Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি আরব কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সম্প্রসারণ করছে?
    আন্তর্জাতিক

    সৌদি আরব কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সম্প্রসারণ করছে?

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তৎকালীন যুবরাজ সালমান বিন আবদুল আজিজের নেতৃত্বে ২০১৪ সালের ২৯ এপ্রিল অনুষ্ঠিত এক বিরল সামরিক কুচকাওয়াজে সৌদি আরব প্রকাশ্যে তাদের চীন-নির্মিত ডিএফ-৩এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে, যেগুলোর পাল্লা ৩,০০০ কিলোমিটারেরও বেশি।ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিডল ইস্ট আই

    ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে চীনের নকশায় তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত বাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে সৌদি আরব সম্পর্কে।

    মার্কিন গবেষকদের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, সৌদি আরবের রিয়াদ প্রদেশের আল-দুওয়াদিমিতে অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকেন্দ্র সম্প্রসারণ করা হচ্ছে। এর উদ্দেশ্য আরও বড় আকারের কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরি করা, যেগুলো বেশি ওজনের বিস্ফোরক বহন করে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

    গত জুলাই থেকে সৌদি আরব ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। এর ফলে জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যে যুদ্ধবিরতি ২০২২ সাল থেকে অনেকাংশে কার্যকর ছিল, তা ভেঙে পড়েছে।

    হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। তাদের দাবি, ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সৌদি আরোপিত ‘অবরোধের’ প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে।

    বিশ্লেষকেরা জানিয়েছেন, হুতিদের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডারের কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে।

    ২০২১ সালে চীনের সহায়তায় সৌদি আরব নিজ দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে বেইজিংয়ের সঙ্গে রিয়াদের সম্পর্ক কয়েক দশকের পুরোনো।

    ১৯৮০-এর দশকে রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স (আরএসএসএমএফ) প্রতিষ্ঠার কিছুদিন পরই প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের জন্য চীনের দ্বারস্থ হয় রিয়াদ।

    সে সময় চীন সৌদি আরবকে প্রচলিত অস্ত্রবাহী ডিএফ-৩ মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ছিল দুই হাজার মাইলের বেশি। তবে এত দীর্ঘ পাল্লার তুলনায় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা ছিল অত্যন্ত সীমিত।

    পরবর্তীতে ২০০৭ সালে সৌদি আরব আরও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম প্রচলিত অস্ত্রবাহী ডিএফ-২১ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে বলে জানা যায়।

    গত সেপ্টেম্বরে ইয়েমেনে পাওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ভিডিওতে ইঙ্গিত পাওয়া যায়, সৌদি আরব ডিএফ-১৫এ স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি নিশ্চিত হলে চীনের নকশায় তৈরি সৌদি ক্ষেপণাস্ত্রগুলোর কোনো একটির প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহারের ঘটনা হতে পারে।

    আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) প্রকল্পের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক আমেনেহ মেহভার বলেছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচির এই সম্প্রসারণ সৌদি আরবের সামরিক সক্ষমতায় বৈচিত্র্য আনার বৃহত্তর কৌশলের প্রতিফলন।

    তিনি বলেন, “রিয়াদ এখনো যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অত্যাধুনিক যুদ্ধবিমান ও প্রতিরক্ষাব্যবস্থায় বিপুল বিনিয়োগ করছে। অন্যদিকে চীনের নকশায় তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সামনে যুদ্ধবিমানকে ঝুঁকিতে না ফেলেই দূরপাল্লার হামলা চালানোর একটি অতিরিক্ত সুযোগ তৈরি করছে।”

    মেহভার আরও বলেন, “দেশের ভেতরে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো হলে সৌদি আরব নিজস্ব আঘাত হানার সক্ষমতার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। একই সঙ্গে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতাও কমাতে পারবে।”

    ভূরাজনৈতিক পরিবর্তনের ঝুঁকি কমানোর চেষ্টা

    অলসোর্স অ্যানালাইসিসের প্রযুক্তি ও গোয়েন্দা সমাধানবিষয়ক ভাইস প্রেসিডেন্ট সিম ট্যাক মনে করেন, স্যাটেলাইট চিত্রগুলো সৌদি আরবের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে যাওয়ার শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে।

    তিনি বলেন, “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে সহায়ক অবকাঠামোর সম্প্রসারণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি নিশ্চিত করছে যে সৌদি আরব নিজস্ব ক্ষেপণাস্ত্রের নকশা প্রণয়ন ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।”

