আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিলে আর্জেন্টিনা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মিত্র দেশগুলোকে আইআরজিসির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানোর পর আর্জেন্টিনা এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এটা স্পষ্ট যে এই সিদ্ধান্তের ফলে উদ্ভূত সব পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারের ওপরই বর্তাবে।’
তবে তেহরানের ঘোষণায় আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীর নাম থাকলেও দেশটির সেনাবাহিনীর কোনো উল্লেখ করা হয়নি।
আইআরজিসিকে কেন নিষিদ্ধ করেছিল আর্জেন্টিনা
আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পেছনে আর্জেন্টিনার অন্যতম যুক্তি ছিল, ইরানের এই অভিজাত বাহিনী লেবাননভিত্তিক হিজবুল্লাহকে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে।
আর্জেন্টিনা ১৯৯৪ সালে বুয়েনস এইরেসের এএমআইএ ইহুদি কমিউনিটি সেন্টারে চালানো ভয়াবহ বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে থাকে।
দক্ষিণ আমেরিকার দেশটির ইতিহাসে অন্যতম প্রাণঘাতী ওই হামলায় ৮৫ জন নিহত হন এবং কয়েকশ মানুষ আহত হন।
এ ঘটনায় আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে। ইরান অবশ্য এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আইআরজিসির গুরুত্ব
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর একটি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির ধর্মীয় শাসনব্যবস্থা রক্ষার জন্য বাহিনীটি গড়ে তোলা হয়।
সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি ইরানের অর্থনীতির গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে আইআরজিসির ব্যাপক প্রভাব রয়েছে। অবকাঠামো, জ্বালানি, নির্মাণ ও বিভিন্ন বাণিজ্যিক খাতে বাহিনীটির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে।
আর্জেন্টিনার সিদ্ধান্তের পাল্টা জবাবে দেশটির নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার মাধ্যমে তেহরান ও বুয়েনস এইরেসের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হলো।

