এশিয়া টাইমস
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরবরাহব্যবস্থায় ক্রমবর্ধমান ব্যর্থতা এবং কয়েক দশক ধরে চীনের অব্যাহত গুপ্তচরবৃত্তির কারণে দেশটির অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কর্মসূচির গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ছে। এতে চীন তার প্রতিদ্বন্দ্বী জে-৩৫ যুদ্ধবিমান বহরের প্রযুক্তিগত উন্নয়নে বড় ধরনের সুবিধা পেতে পারে। একই সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশপথে সামরিক শ্রেষ্ঠত্বের জন্যও নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের সরকারি জবাবদিহি দপ্তর গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, সরবরাহব্যবস্থায় নজরদারির ব্যাপক ব্যর্থতা এবং দুর্বল লজিস্টিক নিরাপত্তার কারণে দেশটির প্রতিরক্ষা দপ্তর (ডিওডি) এখনো এফ-৩৫ যুদ্ধবিমানের কয়েক কোটি ডলারের যন্ত্রাংশের সঠিক হিসাব দিতে পারছে না।
জিএওর প্রতিবেদন অনুযায়ী, এফ-৩৫ যৌথ কর্মসূচি কার্যালয় এখনো ১০ লাখের বেশি হারিয়ে যাওয়া যন্ত্রাংশের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এসব যন্ত্রাংশের মূল্য আট কোটি ৫০ লাখ ডলারের বেশি। এ ছাড়া রক্ষণাবেক্ষণের জন্য পাঠানো প্রায় ১৭ হাজার যন্ত্রাংশের তথ্য সরকারি সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থায় নথিভুক্ত করা হয়নি। এগুলোর মোট মূল্য সর্বোচ্চ ২৫০ কোটি ডলার।
জিএওর অনুসন্ধানে দেখা গেছে, এফ-৩৫ কর্মসূচির সরবরাহব্যবস্থার দুর্বলতা অত্যন্ত বিস্তৃত। বিশ্বজুড়ে ৭০০টির বেশি স্থানে ছড়িয়ে থাকা প্রায় দুই কোটি ৬০ লাখ যন্ত্রাংশের একটি যৌথ মজুত রয়েছে, যার মূল্য প্রায় তিন হাজার ১০০ কোটি ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব যন্ত্রাংশের কিছু কোন উপঠিকাদারের স্থাপনায় রাখা হয়েছে, তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারাও জানেন না। বাণিজ্যিক পরিবহন সংস্থার মাধ্যমে পাঠানো যন্ত্রাংশও নিয়মিতভাবে নজরদারির বাইরে চলে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্যব্যবস্থার সঙ্গে প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও প্র্যাট অ্যান্ড হুইটনির তথ্যব্যবস্থার তাৎক্ষণিক সমন্বয় নেই। ফলে যন্ত্রাংশের তথ্য হালনাগাদ হতে কয়েক মাস পর্যন্ত দেরি হয়। এমনকি কোনো যন্ত্রাংশ হারিয়ে গেলে তার প্রকৃত কারণ তদন্ত না করেই প্রতিরক্ষা দপ্তর প্রায়ই ক্ষতির হিসাব সমন্বয়ের অনুমোদন দিয়ে থাকে বলে জানিয়েছে জিএও।
সংস্থাটির সতর্কবার্তা অনুযায়ী, এসব পদ্ধতিগত দুর্বলতা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যুদ্ধপ্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে আর্থিক নিরীক্ষা বাধাগ্রস্ত হবে এবং দেশটির সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র কর্মসূচিতে জালিয়াতি, অপচয় কিংবা চুরি প্রতিরোধের সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে।
হংকংয়ে এফ-৩৫-এর যন্ত্রাংশ পৌঁছানো নিয়ে উদ্বেগ
জিএওর এই প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন সম্প্রতি চীনের হাতে এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ পৌঁছানোর খবর সামনে এসেছে। এসব যন্ত্রাংশের মধ্যে রয়েছে যুদ্ধবিমানের ককপিটের স্বচ্ছ আবরণ বা ক্যানোপি এবং অস্ত্র বহনকারী প্রকোষ্ঠের দরজা।
২০২৬ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট ক্যানোপি ও অস্ত্র প্রকোষ্ঠের দরজা বাণিজ্যিক পরিবহনের সময় অপ্রত্যাশিতভাবে হংকংয়ে চলে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বিভিন্ন কমিটি তদন্ত শুরু করে।
