Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত, তাহলে এর জনগণ কেন এখনও অরক্ষিত?
    আন্তর্জাতিক

    গাজা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত, তাহলে এর জনগণ কেন এখনও অরক্ষিত?

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৯ নভেম্বর, ২০২৬ তারিখে ফিলিস্তিনের মধ্যাঞ্চলীয় গাজার দেইর আল-বালাহ-এর দক্ষিণে একটি মর্মান্তিক তাঁবু ধসের ঘটনার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ক্ষতিগ্রস্ত তাঁবু পরিদর্শন করছেন। ছবি: আনাদোলু এজেন্সি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় এখন শিশুরা শুধু বোমা কিংবা গুলির আঘাতে মারা যাচ্ছে না। নিরাপদে ঘুমানোর মতো আশ্রয় না থাকার কারণেও তাদের মৃত্যু হচ্ছে।

    গত পরশু ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া হাজার হাজার তাঁবু পানিতে তলিয়ে যায়। ঘুম থেকে উঠে পরিবারগুলো নিজেদের চারপাশে পানি দেখতে পায়। তাদের বিছানা, কম্বল এবং অবশিষ্ট সামান্য জিনিসপত্রও ভিজে যায়। কিছু অস্থায়ী আশ্রয়স্থল ধসে পড়ে।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেইর আল-বালাহতে তাঁবুর ওপর বালুর ঢিবি ধসে পড়লে তিন শিশুসহ পাঁচজন নিহত হন। পৃথক আরেকটি ঘটনায় এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবরও পাওয়া গেছে।

    এসব মৃত্যু একটি বেদনাদায়ক প্রশ্ন সামনে নিয়ে এসেছে।

    লাখ লাখ ফিলিস্তিনি আন্তর্জাতিক আইনের সুরক্ষার আওতায় থাকার পরও আন্তর্জাতিক ব্যবস্থা কেন তাদের নিরাপদে ঘুমানোর মতো একটি আশ্রয়ের নিশ্চয়তা দিতে পারছে না?

    জাতিসংঘের হিসাবে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়স্থলে বসবাস করছেন। ইউনিসেফ সতর্ক করেছে, প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছেন। তাঁদের মধ্যে চার লাখ মানুষ বসবাস করছেন অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে।

    অথচ মানবিক সহায়তা সংস্থা ও বিভিন্ন সরকারের কেনা দেড় লাখের বেশি তাঁবু এখনো গাজার বাইরে পড়ে আছে। সেগুলো গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।

    এটি নিছক কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। বছরের পর বছর ধরে চলা ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং বিভিন্ন বিধিনিষেধের সম্মিলিত পরিণতি এই সংকট। এসব কারণে সাধারণ শীতকালীন প্রতিকূল আবহাওয়া থেকেও নিজেদের রক্ষা করার সামর্থ্য হারিয়েছেন গাজার মানুষ।

    আর এই পরিস্থিতি আরও বড় একটি সমস্যা সামনে নিয়ে এসেছে। সেটি হলো আন্তর্জাতিক আইন এবং সেই আইন কার্যকর করার দায়িত্বে থাকা আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যকার গভীর ব্যবধান।

    গাজা আন্তর্জাতিক আইনের বাইরে নয়

    আন্তর্জাতিক আইন তৈরি করা হয়েছে মানুষের সুরক্ষার জন্য, বিশেষ করে সশস্ত্র সংঘাতের সময় বেসামরিক নাগরিকদের রক্ষা করার উদ্দেশ্যে।

    জেনেভা কনভেনশনগুলো বেসামরিক মানুষের সুরক্ষায় মৌলিক বিধান নির্ধারণ করেছে। এসব বিধানে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা, সমষ্টিগত শাস্তি এবং যুদ্ধের পদ্ধতি হিসেবে অনাহারকে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে হাসপাতাল, চিকিৎসাকর্মী এবং মানবিক সহায়তা কার্যক্রমের সুরক্ষার বিধানও রয়েছে।

    গাজায় মায়সার ছয় সন্তানের মধ্যে তিনজন তাদের অস্থায়ী আশ্রয়স্থলের বাইরে বসে আছে। ছবি: সংগৃহীত
    গাজায় মায়সার ছয় সন্তানের মধ্যে তিনজন তাদের অস্থায়ী আশ্রয়স্থলের বাইরে বসে আছে। ছবি: সংগৃহীত

