দ্য গার্ডিয়ান
সপ্তাহান্তের প্রাণঘাতী ঝড় ও ভারী বৃষ্টির পর গাজায় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি পানিতে তলিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত তাঁবুতে দিন কাটাচ্ছেন। একই সময়ে নতুন করে আশ্রয় গড়ার জন্য প্রয়োজনীয় প্রায় ১ লাখ ৫০ হাজার তাঁবু গাজার বাইরে আটকে আছে এবং সেগুলো প্রবেশে ইসরায়েলি অনুমোদনের অপেক্ষা চলছে বলে জানিয়েছে বিভিন্ন ত্রাণ সংস্থা।
সহায়তাকারী সংস্থাগুলোর আশঙ্কা, দ্রুত নতুন আশ্রয় ও শীতবস্ত্র পৌঁছানো না গেলে রোগ ছড়িয়ে পড়তে পারে এবং ঠান্ডাজনিত মৃত্যু আরও বাড়তে পারে। জাতিসংঘের হিসাবে, গাজার বন্যাপ্রবণ এলাকাগুলোতে প্রায় ৯ লাখ ৪০ হাজার মানুষ অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন, যেখানে ভারী বৃষ্টি থেকে রক্ষার কার্যকর ব্যবস্থা নেই।
সপ্তাহান্তে প্রবল বৃষ্টি ও ঝড়ে অন্তত চার ফিলিস্তিনি শিশু এবং এক নারী নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার তাঁবু, বহু পরিবার পুরোপুরি আশ্রয়হীন হয়ে পড়েছে এবং স্যানিটেশন ব্যবস্থাও ধসে গেছে। কোথাও কোথাও নর্দমার পানি মানুষের তাঁবুর ভেতরে ঢুকে পড়েছে।
বাস্তুচ্যুত ফিলিস্তিনি রায়েদ জামাল বলেন, ‘আমাদের সব কাপড় ভিজে গেছে। আমার বাচ্চারা সবাই অসুস্থ, কিন্তু তাদের জন্য নতুন কাপড় কেনার সামর্থ্য আমার নেই। ঠান্ডায় তাদের কষ্ট পাওয়া দেখা হৃদয়বিদারক।’
তিনি আরও বলেন, ‘অবস্থা এতটাই খারাপ ছিল যে সারা রাত হাঁড়ি-পাতিল দিয়ে বৃষ্টির পানি ধরে রাখতে হয়েছে, কারণ তাঁবুর ছাদ দিয়ে আমাদের ওপর পানি পড়ছিল।’
তিনি দ্য গার্ডিয়ানের সঙ্গে এমন ভিডিওও শেয়ার করেছেন, যেখানে প্রবল বাতাসে তাঁর তাঁবু কাঁপতে এবং ছিদ্র দিয়ে ভেতরে বৃষ্টির পানি ঢুকতে দেখা গেছে।
রোগ ও হাইপোথার্মিয়ার ঝুঁকি
যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস (এমএপি) জানিয়েছে, প্লাবিত তাঁবুতে বসবাসরত পরিবারগুলোর মধ্যে শ্বাসযন্ত্রের রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়তে পারে।
সংস্থাটির গাজা অঞ্চলের যোগাযোগ কর্মকর্তা মাই এলাওয়াদা বলেন, ‘আমাদের চিকিৎসা দলগুলো আশঙ্কা করছে, ঠান্ডা, স্যাঁতসেঁতে ও অতিরিক্ত ভিড়ের কারণে শ্বাসতন্ত্রের রোগ এবং অন্যান্য স্বাস্থ্যজটিলতা বাড়বে। গত শীতের মতো এবারও হাইপোথার্মিয়ায় আরও শিশু মারা যেতে পারে—এটাই আমাদের ভয়।’
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯ লাখ ৪০ হাজার মানুষ এমন এলাকায় বসবাস করছেন যেখানে বন্যার ঝুঁকি রয়েছে। ঝুঁকি আরও বেড়েছে কারণ বিদ্যুতের অভাবে বৃষ্টির পানি নিষ্কাশনের পাম্পিং সুবিধাগুলোও কার্যকর নেই।
মানবিক সংকটে কাজ করা দাতব্য সংস্থা শেল্টারবক্স জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে তারা সাধারণত যে তাঁবু সরবরাহ করে, সেগুলোর কিছু প্রায় দুই বছর ধরে গাজার বাইরে আটকে আছে। ফলে বাধ্য হয়ে ত্রিপল ও কাঠের প্যালেট দিয়ে অস্থায়ী আশ্রয় তৈরি করতে হয়েছে। তবে এসব সামগ্রীও প্রবেশে বিধিনিষেধের মুখে পড়ছে।

শেল্টারবক্সের একজন মুখপাত্র বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যা আবারও প্রমাণ করেছে, শীত আসার আগে আরও টেকসই আশ্রয়ের ব্যবস্থা কতটা জরুরি।’
তিনি বলেন, জরুরি ও অস্থায়ী সমাধানের ওপর অতিরিক্ত নির্ভরতার ফলে বহু মানুষ এমন আশ্রয়ে বসবাস করছেন, যা এই অঞ্চলের আবহাওয়া সহ্য করার উপযোগী নয় এবং খুব দ্রুত নষ্ট হয়ে যায়।
বৃষ্টির পর ৩ হাজার ৯০০ পরিবার পুরোপুরি আশ্রয়হীন
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে বন্যার পানিতে এক শিশু ডুবে মারা যায়। এ ছাড়া একটি বালুর ঢিবি ধসে তাঁবুর ওপর পড়লে অন্তত তিন শিশু ও তাদের মা নিহত হন।
জাতিসংঘ জানিয়েছে, বৃষ্টির পর প্রায় ২৬ হাজার পরিবার সহায়তা চেয়েছে। এর মধ্যে অন্তত ৩ হাজার ৯০০ পরিবার এখন পুরোপুরি আশ্রয়হীন।
