কারবোরো শোল ইস্যু নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। চীন, যেটি এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ অঞ্চলের ওপর তার সার্বভৌমত্ব দাবি করে। কয়েকদিন আগেই স্কারবোরো শোল নিয়ে ফিলিপাইনের সঙ্গে আবারও বিবাদে জড়িয়ে পড়ে। এ বিষয়ে বৃহস্পতিবার চীনকে কূটনৈতিক প্রতিবাদ জানায় ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এটি একমাত্র এই অঞ্চলের সামরিক মহড়া নয়। এর আগে গত জুনে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ফিলিপাইনের নৌবাহিনী একত্রিত হয়ে দক্ষিণ চীন সাগরে দুই দিনের একটি সামরিক মহড়া পরিচালনা করেছিল। এছাড়া এপ্রিলে ফিলিপাইন, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিয়েছিল।
ফিলিপাইন ও চীনের মধ্যে স্কারবোরো শোল নিয়ে বিরোধ নতুন নয়। চলতি বছরে, ফিলিপাইন সরকার চীনের বিরুদ্ধে ৬০তম কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে, আর ২০২২ সালের পর ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্য দিয়ে চীনের বিরুদ্ধে প্রতিবাদের সংখ্যা ১৯৩-এ পৌঁছেছে।
দক্ষিণ চীন সাগর, যা তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার এবং সমৃদ্ধ মৎস্যসম্পদে পরিপূর্ণ, চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের উপরে চীনের ব্যাপক দাবি। বিশেষ করে তাদের ‘নাইন-ড্যাশ লাইন’ মানচিত্রের ভিত্তিতে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ানসহ দক্ষিণ চীন সাগরের অন্যান্য দেশগুলোও এই সংকটে জড়িত।
চীন, দক্ষিণ চীন সাগরকে তার সামুদ্রিক বাণিজ্যের একটি প্রধান রুট এবং ‘মেরিটাইম সিল্ক রোড’ উদ্যোগের কেন্দ্রীয় উপাদান হিসেবে গণ্য করে। এই পরিস্থিতি একটি বহুমুখী ক্ষমতার লড়াইকে উসকে দিয়েছে। যেখানে চীনের অর্থনৈতিক উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় রাখার প্রতিযোগিতা একে অন্যকে চ্যালেঞ্জ করছে।
এই সামরিক মহড়ার মাধ্যমে, একদিকে যেমন ফিলিপাইন এবং তার মিত্র দেশগুলো তাদের সামরিক প্রস্তুতি শক্তিশালী করার চেষ্টা করছে। তেমনি অন্যদিকে এটি দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন ধরনের জটিলতা সৃষ্টি করেছে। যা আন্তর্জাতিক রাজনীতির এক নতুন অধ্যায়কে সামনে এনেছে।

