জলবায়ু কূটনীতির প্রতি মানুষের আস্থা তখনই তৈরি হয়, যখন এর সুফল হিসেবে তারা বিশুদ্ধ বাতাস, নির্ভরযোগ্য পানির সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যে জ্বালানি পায়। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলন দেশটির সামনে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এই উদ্যোগের সুফল তুরস্কের সীমানা ছাড়িয়ে আরও বহু দেশে পৌঁছাতে পারে।
গত ১১ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নকে কেন্দ্র করে সম্মেলন পরিচালনার আহ্বান জানান। সহজলভ্য জলবায়ু অর্থায়ন, ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন এবং যুদ্ধের পরিবেশগত পরিণতির ওপর তাঁর গুরুত্বারোপ ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। এখন মূল চ্যালেঞ্জ হলো সেই দৃষ্টিভঙ্গিকে দীর্ঘস্থায়ী ও কার্যকর ফলাফলে রূপ দেওয়া।
ইউরোপের সঙ্গে পরিবেশগত সহযোগিতার বিষয়টি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গেও গভীরভাবে জড়িত। ২০০৯ সালের ২১ ডিসেম্বর আমি যখন তুরস্কের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক মন্ত্রী ও প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছিলাম, তখন ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্যপদ লাভের আলোচনা প্রক্রিয়ায় পরিবেশবিষয়ক ২৭ নম্বর অধ্যায়ের আলোচনা শুরু করি। পরিবেশগত মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠা এবং ইউরোপ মহাদেশের পরিবেশ সুরক্ষায় আমাদের সম্মিলিত সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এটি ছিল একটি বাস্তব পদক্ষেপ।
কিন্তু সেই অধ্যায়ের আলোচনা আজও শেষ হয়নি। সদস্যদেশগুলোর ভেটো এবং সাইপ্রাস-সংক্রান্ত বিধিনিষেধসহ বিভিন্ন রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে সদস্যপদ লাভের পুরো প্রক্রিয়াই স্থবির হয়ে রয়েছে। ২০১৮ সাল থেকে বৃহত্তর আলোচনা কার্যত অচল অবস্থায় রয়েছে। মতপার্থক্য যা-ই থাকুক না কেন, এই অচলাবস্থা দীর্ঘায়িত হতে দেওয়া ইউরোপীয় ইউনিয়নের নিজের জন্যই একটি বড় ক্ষতি।
ভৌগোলিক অবস্থান, উৎপাদনক্ষমতা এবং আঞ্চলিক সম্পর্কের কারণে জলবায়ু লক্ষ্য অর্জনে তুরস্ক ইউরোপকে গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে। অথচ গভীর পরিবেশগত সমন্বয়ের সেই সম্ভাবনার পূর্ণ সুফল থেকে ইউরোপ নিজেকেই বঞ্চিত করছে।
দূষণ ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে এসে থেমে যায় না। খরাও কোনো রাজনৈতিক ভেটোর তোয়াক্কা করে না। তাই তুরস্কের সঙ্গে অর্থবহ সহযোগিতা পুনরুজ্জীবিত করা ইউরোপের নিজস্ব স্বার্থেই প্রয়োজন।
এ ক্ষেত্রে পরিচ্ছন্ন জ্বালানি হতে পারে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ সূচনাক্ষেত্র। তুরস্ক ২০৩৫ সালের মধ্যে বায়ু ও সৌরবিদ্যুৎ মিলিয়ে মোট ১২০ গিগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা, জ্বালানি সংরক্ষণ, জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব শিল্প উৎপাদনে সহযোগিতা বাড়ানো গেলে একদিকে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে, অন্যদিকে কার্বন নিঃসরণ কমবে।
তবে তুরস্ককে কয়লার ওপর তার চলমান নির্ভরশীলতাও কমাতে হবে। এ ক্ষেত্রে এমন একটি ন্যায্য জ্বালানি রূপান্তর প্রয়োজন, যাতে সংশ্লিষ্ট শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষিত থাকে।
পানি ব্যবস্থাপনাও সহযোগিতার আরেকটি অগ্রাধিকার হওয়া উচিত। ভূমধ্যসাগরীয় অঞ্চলে পানির অপচয় ও সরবরাহব্যবস্থার লিকেজ কমানো, সেচব্যবস্থার উন্নয়ন, পরিশোধিত বর্জ্যপানির নিরাপদ পুনর্ব্যবহার এবং খরার আগাম সতর্কবার্তা বিনিময়ের জন্য তুরস্ক আঞ্চলিক অংশীদারত্ব গড়ে তুলতে পারে।
জলাভূমি, উপকূলীয় বাস্তুতন্ত্র ও বনাঞ্চল সংরক্ষণও এসব উদ্যোগকে আরও শক্তিশালী করবে। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ইউরোপ, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিষ্ঠান এসব বাস্তবসম্মত ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে।
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বে ২০১৭ সালে চালু হওয়া ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য উদ্যোগ সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস প্রতিষ্ঠার মাধ্যমে এই ধারণাকে জাতিসংঘের পর্যায়ে নিয়ে যেতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আন্তালিয়া সম্মেলনের উচিত সেই অর্জনের ভিত্তিতে স্থানীয় সরকারগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা, যাতে খাদ্যের অপচয় রোধ, বর্জ্য সংগ্রহব্যবস্থার উন্নয়ন এবং পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের সুযোগ সম্প্রসারিত হয়।