লকহিড মার্টিনের পক্ষ থেকে মেরামতের জন্য এসব ব্যবহারের অনুপযোগী যন্ত্রাংশ ইউপিএসের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছিল। দক্ষিণ কোরিয়া হয়ে পরিবহনের সময় যন্ত্রাংশগুলো হংকংয়ে পৌঁছে যায়। পরে চীন সেগুলো জব্দ করে নিজেদের কাছে রেখে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরবরাহব্যবস্থার এই গুরুতর ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র যন্ত্রাংশগুলো উদ্ধারের চেষ্টা শুরু করেছে। একই সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা মহলে উদ্বেগ বেড়েছে।
আশঙ্কা করা হচ্ছে, চীন এসব যন্ত্রাংশে ব্যবহৃত রাডার তরঙ্গ শোষণকারী উপাদান এবং বিশেষ ধরনের স্টেলথ নকশা বিশ্লেষণ করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সংবেদনশীল প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেই প্রযুক্তি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যুদ্ধবিমান মোকাবিলার সক্ষমতাও বাড়াতে পারে বেইজিং।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরবরাহব্যবস্থার এই দুর্বলতার কথা উল্লেখ করে স্যাম মুলিনস ও তাঁর সহলেখকেরা ২০২৬ সালের অক্টোবরে ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধে সতর্ক করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং বিশ্বায়িত সরবরাহব্যবস্থা এমন কিছু বিপজ্জনক নজরদারির ঘাটতি তৈরি করছে, যার মাধ্যমে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর নাগালে চলে যেতে পারে।
তাঁদের মতে, অস্ট্রেলিয়ার এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ ভুলবশত হংকংয়ে পৌঁছে যাওয়ার ঘটনা দেখিয়েছে, মিত্রদেশ, প্রতিরক্ষা ঠিকাদার এবং বাণিজ্যিক পরিবহন প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ লজিস্টিক জটিলতাও কীভাবে অনিচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরাসরি চীনের হাতে তুলে দিতে পারে।
গবেষকেরা আরও সতর্ক করেছেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে বহুজাতিক সরবরাহব্যবস্থাও জটিল হয়ে উঠছে। এতে শিল্পক্ষেত্রে গুপ্তচরবৃত্তি, মেধাস্বত্ব চুরি এবং নাশকতার ঝুঁকি বাড়ছে।
বিশেষ করে মিত্রদেশগুলোর নিরাপত্তাব্যবস্থার মানে পার্থক্য এবং অংশীদার রাষ্ট্রগুলোর দুর্বল অবকাঠামোর সুযোগ নিয়ে প্রতিপক্ষ শক্তিগুলো এসব কার্যক্রম চালাতে পারে।
তবে সরবরাহব্যবস্থার ভুলের কারণে এফ-৩৫-এর যন্ত্রাংশ হাতে পাওয়া চীনের গোপনে মার্কিন সামরিক প্রযুক্তি সংগ্রহের বৃহত্তর প্রচেষ্টার একটি দিকমাত্র হতে পারে।
কয়েক দশকের গুপ্তচরবৃত্তি ও জে-৩৫-এর প্রযুক্তিগত অগ্রগতি
যুক্তরাষ্ট্রে ২০০০ সাল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত চীনের গুপ্তচরবৃত্তির কার্যক্রম নিয়ে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) প্রকাশিত এক প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালে চীনা হ্যাকাররা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের জয়েন্ট স্ট্রাইক ফাইটার (জেএসএফ) প্রকল্পের নিরাপত্তাব্যবস্থা ভেঙে প্রবেশ করে এবং যুদ্ধবিমানের মূল নকশাসংক্রান্ত তথ্য চুরি করে। পরবর্তী সময়ে ২০১২ সালে আরেকটি সাইবার অনুপ্রবেশের ঘটনায় যুদ্ধবিমানের গোপনীয় অভ্যন্তরীণ ব্যবস্থার তথ্যও ঝুঁকির মুখে পড়ে।