    তিনি বলেন, “আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় এই উদ্যোগ ইরান ও হুতিদের মতো তার মিত্রদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিপরীতে ভারসাম্য তৈরির সৌদি উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

    এই সম্প্রসারণের মধ্য দিয়ে নিজেদের প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের আরও বড় অংশ দেশেই উৎপাদনের সৌদি আকাঙ্ক্ষাও প্রকাশ পাচ্ছে।

    ঐতিহ্যগতভাবে সামরিক সরঞ্জামের জন্য পশ্চিমা সরবরাহকারীদের ওপর নির্ভরশীল সৌদি আরব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহের ক্ষেত্রে তুলনামূলকভাবে সীমিত সুযোগ পেয়েছে। এর একটি কারণ, পশ্চিমা দেশগুলো ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট প্রযুক্তির আঞ্চলিক বিস্তার বাড়াতে অনাগ্রহী।

    এই পরিস্থিতি সৌদি আরবকে ক্ষেপণাস্ত্রের অপেক্ষাকৃত নীরব সরবরাহকারী হিসেবে চীনের দিকে ঝুঁকতে উৎসাহিত করেছে।

    ট্যাক বলেন, “দেশীয় উৎপাদন সক্ষমতা এবং তার ধারাবাহিক উন্নয়ন সবচেয়ে বেশি যে বিষয়টি নির্দেশ করে, তা হলো সৌদি আরব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায়।”

    তিনি আরও বলেন, “নিজ দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং সম্ভব হলে নিজস্ব নকশা তৈরির সক্ষমতা অর্জন করলে সৌদি আরব ভূরাজনৈতিক পরিবর্তনের ঝুঁকি থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত থাকবে। কারণ এসব পরিবর্তনের কারণে কখনো এমন অস্ত্রের সরবরাহ সীমিত হয়ে যেতে পারে, যেগুলো কার্যকর প্রতিরোধক্ষমতা কিংবা আক্রমণাত্মক সামরিক সক্ষমতা বজায় রাখতে প্রয়োজন।”

    ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়া, মার্কিন অস্ত্রের মজুত দ্রুত কমে আসা এবং চীন থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক সংবেদনশীলতার মতো সাম্প্রতিক ঘটনাগুলো নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

    প্রতিরোধক্ষমতা ও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা

    সামরিক বিমান চলাচলবিষয়ক সুপরিচিত সাংবাদিক সেবাস্তিয়ান রব্লিন মনে করেন, রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের উদ্দেশ্য দুটি দিক থেকে বিবেচনা করা প্রয়োজন। প্রথমত, আঞ্চলিক প্রতিপক্ষকে প্রতিরোধ করার সক্ষমতা এবং দ্বিতীয়ত, বাস্তব সামরিক অভিযানে এই বাহিনীর সম্ভাব্য ভূমিকা।

    রব্লিন বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্ষেপণাস্ত্র বাহিনী সৌদি আরবকে কার্যত পারমাণবিক হামলা চালানোর একটি মাধ্যম দিচ্ছে। ভবিষ্যতে রিয়াদ যদি পারমাণবিক ওয়ারহেড তৈরি করে কিংবা অন্য কোনোভাবে সংগ্রহ করে, তাহলে এই সক্ষমতা কাজে লাগানো সম্ভব হবে। বর্তমানে এমন সম্ভাবনা ক্রমেই বাস্তবসম্মত বলে মনে হচ্ছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের জোট আরও শক্তিশালী হওয়ার প্রেক্ষাপটে।”

    তিনি বলেন, “পাকিস্তান ও ইসরায়েল পৃথকভাবে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্র বহনের উপযোগী করে পরিবর্তন করেছে। তবে প্রথমবার পারমাণবিক অস্ত্র বহনের জন্য নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত মাধ্যম হতে পারে। বিশেষ করে বর্তমানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা সীমিত থাকার কারণে।”

    রব্লিন আরও বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হলো, কৌশলগত পারমাণবিক প্রতিরোধক্ষমতার জন্য এ ধরনের ক্ষেপণাস্ত্রের অত্যন্ত নিখুঁত হওয়া অপরিহার্য নয়।”

