Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের অর্থনীতি ৫০ হাজার কোটি ডলারের, তবু বিলিয়নেয়ার নেই কেন
    আন্তর্জাতিক

    বাংলাদেশের অর্থনীতি ৫০ হাজার কোটি ডলারের, তবু বিলিয়নেয়ার নেই কেন

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতির আকার এখন প্রায় ৫০ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। দেশে গড়ে উঠেছে বড় বড় শিল্পগোষ্ঠী। তৈরি পোশাক, খাদ্য, ওষুধ, আবাসন, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে অনেক প্রতিষ্ঠান। কিন্তু বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বাংলাদেশি নাগরিক হিসেবে কোনো বিলিয়নেয়ারের নাম নেই।

    মার্কিন সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের বিলিয়নেয়ার তালিকায় বাংলাদেশের কোনো নাগরিক জায়গা পাননি। অথচ প্রতিবেশী ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিকদের নাম রয়েছে এই তালিকায়।

    বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশে বিপুল সম্পদের মালিক ব্যক্তি থাকলেও তাঁদের সম্পদের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা কঠিন। বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অধিকাংশই পুঁজিবাজারের বাইরে। এর পাশাপাশি মালিকানার জটিল কাঠামো, আর্থিক তথ্যের অপ্রতুলতা এবং ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে আন্তর্জাতিকভাবে সম্পদের মূল্যায়ন সহজ হচ্ছে না।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে চলতি মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ১০০ কোটি ডলার। অর্থনীতির এই সম্প্রসারণের পরও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শতকোটি ডলারের সম্পদের মালিক বাংলাদেশি নাগরিকের নাম পাওয়া যাচ্ছে না।

    চীনে ৫৩৯, ভারতে ২২৯ বিলিয়নেয়ার

    বিশ্বে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার বিলিয়নেয়ার রয়েছেন। তাঁদের বড় একটি অংশ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক।

    ফোর্বসের ২০২৬ সালের তালিকা অনুযায়ী, চীনে বিলিয়নেয়ারের সংখ্যা ৫৩৯। এর বাইরে হংকংয়ে রয়েছেন আরও ৭১ জন। হংকংসহ হিসাব করলে এই সংখ্যা দাঁড়ায় ৬১০ জনে।

    অন্যদিকে ভারতে বিলিয়নেয়ার রয়েছেন ২২৯ জন। জাপান ও ইন্দোনেশিয়াতেও উল্লেখযোগ্যসংখ্যক ধনকুবের রয়েছেন।

    বাংলাদেশের তুলনায় ছোট অর্থনীতির দেশ নেপালেরও একজন স্বীকৃত বিলিয়নেয়ার রয়েছেন। তিনি বিনোদ চৌধুরী। সিজি করপোরেশন গ্লোবালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে পরিচিত এই ব্যবসায়ীর আনুমানিক সম্পদ ২১০ কোটি ডলার।

    ওয়াই ওয়াই নুডলসের ব্যবসার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া বিনোদ চৌধুরীর খাদ্যপণ্য, ব্যাংকিং, হোটেল ও শিল্প খাতে বিনিয়োগ রয়েছে।

    নয় শিল্পগোষ্ঠীর বাণিজ্য শতকোটি ডলারের বেশি

    বাংলাদেশে বড় ব্যবসার অভাব নেই। শুধু আমদানি-রপ্তানি বাণিজ্যেই বছরে শতকোটি ডলারের সীমা অতিক্রম করেছে নয়টি শিল্পগোষ্ঠী।

    শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে শুল্ক-করসহ আমদানি-রপ্তানি বাণিজ্যে এই সীমা অতিক্রম করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপ, ইয়াংওয়ান করপোরেশন, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার গ্রুপ, বিএসআরএম, টি কে গ্রুপ, খায়ের কাশেম গ্রুপ ও হা-মীম গ্রুপ।

