ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন ইয়াশার পার্টির নেতা ও সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান বুধবার গভীর রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আইডিএফকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দিয়েছে। পদাধিকারবলে এই মন্ত্রিসভার নেতৃত্বে রয়েছেন নেতানিয়াহু।
কান বলেছে, ‘নিরাপত্তা মন্ত্রিসভার দেওয়া এই নির্দেশনার ফলে ইসরায়েলি সামরিক বাহিনী এমন সব কার্যক্রম পরিচালনা করতে পারে, যা যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে।’
সামরিক পদক্ষেপ স্থগিত রাখতে আইজেনকোটের আহ্বান
নিরাপত্তা মন্ত্রিসভার এই নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসে গাদি আইজেনকোটের একটি বিবৃতির পর।
সেখানে তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত এমন কোনো অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপ না নিতে, যা পরে স্থগিত রাখা যেত।
কানের প্রতিবেদনে বলা হয়, ‘গাদি আইজেনকোট অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীকে এমন সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, যা পরবর্তী সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত স্থগিত রাখা সম্ভব।’
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট বলেন, ‘কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি ছাড়া নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা উচিত নয়। এমন পদক্ষেপ ইসরায়েলি গণতন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থার জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।’
তিনি নেতানিয়াহুকে সংযম দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এমন কোনো সাংবিধানিক সংকটে না ফেলার অনুরোধ করেন, যেখানে তাদের সিদ্ধান্ত নিতে হতে পারে কোন আদেশ পালন করবেন আর কোনটি করবেন না।
সেনাপ্রধানের সঙ্গেও মতপার্থক্য
ইরান ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে শুধু আইজেনকোটেরই নয়, সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বেরও মতবিরোধ তৈরি হয়েছে বলে এর আগে জানিয়েছিল ইসরায়েলি সংবাদমাধ্যম।
১০ নভেম্বর চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু এবং আইডিএফের চিফ অব স্টাফ ইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
চ্যানেলটির তথ্য অনুযায়ী, জামির মনে করেন নেতানিয়াহু যে পদক্ষেপ নিতে চাইছেন তা অবিবেচনাপ্রসূত এবং বর্তমান পরিস্থিতিতে নতুন করে সংঘাত উসকে দিতে পারে।
বিশেষ করে এমন সময়ে এ ধরনের পদক্ষেপ ঝুঁকিপূর্ণ হতে পারে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক সামনে
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল ৫ অক্টোবর। দৈনিক ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদন অনুযায়ী, আগামী রোববার আবারও মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইরান ইস্যুতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ, অন্তর্বর্তী সরকারের এখতিয়ার এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে বড় সিদ্ধান্ত নেওয়া কতটা সমীচীন- এসব প্রশ্ন এখন ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা পরিমণ্ডলে নতুন বিতর্ক তৈরি করেছে।