    আন্তর্জাতিক আদালত নির্দেশনা দিয়েছে, তবু গাজার দুর্ভোগ থামেনি

    যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক আদালতগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছে।

    ২০২৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলকে গণহত্যা সনদের অধীনে নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

    একই বছরের মার্চ ও মে মাসে আদালত আরও নির্দেশনা জারি করে।

    এসব নির্দেশ আইনগতভাবে বাধ্যতামূলক। তবে এগুলো গাজায় গণহত্যা সংঘটিত হয়েছে বলে আদালতের চূড়ান্ত রায় নয়।

    ২০২৫ সালের অক্টোবরে আদালত আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শমূলক মতামত দেয়। সেখানে মানবিক সহায়তা সংস্থা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েলের দায়িত্ব ও বাধ্যবাধকতা ব্যাখ্যা করা হয়।

    আদালত জানায়, খাদ্য, পানি, চিকিৎসাসেবা ও আশ্রয়সহ অত্যাবশ্যকীয় সরবরাহ নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। একই সঙ্গে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার পরিচালিত মানবিক ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে হবে।

    অন্যদিকে, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে এসব পরোয়ানা অপরাধ প্রমাণিত হওয়ার চূড়ান্ত রায় নয়।

    এসব পদক্ষেপ প্রমাণ করে, গাজা আন্তর্জাতিক আইনি ব্যবস্থার বাইরে নয়। কিন্তু আদালতের সিদ্ধান্তগুলো একাই বেসামরিক মানুষের জন্য জরুরি সুরক্ষা নিশ্চিত করতে পারেনি।

    অত্যাবশ্যকীয় আশ্রয় তৈরির উপকরণ গাজার বাইরে আটকে থাকা অবস্থায় যদি পানিতে তলিয়ে যাওয়া তাঁবুর ভেতর একটি শিশুর মৃত্যু হয়, তাহলে আন্তর্জাতিক আইনের বাস্তব কার্যকারিতা কোথায়?

    সর্বশেষ দুর্যোগ দেখিয়ে দিল ব্যর্থতা কতটা গভীর

    নভেম্বরের বন্যা গাজার মানবিক সংকটের ভয়াবহতা নতুন করে সামনে নিয়ে এসেছে।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২৬ হাজারের বেশি পরিবার তাদের আশ্রয়স্থল কিংবা ব্যক্তিগত জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। ছয় হাজারের বেশি পরিবারের আশ্রয়স্থল সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে। আরও হাজার হাজার আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কিন্তু সংকট শুধু তাঁবুর মধ্যে সীমাবদ্ধ নেই।

    ইউনিসেফ জানিয়েছে, গাজার কোনো বর্জ্যপানি শোধনাগার বর্তমানে কার্যকর নেই।

    গাজা নগরীর শেখ রাদওয়ান বৃষ্টির পানি সংরক্ষণাগার উপচে পয়োবর্জ্য মিশ্রিত পানি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেখানকার ছয়টি পাম্পের মধ্যে মাত্র দুটি সচল রয়েছে।

    ১০ নভেম্বর ইউনিসেফ জানায়, প্রায় ৩০ লাখ ডলারের একটি প্রকল্পের আওতায় ওই পানি সংরক্ষণাগার মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে এসব সরঞ্জাম প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

    এর অর্থ, দূষিত পানি, রোগব্যাধি এবং নতুন করে বাস্তুচ্যুতির কারণে পরিবারগুলো আরও একটি দুর্যোগের মুখোমুখি হতে পারে।

    এমনকি শিশুদের শিক্ষাও এই বিপর্যয় থেকে রেহাই পায়নি। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় কয়েক ডজন অস্থায়ী শিক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা সেগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে। এসব শিক্ষাকেন্দ্রের ওপর প্রায় ৫৫ হাজার শিশু নির্ভরশীল।

    যেসব শিশু ইতিমধ্যে নিজেদের ঘরবাড়ি, বিদ্যালয় এবং স্বাভাবিক শৈশবের মূল্যবান কয়েকটি বছর হারিয়েছে, তারাই এখন ঘুমানোর জন্য একটুখানি শুকনো জায়গা খুঁজে পেতে লড়াই করছে।