    এর মধ্যে ইয়াংওয়ান দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান।

    তবে কোনো প্রতিষ্ঠানের বার্ষিক ব্যবসা শতকোটি ডলার ছাড়ালেই তার মালিক বিলিয়নেয়ার হয়ে যান না। ব্যক্তিগত সম্পদ নির্ধারণ করতে প্রতিষ্ঠানের মোট সম্পদ, ঋণ ও অন্যান্য দায়, বাজারমূল্য এবং উদ্যোক্তার মালিকানার অংশ হিসাব করতে হয়।

    বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বড় শিল্পগোষ্ঠীগুলোর ব্যবসার পরিধি সম্পর্কে ধারণা পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে উদ্যোক্তাদের প্রকৃত ব্যক্তিগত সম্পদের তথ্য পাওয়া যায় না।

    সম্পদের প্রকৃত হিসাব পাওয়া কঠিন

    বাংলাদেশে ব্যবসায়ীদের সম্পদের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে তথ্যের ঘাটতি রয়েছে বলে মনে করেন রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অংশীদার আশরাফ জামান আলী।

    তিনি বণিক বার্তাকে বলেন, একজন উদ্যোক্তার কতগুলো প্রতিষ্ঠানে মালিকানা রয়েছে, এসব প্রতিষ্ঠানের সম্পদ ও দায় কত এবং সব মিলিয়ে তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ কত, তা নির্ভরযোগ্যভাবে হিসাব করা কঠিন।

    উন্নত দেশগুলোতে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান একটি মূল কোম্পানির অধীনে পরিচালিত হয়। ফলে মূল কোম্পানির মালিকানা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর আর্থিক তথ্য বিশ্লেষণ করে উদ্যোক্তার সম্পদের মূল্য নির্ধারণ করা তুলনামূলক সহজ।

    বাংলাদেশে অনেক ক্ষেত্রে এই মালিকানা কাঠামো স্পষ্ট নয়। ফলে একজন উদ্যোক্তার সব প্রতিষ্ঠানের সম্পদ একসঙ্গে মূল্যায়ন করা কঠিন হয়ে পড়ে।

    এ ছাড়া যুক্তরাজ্যের মতো দেশে নিবন্ধিত কোম্পানির মালিকানা ও আর্থিক বিবরণী সাধারণ মানুষ সহজেই সংগ্রহ করতে পারেন। বাংলাদেশে একই ধরনের তথ্য পাওয়ার সুযোগ তুলনামূলক সীমিত।

    এ কারণে আন্তর্জাতিক সম্পদ মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে বাংলাদেশের বড় ব্যবসায়ীদের ব্যক্তিগত সম্পদের নির্ভরযোগ্য হিসাব তৈরি করা কঠিন হয়ে পড়ে।

    বড় কোম্পানিগুলো পুঁজিবাজারের বাইরে

    বাংলাদেশের বড় উদ্যোক্তাদের আন্তর্জাতিক ধনীদের তালিকায় না থাকার আরেকটি কারণ হিসেবে পুঁজিবাজারে তাঁদের প্রতিষ্ঠানের অনুপস্থিতিকে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    দেশের বড় শিল্পগোষ্ঠীগুলোর অনেক প্রতিষ্ঠানই বেসরকারি মালিকানায় পরিচালিত হয়। এসব কোম্পানির শেয়ার পুঁজিবাজারে কেনাবেচা না হওয়ায় নিয়মিত বাজারমূল্য পাওয়া যায় না।

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান বণিক বার্তাকে বলেন, বড় উদ্যোক্তাদের সম্পদের প্রকৃত মূল্যায়ন না হওয়ার অন্যতম কারণ তাঁদের অধিকাংশ প্রতিষ্ঠানের পুঁজিবাজারে তালিকাভুক্ত না থাকা।

    তাঁর মতে, কোনো কোম্পানি পুঁজিবাজারে এলে শেয়ারের বাজারদরের ভিত্তিতে প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ করা যায়। একই সঙ্গে উদ্যোক্তার মালিকানাধীন শেয়ারের পরিমাণ হিসাব করে তাঁর সম্পদের একটি মূল্যায়ন পাওয়া সম্ভব।

    পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন মূলধন সংগ্রহের সুযোগও পায়।

    দেশের পুঁজিবাজারে বর্তমানে মাত্র চারটি কোম্পানির বাজার মূলধন শতকোটি ডলার ছাড়িয়েছে। এগুলো হলো গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা ও ব্র্যাক ব্যাংক।

    এর মধ্যে স্থানীয় মালিকানার প্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাক ব্যাংকের বাজার মূলধন এই সীমা অতিক্রম করেছে।

    তবে কোম্পানির বাজার মূলধন শতকোটি ডলার হলেই তার কোনো একজন উদ্যোক্তার ব্যক্তিগত সম্পদ সমপরিমাণ হবে, এমন নয়।

    টাকার দরপতনেও কমেছে সম্পদের মূল্য

    ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়নও বাংলাদেশি উদ্যোক্তাদের সম্পদের আন্তর্জাতিক মূল্যায়নে প্রভাব ফেলেছে।

    পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ বণিক বার্তাকে বলেন, গত কয়েক বছরে ডলারের বিপরীতে টাকার প্রায় ৪২ শতাংশ অবমূল্যায়ন হয়েছে।

    ফলে কোনো উদ্যোক্তার সম্পদের মূল্য টাকায় অপরিবর্তিত থাকলেও ডলারের হিসাবে তা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

    যেমন, আগে কারও সম্পদের মূল্য শতকোটি ডলারের কাছাকাছি থাকলেও টাকার দরপতনের কারণে তা সেই সীমার নিচে নেমে আসতে পারে।

    মাসরুর রিয়াজের মতে, গত চার-পাঁচ বছরে দেশের ব্যবসা-বাণিজ্যও নানা সংকটের মধ্য দিয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানের মুনাফা কমেছে, কোথাও ব্যবসা সংকুচিত হয়েছে। এসব কারণে উদ্যোক্তাদের সম্পদের মূল্যেও প্রভাব পড়েছে।

    বিদেশে থাকা সম্পদের তথ্যও স্পষ্ট নয়

    দেশের অনেক ব্যবসায়ীর সম্পদ ব্যক্তিগত নামে না থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে রয়েছে। আবার কারও ব্যবসা ও সম্পদের মালিকানা একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয়।

    কিছু ক্ষেত্রে বিদেশে থাকা সম্পদ ও বিনিয়োগের তথ্যও সহজে পাওয়া যায় না।

    পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসের মতো আন্তর্জাতিক অনুসন্ধানে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি কোম্পানি, ট্রাস্ট ও জটিল মালিকানা কাঠামোর তথ্য উঠে এসেছে।

    তবে এ ধরনের কোম্পানি বা ট্রাস্টে কারও নাম থাকা মানেই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ নয়। প্রকৃত মালিকানা ও সম্পদের মূল্য নির্ধারণে পৃথক যাচাই প্রয়োজন।

    বিশেষজ্ঞরা বলছেন, সম্পদের আইনি মালিক এবং প্রকৃত সুবিধাভোগী ব্যক্তি আলাদা হলে আন্তর্জাতিকভাবে সম্পদের হিসাব তৈরি করা আরও কঠিন হয়ে যায়।

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলামও মনে করেন, দেশে ব্যবসায়ীদের সম্পদের তথ্য যথেষ্ট দৃশ্যমান নয়।

    তাঁর মতে, অনেক জমি ও স্থাবর সম্পদ বাজারমূল্যের পরিবর্তে মৌজা মূল্যে নিবন্ধিত হয়। ফলে এসব সম্পদের প্রকৃত বাজারমূল্য আনুষ্ঠানিক নথিতে প্রতিফলিত হয় না।

