রয়টার্স
যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের একটি সামরিক বিশ্ববিদ্যালয় গত অক্টোবরে এনভিডিয়ার তৈরি অত্যন্ত শক্তিশালী দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ কিনেছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা কেনাকাটার নথিতে এ তথ্য উঠে এসেছে।
নথি অনুযায়ী, চীনের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি ৮ লাখ ৭৪ হাজার ৭০০ ইউয়ান বা প্রায় ১ লাখ ২৩ হাজার মার্কিন ডলারে এনভিডিয়ার দুটি এইচ২০০ চিপ কিনেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা চীনা প্রতিষ্ঠানগুলোর হাতে উন্নত মার্কিন প্রযুক্তি পৌঁছানো ঠেকাতে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপে এখনো বড় ধরনের ফাঁকফোকর রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে গত ২১ অক্টোবর প্রকাশিত একটি নথি থেকেই এই কেনাকাটার তথ্য পাওয়া যায়।
এমন এক সময়ে বিষয়টি সামনে এল, যখন চীনে এআই চিপ বিক্রির ওপর মার্কিন বিধিনিষেধ শিথিল করার পক্ষে জোরালো তদবির করায় ওয়াশিংটনে সমালোচনার মুখে রয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। এর মধ্যে সম্প্রতি এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে তাঁর কথিত সম্পর্কের খবর প্রকাশ্যে আসায় বিতর্ক আরও বেড়েছে।
হুয়াংয়ের যুক্তি, চীনে মার্কিন চিপ বিক্রি অব্যাহত থাকলে প্রযুক্তিখাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বজায় থাকবে এবং চীনা গ্রাহকেরাও মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকবে।
অন্যদিকে মার্কিন কংগ্রেসের একাধিক আইনপ্রণেতা আশঙ্কা করছেন, এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের শক্তিশালী চিপ ব্যবহারের সুযোগ পেলে চীন সামরিক আধুনিকায়ন, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং নতুন অস্ত্র নকশার কাজ আরও দ্রুত এগিয়ে নিতে পারবে।
কথিত ওই নারী গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের যোগাযোগের খবর সামনে আসার পর মার্কিন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির রিপাবলিকান চেয়ারম্যান তাঁকে ১৮ নভেম্বর এ বিষয়ে ব্রিফিং দেওয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
স্থানীয় সরবরাহকারীর মাধ্যমে চিপ পেল বিশ্ববিদ্যালয়
নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি চীনের ‘সেভেন সন্স অব ন্যাশনাল ডিফেন্স’ নামে পরিচিত সামরিক গবেষণাকেন্দ্রিক সাতটি বিশ্ববিদ্যালয়ের একটি।
বেইজিংয়ের হয়ে ক্ষেপণাস্ত্র ও সামরিক বিমান নিয়ে গবেষণায় জড়িত থাকার অভিযোগে ২০০১ সালেই বিশ্ববিদ্যালয়টিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকা বা ‘এনটিটি লিস্টে’ অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯ সালে এর ওপর বিধিনিষেধ আরও কঠোর করা হয়, যাতে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রযুক্তি সহজে পেতে না পারে।
রয়টার্সের দেখা নথি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা অনুষদের জন্য চিপ দুটি কেনা হয়েছে। তবে সেগুলো সরাসরি এনভিডিয়ার কাছ থেকে কেনা হয়নি। চীনের স্থানীয় প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজির মাধ্যমে এইচ২০০ চিপ দুটি কেনে বিশ্ববিদ্যালয়টি।
এনভিডিয়ার এইচ২০০ বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই চিপগুলোর একটি। উন্নত এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় এটি ব্যবহার করা হয়।

