বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যেই তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজন প্রযুক্তি নির্বাহীর নাম সামনে এসেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ তৈরির জন্য পরিচিত মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়ার বাজারমূল্য বুধবার মাইক্রোসফটের নিচে নেমে যায়। একই সময়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত বিতর্ক সামনে আসায় তাঁর নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে জেনসেন হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসার কথা ছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদের। তবে তাঁকে সরিয়ে দেওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য তখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার সময় থেকেই কোম্পানিটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বেই গ্রাফিকস চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানিতে পরিণত হয়েছে।
এনভিডিয়ায় বর্তমানে ৪০ হাজারের বেশি কর্মী রয়েছেন। ফলে নতুন প্রধান নির্বাহী নিয়োগের প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির ভেতর থেকেই কাউকে দায়িত্ব দেওয়ার সুযোগ রয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস এবং প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ প্রযুক্তি নির্বাহী ইয়ান বাক।
কোলেট ক্রেস দীর্ঘদিন ধরে এনভিডিয়ার আর্থিক কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত। কোম্পানির অর্থনৈতিক পরিকল্পনা, বিনিয়োগ এবং পরিচালনাগত বিষয়ে তাঁর অভিজ্ঞতা রয়েছে। এ কারণে নেতৃত্বে পরিবর্তন এলে তাঁকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে বিবেচনা করা হতে পারে বলে মনে করছেন কিছু বিশ্লেষক।
অন্যদিকে ইয়ান বাক এনভিডিয়ার তথ্যকেন্দ্রভিত্তিক ব্যবসা ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কোম্পানিটির চিপ ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার প্রযুক্তি তৈরিতেও তাঁর অবদান রয়েছে।
বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার ভবিষ্যৎ প্রযুক্তিগত পরিকল্পনা পরিচালনার ক্ষেত্রে ইয়ান বাক গুরুত্বপূর্ণ প্রার্থী হতে পারেন।
প্রতিষ্ঠানটির ভেতর থেকে আরেক সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ব্রায়ান ক্যাটানজারো। তিনি এনভিডিয়ার প্রয়োগভিত্তিক গভীর শিক্ষণ গবেষণা বিভাগের ভাইস প্রেসিডেন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। মার্কিন ব্যবসাবিষয়ক সাময়িকী ইনক তাঁকেও সম্ভাব্য উত্তরসূরিদের একজন হিসেবে উল্লেখ করেছে।
এনভিডিয়ার নেতৃত্বে হুয়াং পরিবারের কারও আসার সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে।
জেনসেন হুয়াংয়ের মেয়ে ম্যাডিসন হুয়াং বর্তমানে এনভিডিয়ার পণ্য বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি বহুজাতিক বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচে বিপণনসংক্রান্ত দায়িত্ব পালন করেছেন।
জেনসেন হুয়াংয়ের ছেলে স্পেনসার হুয়াংও এনভিডিয়ার সঙ্গে যুক্ত। তিনি প্রতিষ্ঠানটির রোবোটিকস বিভাগে পণ্য ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে তাঁদের কাউকে প্রধান নির্বাহী করার বিষয়ে পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
এনভিডিয়ার বাইরের সম্ভাব্য প্রার্থীদের মধ্যেও কয়েকজন পরিচিত প্রযুক্তি নির্বাহীর নাম উঠে এসেছে।
তাঁদের একজন লিসা সু। তিনি দীর্ঘদিন ধরে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্ধপরিবাহী প্রযুক্তি ও আন্তর্জাতিক চিপ ব্যবসায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।
আরেক সম্ভাব্য প্রার্থী রেনে হাস। তিনি যুক্তরাজ্যভিত্তিক চিপ নকশাকারী প্রতিষ্ঠান আর্মের প্রধান নির্বাহী। এর আগে এনভিডিয়াতেও কাজ করেছেন তিনি।
চিপ প্রযুক্তি ও আন্তর্জাতিক ব্যবসা পরিচালনায় অভিজ্ঞতার কারণে তাঁর নামও আলোচনায় এসেছে।
এদিকে এনভিডিয়ার সম্ভাব্য নতুন প্রধান নির্বাহী হিসেবে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুকের নাম নিয়েও আলোচনা চলছে।
দীর্ঘ ১৫ বছর অ্যাপলের নেতৃত্ব দেওয়ার পর চলতি বছর প্রধান নির্বাহীর পদ ছেড়েছেন তিনি। বর্তমানে অ্যাপলের পরিচালনা পর্ষদের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রযুক্তি খাতে বড় প্রতিষ্ঠান পরিচালনা এবং আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এ কারণে এনভিডিয়ার নেতৃত্বে পরিবর্তন এলে তাঁকেও বিবেচনা করা হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে আলোচনা চলছে।
তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে কোনো ব্যক্তির নাম আলোচনায় থাকলেই তিনি আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন, এমন নয়।
বিশ্লেষকদের মতে, এনভিডিয়ার মতো বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানে প্রধান নির্বাহী পরিবর্তন সহজ সিদ্ধান্ত নয়। কারণ কোম্পানিটির প্রযুক্তিগত পরিকল্পনা, গবেষণা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণের সঙ্গে জেনসেন হুয়াংয়ের দীর্ঘদিনের নেতৃত্ব ঘনিষ্ঠভাবে যুক্ত।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপের বাজারে এনভিডিয়ার শক্তিশালী অবস্থান ধরে রাখা এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা নতুন নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে।
আপাতত এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে বিনিয়োগকারী ও প্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের। জেনসেন হুয়াং দায়িত্বে থাকবেন, নাকি প্রতিষ্ঠানটি নতুন নেতৃত্বের পথে এগোবে, সেটিই এখন দেখার বিষয়।

