ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় আর কখনোই ফিরবে না হরমুজ প্রণালি। সূত্র: আল জাজিরা
বুধবার প্রকাশিত আল জাজিরার এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথের তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে। ইরানের দেওয়া সাত দফা যুদ্ধ-সমাপ্তির প্রস্তাবের অংশ হিসেবেই এই সমঝোতা হয়েছে বলে জানান তিনি।
গালিবাফ বলেন, ‘সেখানে কোনো “উন্মুক্ত জলসীমা” বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘের সনদও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির অভ্যন্তরে কী ধরনের নিয়মকানুন কার্যকর হবে, তা এর দুই তীরবর্তী দেশের আইন অনুযায়ী নির্ধারিত হবে।’
সাত শর্তে আলোচনার প্রস্তাব
গালিবাফ জানান, কাতারের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। ওই বার্তায় শান্তি আলোচনায় বসার জন্য ইরানের সাতটি শর্ত তুলে ধরা হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।
তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’
ইরানের প্রধান আলোচক হিসেবে গালিবাফ যেসব শর্তের কথা উল্লেখ করেন, তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের অর্থ ছাড়, সব যুদ্ধক্ষেত্রে লড়াই বন্ধ করা এবং যুদ্ধের অবসান ঘটেছে বলে সুস্পষ্ট ঘোষণা দেওয়া।
তাঁর দাবি, এসব শর্ত গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে এগুলো বাস্তবায়ন করতে হবে।
গালিবাফ বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ না করে, আগে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে সেগুলোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’
তিনি আরও বলেন, ‘একটি সমঝোতায় পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’
নতুন হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি
গালিবাফ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কো সফরের সময় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাঁকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।
ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা নিয়েও সতর্ক করেন তিনি। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে পরাজয়ের মুখে পড়বেন এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও রাজনৈতিক চাপের সম্মুখীন হতে পারেন।
গালিবাফ বলেন, ইরান আর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতিতে থাকতে চায় না।
তাঁর মতে, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ এবং সে জন্য টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা জরুরি। এর মধ্যে সামরিক সক্ষমতাও অন্তর্ভুক্ত।
ইয়েমেন সংঘাতেও মধ্যস্থতার প্রস্তাব
সাক্ষাৎকারে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং হুথি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত নিয়েও কথা বলেন গালিবাফ।
আনসার আল্লাহ নামেও পরিচিত হুথিদের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনি বলেন, ‘এতে কারও হস্তক্ষেপ করা উচিত নয়।’
তবে একই সঙ্গে তিনি জানান, ইয়েমেনের সরকার ও সৌদি আরব উভয় পক্ষ যদি ইরানের সহায়তা চায়, তাহলে সংঘাত নিরসনে তেহরান মধ্যস্থতা করতে প্রস্তুত।
গালিবাফ বলেন, ‘ইয়েমেনের সরকার ও সৌদি আরব—উভয় পক্ষই যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের সংঘাত নিরসনে আমরা অবশ্যই সহযোগিতা করব।’
এর আগে সৌদি আরবে একের পর এক প্রাণঘাতী হামলার পর গত অক্টোবরেও সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে আলোচনা আয়োজনে সহায়তার প্রস্তাব দিয়েছিল ইরান।
হরমুজ প্রণালি নিয়ে তেহরানের নতুন অবস্থান, সাত দফা শর্ত এবং যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষা—সব মিলিয়ে যুদ্ধ-পরবর্তী আঞ্চলিক নিরাপত্তা ও কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