এসব প্রকল্পের সফলতা অনেকাংশেই নির্ভর করবে অর্থায়নের ওপর। কপ৩১ সভাপতিত্বের অধীনে গৃহীত ‘ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ’ বা ব্রিজ উদ্যোগের লক্ষ্য হলো বিভিন্ন দেশের জাতীয় অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্প এবং সম্ভাব্য অর্থায়নকারী অংশীদারদের সঙ্গে যুক্ত করা।
ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সাশ্রয়ী অর্থায়নের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সহায়তা সংগ্রহেও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যা ও পানিসংকট থেকে জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখার উদ্যোগ কেবল বাণিজ্যিক মুনাফার ওপর নির্ভরশীল হতে পারে না।
প্রেসিডেন্ট এরদোয়ান গাজার পরিবেশগত বিপর্যয়ের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি গাজার মাটি, স্বাদুপানির উৎস এবং উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য নথিবদ্ধ করেছে।
তুরস্ক ফিলিস্তিনি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে গাজার পানি সরবরাহব্যবস্থা পুনরুদ্ধার, ধ্বংসস্তূপ নিরাপদভাবে অপসারণ ও ব্যবস্থাপনা এবং কৃষিজমি পুনর্বাসনে সহায়তা করতে পারে।
তবে এই পুনরুদ্ধার কার্যক্রমের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ, নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের নেতৃত্ব নিশ্চিত করা অপরিহার্য। একই সঙ্গে নিজেদের মাতৃভূমিতে জীবন পুনর্গঠনের ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন করতে হবে।
মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তুরস্কের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে। ফিনল্যান্ডের সঙ্গে যৌথভাবে দেশটি জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’ প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি জাতিসংঘের সহযোগিতায় ২০২২ সালের কৃষ্ণসাগরীয় শস্য উদ্যোগ বাস্তবায়ন সম্ভব করতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এসব উদ্যোগ দেখিয়েছে, গভীর মতপার্থক্য থাকা সত্ত্বেও পক্ষগুলোর মধ্যে সংলাপ বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ।
জলবায়ু কূটনীতিতেও একই সক্ষমতা প্রয়োজন। এখানে বিভিন্ন দেশের অভিন্ন স্বার্থ চিহ্নিত করতে হয় এবং বাস্তবসম্মত সহযোগিতার ব্যবস্থা নিয়ে আলোচনা ও সমঝোতায় পৌঁছাতে হয়।
ভিন্ন অগ্রাধিকার ও উন্নয়নের ভিন্ন স্তরে থাকা দেশগুলোর মধ্যে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন অবস্থান তৈরির ক্ষেত্রে তুরস্ক তার এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।
কপ৩১ সম্মেলন আয়োজনে অস্ট্রেলিয়ার সঙ্গে তুরস্কের অংশীদারত্ব ভূমধ্যসাগরীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু অগ্রাধিকারগুলোকে একসূত্রে আনার সুযোগ তৈরি করেছে। এই ব্যবস্থায় তুরস্ক সম্মেলন আয়োজন ও সভাপতিত্বের দায়িত্ব পালন করছে, আর অস্ট্রেলিয়া জলবায়ু আলোচনা পরিচালনার নেতৃত্ব দিচ্ছে।
এই অংশীদারত্বের সফলতা নির্ধারিত হবে সহযোগিতা কতটা শক্তিশালী হলো এবং জলবায়ু ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকা দেশ ও জনগোষ্ঠী কতটা বাস্তব সহায়তা পেল, তার ভিত্তিতে।
আন্তালিয়া সম্মেলনের স্থায়ী অর্জন হওয়া উচিত এমন সব প্রকল্প, যেগুলোর জন্য বিশ্বাসযোগ্য অর্থায়ন, সুস্পষ্ট দায়িত্ব বণ্টন এবং পরিমাপযোগ্য ফলাফল নিশ্চিত করা হয়েছে।
পরিবেশ সুরক্ষায় নিজস্ব সক্ষমতার সঙ্গে বিরোধপূর্ণ পক্ষগুলোকে আলোচনার টেবিলে আনার অভিজ্ঞতা যুক্ত করে তুরস্ক এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
রাজনৈতিক অচলাবস্থার কারণে তুরস্কের এই সম্ভাবনাকে সীমাবদ্ধ রাখার মূল্য যে ইউরোপীয় ইউনিয়নকেও দিতে হচ্ছে, সেটি তাদের স্বীকার করা উচিত। যে দেশ পরস্পরবিরোধী পক্ষগুলোর মধ্যে অভিন্ন অবস্থান তৈরিতে সহায়তা করতে পারে, সেই দেশ আমাদের অভিন্ন পরিবেশ রক্ষায় জরুরি আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
- ডক্টর এগেমেন বাগিশ, পিএইচডি, তুরস্কের একজন রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক প্রাক্তন মন্ত্রী এবং প্রধান আলোচক। সূত্র: মিডল ইস্ট মনিটর

