জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ক্ষতি মোকাবেলায় যৌথ দায়িত্ব, নিরাপত্তা ও সুফলের ভিত্তিতে নতুন একটি ‘ক্লাইমেট জাস্টিস কমপ্যাক্ট’ বা জলবায়ু ন্যায়বিচার চুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমানো, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং জলবায়ু তহবিলে বড় অঙ্কের অর্থ জোগাড়ের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গুতেরেস বলেন, ‘আমাদের যৌথ দায়িত্ব, যৌথ নিরাপত্তা ও যৌথ সুফলের ভিত্তিতে একটি নতুন জলবায়ু ন্যায়বিচার চুক্তি প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘অভিন্ন কিন্তু পৃথক দায়িত্বের নীতি অনুযায়ী সব দেশকে নিজ নিজ অঙ্গীকার পূরণ করতে হবে।’
চার ভিত্তির নতুন জলবায়ু চুক্তি
প্রস্তাবিত জলবায়ু ন্যায়বিচার চুক্তির চারটি প্রধান ভিত্তির কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। এগুলো হলো—জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগতভাবে সরে আসার প্রক্রিয়া দ্রুত করা, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা, পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা করা এবং ভূরাজনৈতিক বিভক্তির পরিবর্তে আন্তর্জাতিক সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া।
গুতেরেস বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে হলে ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা ২০২৫ সালের তুলনায় তিন গুণ বাড়াতে হবে।
একই সময়ের মধ্যে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন অন্তত ৭৫ শতাংশ কমানোরও আহ্বান জানান তিনি।
তাঁর মতে, জলবায়ু সংকট মোকাবেলায় শুধু প্রতিশ্রুতি যথেষ্ট নয়; জ্বালানি ব্যবস্থায় বাস্তব ও দ্রুত পরিবর্তন আনতে হবে।
উন্নত দেশগুলোর কাছে বছরে ৩০০ বিলিয়ন ডলার দাবি
জলবায়ু মোকাবেলায় উন্নত দেশগুলোর আর্থিক দায়ও স্মরণ করিয়ে দেন গুতেরেস। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে উন্নত দেশগুলোকে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।
এর পাশাপাশি বড় তেল কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দেন জাতিসংঘ মহাসচিব।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের নয়টি বৃহত্তম তেল কোম্পানি শুধু গত প্রান্তিকেই ৯৫ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এই বিপুল অর্থের একটি অংশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ ও জনগোষ্ঠীর সহায়তায় ব্যবহারের প্রস্তাব করেন তিনি।
গুতেরেসের মতে, জলবায়ু সংকটে সবচেয়ে কম অবদান রাখা দেশগুলোই অনেক ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। তাই অর্থায়নের ক্ষেত্রে ন্যায়বিচারের নীতি নিশ্চিত করা জরুরি।
‘পরিকল্পিত রূপান্তর না হলে বিশৃঙ্খলা’
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জলবায়ু বিপর্যয় নিয়ে কঠোর সতর্কবার্তাও দেন গুতেরেস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন মানুষের জীবন, জীবিকা ও অর্থনীতিতে সরাসরি আঘাত হানছে এবং বর্তমান ধারা বিশ্বকে ‘পারস্পরিক ধ্বংস নিশ্চিত হওয়ার পথে’ নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘হয় পরিকল্পিতভাবে এই ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করুন, নয়তো বিশৃঙ্খলা ও জীবিকা হারানোর মূল্য দিতে প্রস্তুত থাকুন।’
জাতিসংঘ মহাসচিবের বক্তব্যে স্পষ্ট ছিল, জলবায়ু সংকট মোকাবেলায় উন্নত ও উন্নয়নশীল সব দেশকেই দায়িত্ব নিতে হবে, তবে সেই দায়িত্বের মাত্রা হবে তাদের ঐতিহাসিক নিঃসরণ ও সক্ষমতার ভিত্তিতে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ায় এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