    সৌদি আরব যে ধরনের কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে খবর পাওয়া যাচ্ছে, সেগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে তুলনামূলকভাবে বেশি প্রস্তুতির প্রয়োজন হয়। অন্যদিকে কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র দীর্ঘ সময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা যায়।

    এসব ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রাখার ফলে শত্রুপক্ষ সৌদি আরবের প্রতিরোধক্ষমতা ব্যবহারের আগেই তা ধ্বংস করে দিতে পারবে—এমন আশঙ্কাও কমে যায়।

    রব্লিন বলেন, “তাত্ত্বিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনী প্রচলিত অস্ত্রের মাধ্যমেও প্রতিরোধক্ষমতা তৈরি করে।”

    তবে তিনি যোগ করেন, “সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে যেভাবে হামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের প্রচলিত অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের রাজধানী তেহরান কিংবা হুতিদের কতটা ভয় দেখাতে পারবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। কারণ তারা ইতিমধ্যেই অনেক হামলা সহ্য করেছে।”

    নিখুঁত লক্ষ্যভেদের চ্যালেঞ্জ

    রব্লিনের ভাষায়, সৌদি আরব যদি প্রচলিত অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শুধু ‘অনিশ্চিত ধ্বংসযজ্ঞ ও মনস্তাত্ত্বিক আতঙ্ক’ সৃষ্টি না করে নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জন করতে চায়, তাহলে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

    ডিএফ-১৫এ ও ডিএফ-২১ ক্ষেপণাস্ত্র পুরোনো ডিএফ-৩এ মডেলের তুলনায় অনেক বেশি নির্ভুল।

    খবর অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুর ৩০ থেকে ৪৫ মিটারের মধ্যে আঘাত হানতে পারে, যা একটি ফুটবল মাঠের দৈর্ঘ্যের অর্ধেকেরও কম। বিপরীতে পুরোনো ডিএফ-৩এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু থেকে কয়েকটি ফুটবল মাঠের সমান দূরত্বেও আঘাত হানতে পারত।

    তবে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রের মতো অত্যন্ত সুরক্ষিত স্থাপনা ধ্বংস করতে হলে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত নিশ্চিত করার জন্য আরও অনেক বেশি নির্ভুলতা প্রয়োজন।

    রব্লিন বলেন, “চীন তাদের পরবর্তী প্রজন্মের ডিএফ-১৫ ও ডিএফ-২১ সিরিজের ক্ষেপণাস্ত্রে স্যাটেলাইটভিত্তিক দিকনির্দেশনা প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি নির্ভুলতা অর্জন করেছে। ফলে সম্ভবত তারা ইতিমধ্যেই সেই প্রযুক্তি সৌদি আরবকে দিয়েছে, অথবা ভবিষ্যতে দিতে পারে।”

    তিনি আরও বলেন, “বিকল্পভাবে কৌশলগত পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করেও লক্ষ্যভেদের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্ভুলতার মাত্রা কমানো সম্ভব।”

    ২০২৫ সাল থেকে হুতি ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং ইউক্রেনে চার বছর ধরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার অভিজ্ঞতা তুলে ধরে রব্লিন সতর্ক করেছেন, বড় ধরনের সংঘাতে সৌদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার কতটা কার্যকর হতে পারে, তা অতিরঞ্জিত করে দেখা উচিত নয়।

    তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহজে আঘাতযোগ্য লক্ষ্যবস্তুগুলোতে ইতিমধ্যে হামলা চালানো হয়েছে।

    ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনা এবং ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় আঘাত হানতে হলে আকাশ থেকে ড্রোনের মাধ্যমে নিরবচ্ছিন্ন নজরদারি, অত্যন্ত দ্রুত লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং তাৎক্ষণিক হামলা চালানোর সক্ষমতা প্রয়োজন।

    ইরানের গোপন স্থাপনাগুলো শনাক্ত করে সেগুলোর অবস্থান নির্ধারণের জন্যও অত্যাধুনিক গোয়েন্দা কার্যক্রম প্রয়োজন।

    রব্লিন বলেন, “তুলনামূলক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স ভবিষ্যতের এমন সংঘাতের জন্য রিয়াদকে আঘাত হানার সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করছে, যেখানে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া নাও যেতে পারে। এর ফলে কৌশলগত হামলার অস্ত্রে তেহরানের বিপুল বিনিয়োগের কারণে তৈরি হওয়া সক্ষমতার বৈষম্য কিছুটা কমানো সম্ভব হতে পারে।”

    তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রকে এই সমীকরণ থেকে সরিয়ে দিলে পরিস্থিতি হঠাৎ বদলে যাবে। তখন ভবিষ্যতের সংঘাতে সহজে আঘাতযোগ্য স্থির লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সকে আরও বড় দায়িত্ব পালন করতে হতে পারে।”

    প্রতিরোধ থেকে সরাসরি যুদ্ধে ব্যবহার

    আমেনেহ মেহভার মনে করেন, গত সেপ্টেম্বরে ইয়েমেনে সৌদি ডিএফ-১৫এ ক্ষেপণাস্ত্র ব্যবহারের খবর নিশ্চিত হলে সেটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হতে পারে।

    এর অর্থ দাঁড়াবে, সৌদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কেবল প্রতিপক্ষকে প্রতিরোধ করার অস্ত্র হিসেবে সীমাবদ্ধ না থেকে সরাসরি যুদ্ধক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে।

    মেহভার বলেন, “সামগ্রিকভাবে রিয়াদ তার সামরিক বিকল্পগুলো সম্প্রসারণ করছে বলে মনে হচ্ছে। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতার ওপর দীর্ঘদিনের নির্ভরতাও বজায় রাখছে।”

    অন্যদিকে সিম ট্যাক সতর্ক করে বলেছেন, বাস্তব সামরিক অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সৌদি আরবের অভিজ্ঞতা সীমিত। ফলে দেশটি ভবিষ্যতে কীভাবে এসব অস্ত্র ব্যবহার করতে চায়, তা নিশ্চিতভাবে বলা কঠিন।

    তিনি বলেন, “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবকে দূরবর্তী লক্ষ্যবস্তুতে গভীর আঘাত হানার এমন একটি সক্ষমতা দিতে পারে, যা নিজেদের বিমানবাহিনী ব্যবহার করে অর্জন করতে দেশটি দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েছে।”

    ট্যাক আরও বলেন, “গত এক দশকে ইয়েমেনে সৌদি সামরিক অভিযানের ক্ষেত্রে বিমান হামলার সীমিত কার্যকারিতা সব সময়ই বিশেষভাবে চোখে পড়েছে।”

    বিতর্কিত আকাশসীমায় সৌদি যুদ্ধবিমানগুলোর ঝুঁকি এবং লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার সীমাবদ্ধতাও বিমানবাহিনীর কার্যকারিতা কমিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এসব সীমাবদ্ধতার কিছুটা কাটিয়ে উঠতে রিয়াদকে সাহায্য করতে পারে।

    তবে এ ক্ষেত্রে লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং হামলার দিকনির্দেশনা দেওয়ার জন্য কার্যকর গোয়েন্দা সক্ষমতা প্রয়োজন। ব্যাপক বিদেশি সহায়তা ছাড়া এই ক্ষেত্রে সৌদি আরব দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে পড়েছে।

    ট্যাক বলেন, “ফলে যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইচ্ছা থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে সৌদি আরবকে আরও অনেক বাধা অতিক্রম করতে হবে।”

    তিনি আরও বলেন, “সাধারণ প্রতিরোধক্ষমতা তৈরি এবং কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলার ক্ষেত্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভূমিকা অনেক বেশি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে।”

    বিপুল মজুতসমৃদ্ধ একটি বড় ক্ষেপণাস্ত্র ভান্ডার ভবিষ্যতে সৌদি আরবকে স্বাধীনভাবে ইরানে হামলা চালানোর সক্ষমতা দিতে পারে। এর ফলে দুই দেশের মধ্যকার শক্তির ভারসাম্যও বদলে যেতে পারে।

    ট্যাক বলেন, “এখন পর্যন্ত সৌদি আরবসহ এ অঞ্চলের আরও কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে কার্যকর পাল্টা হামলার সুযোগ পাওয়ার জন্য পুরোপুরি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ওপর নির্ভরশীল ছিল।”

    তিনি বলেন, “নিজস্ব কার্যকর হামলার সক্ষমতা অর্জিত হলে অন্তত ইরানের সঙ্গে আলোচনা এবং দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমবে।”

    ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বার্তা

    সেবাস্তিয়ান রব্লিন মনে করেন, গত সেপ্টেম্বরে ডিএফ-১৫এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর সত্য হলে এর পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে।