    গাজার সংকটকে এত উদ্বেগজনক করে তুলেছে এই বাস্তবতাই।

    বৃষ্টি নিজে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। অস্বাভাবিক হলো ধ্বংসযজ্ঞ ও অসহায়ত্বের সেই ভয়াবহ মাত্রা, যা সাধারণ শীতকালীন আবহাওয়াকেও প্রাণঘাতী হুমকিতে পরিণত করেছে।

    মানবিক সহায়তা সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। কিন্তু অর্থায়ন, সরঞ্জাম ও ত্রাণসামগ্রীর ঘাটতির পাশাপাশি গাজায় অত্যাবশ্যকীয় উপকরণ প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করছে।

    অথচ এমন পরিস্থিতির আশঙ্কা আগে থেকেই করা সম্ভব ছিল। বৃষ্টি শুরু হওয়ার অনেক আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল।

    শান্তি পরিকল্পনা আন্তর্জাতিক আইনের বিকল্প হতে পারে না

    বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে।

    ৯ নভেম্বর যুক্তরাষ্ট্র-সমর্থিত ‘বোর্ড অব পিস’ সতর্ক করে জানায়, গাজা তাৎক্ষণিক মানবিক জরুরি পরিস্থিতির মুখোমুখি।

    গাজায় অত্যাবশ্যকীয় মানবিক সহায়তা ও শীতকালীন সরঞ্জাম প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের বিলম্বের সমালোচনা করে বোর্ডটি। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র সমর্পণ এবং শাসনক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায়।

    অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, তারা বিপুল পরিমাণ মানবিক সহায়তা গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। সহায়তা পৌঁছাতে চলমান বিলম্বের জন্য দেশটি হামাস এবং ত্রাণ বিতরণসংক্রান্ত সমস্যাকে দায়ী করেছে।

    এসব মতবিরোধ রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। কিন্তু বেসামরিক মানুষ অত্যাবশ্যকীয় মানবিক সহায়তা পাবেন কি না, তা এসব বিরোধের ওপর নির্ভর করা উচিত নয়।

    একটি শিশু হামাসের অস্ত্রের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখে না।

    পানিতে তলিয়ে যাওয়া তাঁবুতে বসবাসকারী একজন মা সিদ্ধান্ত নেন না, কখন ইসরায়েলি বাহিনী সেনা প্রত্যাহার করবে।

    আর যেসব পরিবার নিজেদের সবকিছু হারিয়েছে, তারা খাদ্য, বিশুদ্ধ পানি ও আশ্রয় পাওয়ার আগে গাজার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দর-কষাকষি করতে পারে না।

    শান্তি আলোচনা কঠিন হয়ে পড়লেই আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে থাকা দায়িত্ব ও বাধ্যবাধকতা বিলুপ্ত হয়ে যায় না।

    শান্তিপ্রক্রিয়ায় সমঝোতা, নিরাপত্তার নিশ্চয়তা এবং কয়েক মাসের আলোচনা প্রয়োজন হতে পারে।

    কিন্তু মানুষের সুরক্ষা প্রয়োজন আজই।

    মানবিক সহায়তাকে এমন কোনো সুবিধায় পরিণত করা যায় না, যা পাওয়ার জন্য বেসামরিক মানুষকে আগে রাজনৈতিক চুক্তির শর্ত পূরণ করতে হবে।

    আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাও এখন পরীক্ষার মুখে

    গাজার সমস্যা এই নয় যে আন্তর্জাতিক আইনে প্রয়োজনীয় বিধান নেই।

    বিধান রয়েছে। আন্তর্জাতিক আদালতগুলো সেগুলোর অনেকগুলো ব্যাখ্যাও করেছে। মানবিক সহায়তা সংস্থাগুলো মানুষের দুর্ভোগ নথিবদ্ধ করেছে এবং জরুরি প্রয়োজনগুলোও চিহ্নিত করেছে।

    সমস্যা হলো, এসব আইনি বাধ্যবাধকতা বাস্তবায়ন প্রায়ই শক্তিশালী রাষ্ট্রগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

    বিভিন্ন দেশের সরকার বক্তৃতায় আন্তর্জাতিক আইনের প্রতি সমর্থন জানালেও নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক চাপ প্রয়োগের প্রশ্নে তাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে।

    জাতিসংঘ আসন্ন দুর্যোগ সম্পর্কে সতর্ক করতে পারে। আদালত আইনি নির্দেশনা দিতে পারে। মানবিক সহায়তা সংস্থাগুলো প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রস্তুত রাখতে পারে।

    কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে প্রয়োজনীয় পদক্ষেপ বাধাগ্রস্ত বা বিলম্বিত হলে তার মূল্য দিতে হয় বেসামরিক মানুষকে।

    কোনো জনগোষ্ঠীর শক্তিশালী মিত্ররাষ্ট্র রয়েছে কি না, তার ওপর আন্তর্জাতিক আইনের সুরক্ষা নির্ভর করা উচিত নয়।

    এই সুরক্ষা যদি সর্বজনীন হয়, তাহলে অন্য সবার মতো ফিলিস্তিনিদের ক্ষেত্রেও বাস্তবে তা কার্যকর হতে হবে।

    এটি আন্তর্জাতিক ব্যবস্থার নিজের বিশ্বাসযোগ্যতারও পরীক্ষা।

    যে আন্তর্জাতিক ব্যবস্থা শান্তি সম্মেলনের আয়োজন করতে পারে, আইনি সিদ্ধান্ত দিতে পারে এবং পুনর্গঠন নিয়ে আলোচনা করতে পারে, অথচ অত্যাবশ্যকীয় আশ্রয় ও পয়োনিষ্কাশন সরঞ্জাম পৌঁছানো নিশ্চিত করতে পারে না, তাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে—তার অগ্রাধিকারের জায়গা আসলে কোথায়।

    গাজার প্রয়োজন সুরক্ষা, আরেকটি ঘোষণা নয়

    গাজার মানুষ নিজেদের দুর্ভোগ নিয়ে অসংখ্য বিবৃতি ইতিমধ্যে শুনেছেন।

    তাঁরা আন্তর্জাতিক নেতাদের উদ্বেগ প্রকাশ করতে শুনেছেন, মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান শুনেছেন এবং পুনর্গঠনের প্রতিশ্রুতিও পেয়েছেন।

    তারপরও পরিবারগুলো ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করছে। শিশুরা এখনো রোগব্যাধি ও শীতের ঝুঁকিতে রয়েছে। আর পর্যাপ্ত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হওয়ার আগেই আরও একটি শীতকাল এসে গেছে।

    সর্বশেষ বন্যা দেখিয়ে দিয়েছে, বড় ধরনের সামরিক অভিযান বন্ধ হওয়াই যথেষ্ট নয়। মানুষের বেঁচে থাকা এবং নতুন করে জীবন গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পরিবেশও নিশ্চিত করতে হবে।

    আন্তর্জাতিক আইনের কাজ কেবল মানুষের দুর্ভোগের পর আইন লঙ্ঘনের ঘটনাগুলো চিহ্নিত করা নয়।

    দুর্ভোগ ঘটার আগেই তা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।

    গাজা আন্তর্জাতিক আইনের বাইরে নয়। কিন্তু সেখানকার মানুষ এখনো অপেক্ষা করছেন, কবে আন্তর্জাতিক ব্যবস্থা সেই আইনকে বাস্তব সুরক্ষায় রূপ দেবে।

    প্রশ্নটি এখন আর এই নয় যে ফিলিস্তিনিদের জীবন, খাদ্য, পানি, আশ্রয় ও মর্যাদার অধিকার রয়েছে কি না।

    এসব অধিকার ইতিমধ্যেই স্বীকৃত।

    আসল প্রশ্ন হলো, আন্তর্জাতিক ব্যবস্থা এসব অধিকার স্বীকার করার পরও কেন সবচেয়ে বেশি সুরক্ষার প্রয়োজন এমন মানুষদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে? তাহলে আন্তর্জাতিক আইন কি গাজাকে শুধু কাগজে-কলমেই সুরক্ষা দেয়?


    • তামের আজরামি: বেলজিয়ামে বসবাসকারী রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষার্থী। সূত্র: মিডল ইস্ট মনিটর
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বাংলাদেশের অর্থনীতি ৫০ হাজার কোটি ডলারের, তবু বিলিয়নেয়ার নেই কেন

    নভেম্বর 11, 2026
    মতামত

    ‘ট্রাম্প চাইলেই নিজের শর্তে ইরান যুদ্ধ থামাতে পারবেন না’

    নভেম্বর 11, 2026
    বিশ্ব অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে সুদ বাড়ার শঙ্কা, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

    নভেম্বর 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.