নিয়ম অনুযায়ী, এই চিপ রপ্তানির জন্য মার্কিন সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন। নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির মতো কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাছে এমন চিপ বিক্রির অনুমতি পাওয়ার কথা নয়।
শুধু সরাসরি চিপ কেনাই নয়, চলতি বছর চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সার্ভারের কম্পিউটিং সক্ষমতা ভাড়া নিয়েও বিশ্ববিদ্যালয়টি এইচ২০০সহ এনভিডিয়ার অন্যান্য শক্তিশালী চিপ ব্যবহারের সুযোগ পেয়েছে।
এ ধরনের কম্পিউটিং সক্ষমতা ভাড়ার অন্তত পাঁচটি চুক্তির তথ্য পেয়েছে রয়টার্স।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শিয়ানে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি এবং এনভিডিয়া এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান শানসি বোসুয়ানেরও কোনো যোগাযোগের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি।
সামরিক গবেষণায় এনভিডিয়ার প্রযুক্তি
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জানুয়ারি থেকে শর্তসাপেক্ষে এইচ২০০ চিপ চীনে রপ্তানির অনুমতি দিতে শুরু করে। তবে প্রতিটি চালানের জন্য আলাদা অনুমোদন নেওয়া বাধ্যতামূলক।
একই সঙ্গে কালো তালিকাভুক্ত বা সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাতে দূর থেকে এসব চিপ ব্যবহারের সুযোগ না পায়, তা নিশ্চিত করার শর্তও রাখা হয়েছে।
তবে নথিপত্রে দেখা যাচ্ছে, নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি এ ধরনের প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেয়েছে।
বিশ্ববিদ্যালয়টির সাইবার নিরাপত্তা অনুষদ গত জানুয়ারিতে আটটি করে এইচ২০০ চিপযুক্ত সার্ভার ব্যবহারের জন্য সাত মাস মেয়াদি দুটি চুক্তি করে। প্রায় ৮ লাখ ৮৩ হাজার ইউয়ানের ওই চুক্তির উদ্দেশ্য ছিল এআই মডেল আরও উন্নত করা এবং রিইনফোর্সমেন্ট লার্নিং প্রশিক্ষণ দেওয়া।
এ ছাড়া রয়টার্স চলতি বছরের আরও ২৬টি সরকারি নথি পর্যালোচনা করে দেখেছে, চীনের কয়েকটি সামরিক সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র স্থানীয় সরবরাহকারীদের মাধ্যমে এনভিডিয়ার নিষিদ্ধ চিপ কিনছে। কেউ কেউ আবার চিপযুক্ত সার্ভারের কম্পিউটিং সেবাও ভাড়া নিচ্ছে।
এর মধ্যে গত এপ্রিলে সামরিক গবেষণার সঙ্গে যুক্ত বেইহাং ইউনিভার্সিটি চারটি এ৮০০ চিপ কিনেছে। সেপ্টেম্বরে শেনজেন ইউনিভার্সিটি কিনেছে তিনটি এইচ১০০ চিপ। আর জুনে উহান ইউনিভার্সিটি অব টেকনোলজি একটি এইচ১০০ সার্ভার এবং চারটি এ১০০ চিপ কিনেছে।
এসব চিপের সবই চীনে রপ্তানির ক্ষেত্রে মার্কিন বিধিনিষেধের আওতায় রয়েছে।
এর আগে রয়টার্স জানিয়েছিল, ডেল বা গিগাবাইটের তৈরি সার্ভারের ভেতরে থাকা এনভিডিয়ার চিপ স্থানীয় পুনর্বিক্রেতা কিংবা তৃতীয় কোনো দেশের মজুত থেকে চোরাপথে চীনে আনা হচ্ছে।
এভাবে একদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরও কঠোর করছে, অন্যদিকে স্থানীয় সরবরাহকারী, পুনর্বিক্রেতা ও তৃতীয় দেশের মজুত ব্যবহার করে চীনের সামরিক সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো এনভিডিয়ার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাচ্ছে।
এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, শুধু রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেই কি অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি চীনের সামরিক গবেষণায় পৌঁছানো ঠেকানো সম্ভব?