    প্রথমত, বাস্তব সামরিক অভিযানে ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা। দ্বিতীয়ত, হুতি ও ইরানকে একটি রাজনৈতিক বার্তা দেওয়া যে সৌদি আরব প্রয়োজন হলে সামরিক সংঘাত আরও বাড়ানোর সক্ষমতা রাখে।

    রব্লিনের ধারণা, রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স ভবিষ্যতে আরও ক্ষেপণাস্ত্রের যুদ্ধক্ষেত্রভিত্তিক পরীক্ষা চালাতে পারে। এর মাধ্যমে তারা নিজেদের সক্ষমতা যাচাই করার পাশাপাশি প্রয়োজন হলে এসব অস্ত্র ব্যবহারের প্রস্তুতির বার্তাও দিতে পারবে।

    তিনি বলেন, “তবে সৌদি আরব যদি যথেষ্ট বড় পরিসরে ক্ষেপণাস্ত্র উৎপাদন করে এবং কৌশলগতভাবে কার্যকর ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্ভুলতায় সেগুলো উন্নীত করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র যেভাবে এটিএসিএমএস (ATACMS) ও পিআরএসএম (PrSM) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, সৌদি আরবও একইভাবে আরও নিয়মিত এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে।”

    তিনি আরও বলেন, “এই সক্ষমতা সামরিক অস্ত্রভান্ডারে একটি কার্যকর সংযোজন হতে পারে। তবে বিশেষ করে ইয়েমেনের ক্ষেত্রে সৌদি যুদ্ধবিমানগুলো তুলনামূলকভাবে যথেষ্ট স্বাধীনভাবে অভিযান চালাতে পারে। ফলে মাঝেমধ্যে যুদ্ধবিমান হারানোর ঘটনা ঘটলেও সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রয়োজন খুব জরুরি নয়।”

    সৌদি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায়ও প্রবেশ করতে সক্ষম। তবে এ ধরনের অভিযানে ঝুঁকি অনেক বেশি। শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে চলতে হয় এবং দীর্ঘপাল্লার অভিযান চালিয়ে যেতে আকাশে জ্বালানি সংগ্রহের প্রয়োজন পড়ে।

    এর তুলনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দূরবর্তী লক্ষ্যবস্তুতে গভীর আঘাত হানার অপেক্ষাকৃত কম জটিল একটি উপায় হতে পারে।

    তবে রব্লিন মনে করেন না যে রয়্যাল সৌদি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স অদূর ভবিষ্যতে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের (আরএসএএফ) জায়গা নিয়ে দেশটির প্রধান আক্রমণকারী সামরিক শক্তিতে পরিণত হবে। অন্তত ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্ক দীর্ঘ সময়ের জন্য মারাত্মকভাবে ভেঙে না পড়লে এমন সম্ভাবনা কম।

    তিনি বলেন, “যুদ্ধবিমান একটি বেশি টেকসই ও নমনীয় সামরিক সক্ষমতা দেয়। এ কারণেই যেসব দেশ যুদ্ধবিমানের তুলনায় ক্ষেপণাস্ত্রে বেশি বিনিয়োগ করে, সেগুলো সাধারণত ইরানের মতো দেশ। তারা যথার্থভাবেই মনে করে, শত্রুপক্ষের বিমানশক্তির সামনে তাদের চালকবাহী যুদ্ধবিমানগুলো অধিকাংশ ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়তে পারে।”

    রব্লিন আরও বলেন, “কিন্তু রয়্যাল সৌদি এয়ার ফোর্সের ক্ষেত্রে পরিস্থিতি তেমন নয়। যদিও সৌদি আরবের ভূমি থেকে ভূমিতে আঘাত হানার সক্ষমতার সঙ্গে সমন্বয় করে কাজ করলে দেশটির বিমানবাহিনী অবশ্যই লাভবান হতে পারে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    গাজার বন্যা একটি পরিকল্পিত বিপর্যয় এবং এর সঙ্গে মেরুদণ্ডহীন পশ্চিমারাও জড়িত

    নভেম্বর 12, 2026
    আন্তর্জাতিক

    এনভিডিয়ার নতুন প্রধান নির্বাহী কে হচ্ছেন, আলোচনায় যাঁরা

    নভেম্বর 12, 2026
    আইন আদালত

    ইরানে স্কুল বোমা হামলা, মানুষের জীবন মৃত্যুর দায়িত্ব এখন এআইয়ের কাছে

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.