    বাংলাদেশে ৫০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক ছিলেন ২২ জন

    আন্তর্জাতিক বিলিয়নেয়ার তালিকায় বাংলাদেশি নাগরিকের নাম না থাকলেও দেশে বড় সম্পদের মালিক ব্যক্তি রয়েছেন বলে অতীতের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

    সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ক্রেডিট সুইসের ২০২৩ সালের বৈশ্বিক সম্পদবিষয়ক তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৫০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক ছিলেন ২২ জন।

    তবে এরপর ডলারের বিপরীতে টাকার দরপতন ও ব্যবসায়িক পরিস্থিতির পরিবর্তনের কারণে তাঁদের সম্পদের বর্তমান মূল্য একই রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

    ফলে আন্তর্জাতিক বিলিয়নেয়ার তালিকায় নাম না থাকার অর্থ বাংলাদেশে শতকোটি ডলারের সম্পদের মালিক কেউ নেই, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

    ফোর্বসের তালিকায় ছিলেন আজিজ খান

    বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে অতীতে আন্তর্জাতিক ধনীদের তালিকায় জায়গা পেয়েছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।

    ২০১৮ সালে তিনি ফোর্বসের তালিকায় অন্তর্ভুক্ত হন। পরবর্তী সময়ে সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকাতেও তাঁর নাম ছিল।

    ২০২৪ সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করায় তাঁকে সিঙ্গাপুরের ধনী হিসেবে তালিকাভুক্ত করা হয়।

    ২০২৫ সালে ফোর্বসের হিসাবে আজিজ খান ছিলেন সিঙ্গাপুরের ৪৯তম এবং বিশ্বের ২ হাজার ৭৯০তম ধনী ব্যক্তি। তখন তাঁর সম্পদের আনুমানিক মূল্য ছিল ১১০ কোটি ডলার।

    তবে সম্পদের মূল্য কমে যাওয়ায় ২০২৬ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় তিনি আর জায়গা পাননি।

    কেন গুরুত্বপূর্ণ সম্পদের স্বচ্ছ হিসাব

    বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের অর্থনীতি বড় হলেও ব্যবসায়ীদের ব্যক্তিগত সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ ও প্রকাশের ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে।

    বড় কোম্পানিগুলো পুঁজিবাজারে এলে এবং করপোরেট আর্থিক তথ্য আরও সহজলভ্য হলে উদ্যোক্তাদের সম্পদের মূল্যায়ন তুলনামূলক সহজ হতে পারে।

    একই সঙ্গে প্রকৃত মালিকানা শনাক্ত করা এবং সম্পদের নির্ভরযোগ্য হিসাব নিশ্চিত করাও জরুরি।

    তবে শুধু বিলিয়নেয়ারের সংখ্যা দিয়ে কোনো দেশের অর্থনৈতিক সাফল্য বিচার করা যায় না। বড় বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদনশীলতা, ন্যায্য প্রতিযোগিতা এবং সম্পদের সুষম বণ্টনও গুরুত্বপূর্ণ।

    বড় উদ্যোক্তাদের বিনিয়োগ শিল্প ও অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। কিন্তু সেই সম্পদের হিসাব স্বচ্ছ ও নির্ভরযোগ্য না হলে অর্থনীতিতে তার প্রকৃত অবস্থান মূল্যায়ন করা কঠিন।

    বাংলাদেশের অর্থনীতি অর্ধ-ট্রিলিয়ন ডলারের সীমায় পৌঁছালেও ফোর্বসের তালিকায় বাংলাদেশি নাগরিক হিসেবে কোনো বিলিয়নেয়ার না থাকার পেছনে তাই শুধু সম্পদের পরিমাণ নয়, সেই সম্পদ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের অভাবও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত, তাহলে এর জনগণ কেন এখনও অরক্ষিত?

    নভেম্বর 11, 2026
    মতামত

    ‘ট্রাম্প চাইলেই নিজের শর্তে ইরান যুদ্ধ থামাতে পারবেন না’

    নভেম্বর 11, 2026
    বিশ্ব অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে সুদ বাড়ার শঙ্কা, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.