গাজার ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছরেরও বেশি সময় পর দ্বিতীয় শীতের মুখোমুখি হচ্ছেন। তবে ত্রাণকর্মীদের মতে, আশ্রয়ের ক্ষেত্রে পরিস্থিতি গত বছরের তুলনায় খুব একটা উন্নত হয়নি। এর প্রধান কারণ হিসেবে তাঁরা ইসরায়েলের ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ সামগ্রীর ওপর বিধিনিষেধ এবং সীমান্ত পারাপারে দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করেছেন।
শেল্টারবক্সের মুখপাত্র বলেন, কোন সরঞ্জাম কবে ঢুকতে পারবে সে বিষয়ে পরিষ্কার প্রক্রিয়া না থাকায় কাজ আরও কঠিন হয়ে পড়ছে। কোনো দিন টুলকিট ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে, আবার অন্য দিন একই জিনিস আটকে দেওয়া হচ্ছে—কেন এমন হচ্ছে, তার ব্যাখ্যাও দেওয়া হচ্ছে না।
মানবিক সরবরাহ ঢোকাতে চাপ বাড়ানোর আহ্বান
কাউন্সিল ফর আরব-ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং (কাবু) ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, গাজায় ত্রাণসামগ্রী প্রবেশের সুযোগ বাড়াতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে।
সংস্থাটি মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং মেডিসিন সঁ ফ্রঁতিয়ের, অক্সফাম ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ বিভিন্ন সংস্থার লাইসেন্স পুনর্বহালের দাবিও জানিয়েছে।
কাবুর পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান জোসেফ উইলিটস বলেন, পূর্বাভাস দেওয়া শীতকালীন বৃষ্টি ও বন্যা ইতিমধ্যে বিধ্বস্ত ফিলিস্তিনিদের ওপর নতুন আঘাত এনেছে। যেখানে রোগ ও অপুষ্টি ছড়িয়ে রয়েছে, সেখানে একটি সাধারণ তাঁবুও যদি আটকে দেওয়া হয়, সেটি মানবসৃষ্ট ও রাজনৈতিক সংকটের অংশ হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, গাজার বন্যার মধ্যে আশ্রয় খোঁজা কোনো ফিলিস্তিনি পরিবারের পক্ষে রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা করা সম্ভব নয়।
ইসরায়েল গত সপ্তাহে দাবি করেছে, তারা ১০ হাজার তাঁবু গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। কিন্তু জাতিসংঘের হিসাবে প্রয়োজন তার চেয়ে বহুগুণ বেশি। প্রায় ১ লাখ ৫০ হাজার তাঁবু এখনো গাজার বাইরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। গাজার প্রায় ৯৪ শতাংশ ফিলিস্তিনি কোনো না কোনোভাবে আশ্রয় সহায়তার প্রয়োজনীয়তায় রয়েছেন।
ইসরায়েলি বেসরকারি সংস্থা গিশা বলেছে, আগের যুদ্ধবিরতির তুলনায় এবার গাজায় পণ্য প্রবেশের ওপর আরও কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ প্রতিদিন গড়ে ৬০০ ট্রাক গাজায় প্রবেশের দাবি করলেও গিশার অভিযোগ, ১২ প্যালেট পণ্যকেও একটি পূর্ণ ট্রাক হিসেবে গণনা করা হচ্ছে, যেখানে একটি সাধারণ ট্রাকে প্রায় ২০ প্যালেট বহন করা যায়। ফলে প্রকৃতপক্ষে বহনযোগ্য পণ্যের পরিমাণ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কম হতে পারে। কী কী পণ্য গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে, সে বিষয়েও স্বচ্ছতার ঘাটতির অভিযোগ তুলেছে সংস্থাটি।
‘ঠান্ডাই প্রাণঘাতী’
সাত মাস বয়সী এক শিশুর মা নুর আল-বাতশ জানান, তাঁর তাঁবু ধসে পড়ার পর বিদেশি অনুদানের ওপর নির্ভর করে মাসে ৫০০ ডলারে আংশিক বিধ্বস্ত একটি ফ্ল্যাট ভাড়া নিতে বাধ্য হয়েছেন। ওই ফ্ল্যাটে আরও কয়েকজনের সঙ্গে থাকতে হচ্ছে তাঁকে।
তিনি বলেন, ‘ঠান্ডা প্রাণঘাতী। সমুদ্রের পাশে তাঁবুতে থাকা মানে হিমশীতল তাপমাত্রায় সারাক্ষণ মৃত্যুর হুমকির মধ্যে থাকা।’
তিনি আরও বলেন, ‘এখনো শরৎকাল, শীত পুরোপুরি শুরুই হয়নি। আমি আমার দুর্বল তাঁবুটার দিকে তাকিয়ে শুধু প্রার্থনা করি যেন সেখানে আর ফিরে যেতে না হয়। কারণ ওই তাঁবুর ভেতরে মৃত্যু নিশ্চিত।’
ত্রাণ সংস্থাগুলোর আশঙ্কা, দ্রুত পর্যাপ্ত তাঁবু, উষ্ণ পোশাক, কম্বল ও টেকসই আশ্রয়ের উপকরণ প্রবেশের অনুমতি না মিললে আসন্ন শীতে গাজায় মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

