যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে অজ্ঞাতনামা সৈনিকের সমাধির সামনে ছবি তোলার সময় হাসাহাসি ও কথা বলায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তাঁর সফরসঙ্গীদের সতর্ক করেছেন দায়িত্বে থাকা এক সেনা প্রহরী।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, ‘টম্ব অব দ্য আননোন সোলজার’-এর সামনে ছবি তোলার সময় হেগসেথ, তাঁর স্ত্রী এবং কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা পরস্পরের সঙ্গে কথা বলছেন ও হাসছেন।
এ সময় সমাধিসৌধের নিরাপত্তায় নিয়োজিত এক সেনা প্রহরী তাঁদের দিকে এগিয়ে গিয়ে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সর্বদা নীরবতা ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।’
সমাধিসৌধটির শিষ্টাচারবিধি অনুযায়ী, সেখানে দর্শনার্থীদের নিচু স্বরে কথা বলতে হয় এবং এমন কোনো আচরণ থেকে বিরত থাকতে হয়, যা স্থানটির গাম্ভীর্য নষ্ট করতে পারে।
২৪ ঘণ্টা পাহারায় থাকে অজ্ঞাতনামা সৈনিকের সমাধি
যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধস্মৃতিসৌধ এই টম্ব অব দ্য আননোন সোলজার। এখানে প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনাকে সমাহিত করা হয়েছে।
১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের ৩য় পদাতিক রেজিমেন্টের একজন সদস্য ২৪ ঘণ্টা এই সমাধিসৌধ পাহারা দিয়ে আসছেন। দায়িত্বে থাকা প্রহরীরা সেখানে কঠোর শৃঙ্খলা ও গাম্ভীর্য বজায় রাখেন।
ঘটনার পর পেন্টাগনের প্রধান মুখপাত্র শান পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘এই গাম্ভীর্যপূর্ণ দিবস পালনের সময় এক সেনা সদস্য যথাযথ ও শ্রদ্ধাপূর্ণ উপায়ে সবাইকে শালীনতা বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমেরিকাকে নিরাপদ রাখতে আমাদের সামরিক বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী ও পুরো দপ্তর সবসময় তার প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
একই অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্য
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা বার্ষিক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ট্রাম্প দেশের জন্য লড়াই করা সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে নিজের প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও সাফল্যের কথাও তুলে ধরেন।
ট্রাম্প বলেন, ‘এই প্রশাসনের অধীনে এবং এটিই উপযুক্ত সময় ছিল—কেউ একজন পাল্টা জবাব দিয়েছে। আমরা সবাই মিলে পাল্টা লড়াই করেছি।’
ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এবং আমরা জয়ী হয়েছি। এখন কেবল প্রশ্ন হলো আমরা কখন এটি শেষ করতে চাই। আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের ৯৩ শতাংশ নয়, বরং শতভাগ বিজয় অর্জিত হয়েছে।’
অভিশংসন প্রচেষ্টার মধ্যেই হেগসেথকে সমর্থন ট্রাম্পের
অনুষ্ঠানে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী হেগসেথেরও প্রশংসা করেন। তাঁর ভাষায়, হেগসেথ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ‘অসাধারণ কাজ’ করছেন।
ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের অভিশংসনের প্রচেষ্টার মধ্যেও হেগসেথের প্রতি সমর্থন জানিয়ে আসছেন ট্রাম্প।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অভিযোগে গত মঙ্গলবার ক্যাপিটল হিলে হেগসেথকে অভিশংসনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ ও ‘স্টান্ট’ বলে অভিহিত করেছেন হেগসেথ।
এর মধ্যেই আর্লিংটনে অজ্ঞাতনামা সৈনিকের সমাধির সামনে শিষ্টাচার বজায় রাখতে সেনা প্রহরীর প্রকাশ্য সতর্কবার্তা নতুন করে আলোচনায় এনেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আচরণ।

