রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মস্কোয় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দুই দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। বৃহস্পতিবার সকালে তাঁরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য মস্কোয় পৌঁছান। সূত্র: আল জাজিরা
পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বিমানবন্দরে কুশনার ও উইটকফকে স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে মধ্য মস্কোয় যান।
এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দিনের ত্রিপক্ষীয় আলোচনা শেষ হয়েছে। বুধবার শেষ হওয়া ওই আলোচনায় বড় ধরনের বন্দিবিনিময়ের পরিকল্পনায় অগ্রগতি হলেও প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো বড় ধরনের সমঝোতা হয়নি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভূখণ্ডের নিয়ন্ত্রণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। তবে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে কিছু অগ্রগতি হয়েছে।
অন্যদিকে ইউক্রেন স্পষ্টভাবে রাশিয়ার সেই দাবি প্রত্যাখ্যান করেছে, যেখানে শান্তির বিনিময়ে পূর্বাঞ্চলীয় ডনবাস পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।
আবুধাবির এই আলোচনা ছিল গত নয় মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি বৈঠক।
ইউরোপকে আলোচনায় আনতে পুতিনকে বোঝানোর চেষ্টা
মস্কো থেকে আল জাজিরার প্রতিবেদক ইউলিয়া শাপোভালোভার মতে, বৃহস্পতিবারের বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের অন্যতম লক্ষ্য হবে পুতিনকে ইউরোপীয় দেশগুলোকে শান্তি আলোচনার প্রক্রিয়ায় যুক্ত করতে রাজি করানো।
তিনি বলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র চায় ইউরোপীয় অংশীদারেরাও আলোচনায় থাকুক। কিন্তু মস্কো এখনো ইউরোপকে বাদ দিয়ে আলোচনা চালানোর অবস্থানে অনড়। সে কারণেই ইউরোপীয় দেশগুলো এ প্রক্রিয়া থেকে অনেকটাই বাইরে রয়েছে।
শাপোভালোভার মতে, মার্কিন প্রতিনিধিদল পুতিনের কাছে একটি হালনাগাদ শান্তি প্রস্তাবও তুলে ধরবে। আলোচনায় কিরিল দিমিত্রিয়েভের উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, জটিল ও স্পর্শকাতর কয়েকটি বিষয়ও বৈঠকে গুরুত্ব পাবে।
ডাবলিনে ইউরোপীয় নেতাদের বৈঠক
একই সময়ে ইউরোপের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ডাবলিনে জড়ো হয়েছেন ৪০টির বেশি ইউরোপীয় দেশের নেতা।
ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির (ইপিসি) এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্যসহ অন্যান্য ইউরোপীয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটেও উপস্থিত রয়েছেন।
২০২২ সালে ইপিসি গঠন করা হয় ইউরোপীয় ইউনিয়নের ভেতর ও বাইরের দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে।
জেলেনস্কি ও তাঁর ইউরোপীয় মিত্ররা চলতি সপ্তাহে আবুধাবিতে অনুষ্ঠিত আলোচনা নিয়েও মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার জেলেনস্কির সঙ্গে বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার ডাবলিনে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন।
কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রে ম্যাকালপাইন জানিয়েছেন, ইউক্রেনীয়দের মধ্যে মস্কোর আলোচনাকে ঘিরে বড় ধরনের আশাবাদ নেই।
তিনি বলেন, গত দুই দিনের আলোচনায় মূলত আরেকটি বন্দিবিনিময়ের বিষয়ে অগ্রগতি হয়েছে, যা আগের আলোচনাতেও দেখা গেছে।
ম্যাকালপাইনের ভাষায়, রাশিয়া ও ইউক্রেনের মৌলিক অবস্থানে খুব বেশি পরিবর্তন হয়নি। তবে আলোচনাটি অনুষ্ঠিত হওয়াই একটি উল্লেখযোগ্য ঘটনা।
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আনছে ইইউ
শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
ফ্রান্সের ইউরোপবিষয়ক প্রতিমন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদ বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী সোমবার রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করবে ইইউ।
তিনি বলেন, নতুন নিষেধাজ্ঞার আওতায় আরও ১৫০টি প্রতিষ্ঠান এবং ৫০টি ব্যাংক যুক্ত হবে। এই তালিকার বড় অংশ ফ্রান্স প্রস্তাব করেছে।
একদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা, অন্যদিকে ইউরোপের নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি- এই দুই সমান্তরাল প্রক্রিয়ার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে নতুন কূটনৈতিক তৎপরতা চলছে।