শুধু সামরিক নেটওয়ার্ক নয়, চীনা গোয়েন্দারা বেসরকারি সহযোগীদেরও ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ক্ষেত্রে সু বিন নামের এক ব্যক্তির ভূমিকা বিশেষভাবে আলোচিত। ২০১৪ সালে তিনি বোয়িংয়ের করপোরেট নেটওয়ার্কে অনুপ্রবেশ করে এফ-৩৫, সি-১৭ এবং এফ-২২ যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহাজসংক্রান্ত গোপন নথি সংগ্রহ করেন।
এসব তথ্য চীনের নিজস্ব অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান উন্নয়ন কর্মসূচির গতি বাড়াতে ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিনের এই গুপ্তচরবৃত্তির সুফল চীন ইতিমধ্যে পেতে শুরু করেছে বলেও ধারণা করা হচ্ছে।
২০২৪ সালের নভেম্বরে এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর জেনারেল ডেভিড অলভিন চীনের দুই ইঞ্জিনবিশিষ্ট জে-৩৫এ এবং যুক্তরাষ্ট্রের এক ইঞ্জিনবিশিষ্ট এফ-৩৫ যুদ্ধবিমানের নকশাগত মিল নিয়ে মন্তব্য করেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথম আকাশে ওড়া জে-৩৫এ এবং এফ-৩৫ পাশাপাশি রাখলে চীন তাদের নকশা কোথা থেকে পেয়েছে, তা স্পষ্ট হয়ে যায় বলে ইঙ্গিত দেন তিনি। তাঁর এই মন্তব্যের ভিত্তি ছিল দুই যুদ্ধবিমানের দৃশ্যমান নকশাগত সাদৃশ্য।
তবে গোপন গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান অলভিন। তিনি শুধু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের নকশা অনুকরণের ক্ষেত্রে চীনের অতীত ইতিহাসের কথা উল্লেখ করেন।
একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধবিমানের বাহ্যিক কাঠামো অনুকরণ করলেই যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সমপর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। উন্নত প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সামগ্রিক বাহিনীগত দক্ষতার কারণে যুক্তরাষ্ট্র এখনো যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওডিন তথ্যভান্ডার অনুযায়ী, জে-৩৫এ হলো এক আসনবিশিষ্ট, দুই ইঞ্জিনের, পঞ্চম প্রজন্মের বহুমুখী স্টেলথ যুদ্ধবিমান। এটি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের জন্য তৈরি করা হয়েছে।
অন্যদিকে বিমানবাহী রণতরী থেকে পরিচালনার উপযোগী জে-৩৫-এর নৌ সংস্করণে ভাঁজ করা যায় এমন ডানা এবং শক্তিশালী অবতরণ সরঞ্জাম রয়েছে।
ওডিনের তথ্য অনুযায়ী, জে-৩৫এ যুদ্ধবিমানে দুটি ডব্লিউএস-২১ আফটারবার্নিং টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর অভ্যন্তরীণ জ্বালানি ব্যবহার করে যুদ্ধ পরিচালনার পাল্লা প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ১ হাজার ৪০০ কিলোমিটার।
যুদ্ধবিমানটির রাডারে শনাক্ত হওয়ার সম্ভাবনা কমাতে বিশেষ ধরনের মসৃণ ও সমন্বিত কাঠামো এবং ফাইবার-ম্যাট উপাদান ব্যবহার করা হয়েছে। এসব উপাদান এল-ব্যান্ড ও কু-ব্যান্ড রাডারের বিরুদ্ধে কার্যকর বলে তথ্যভান্ডারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিমানটিতে রয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে (এইএসএ) রাডার, বিভিন্ন দিকে নজরদারির উপযোগী অপটিক্যাল সেন্সর এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র বহনের ব্যবস্থা।
অস্ত্র বহনের জন্য বিমানটির অভ্যন্তরে ছয়টি এবং বাইরে আরও ছয়টি সংযোজনস্থল রয়েছে।
তবে জে-৩৫ যে এফ-৩৫-এর অনুলিপি, তা নিশ্চিত করতে হলে দুটি যুদ্ধবিমানের বিস্তারিত ফরেনসিক পরীক্ষা প্রয়োজন। বাস্তবে এমন তদন্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
তা ছাড়া দক্ষিণ কোরিয়ার কেএফ-২১ যুদ্ধবিমান এবং তুরস্কের কান যুদ্ধবিমান-এর নকশার সঙ্গেও এফ-৩৫ ও জে-৩৫এ-এর দৃশ্যমান মিল রয়েছে।
এ থেকে এমন ধারণাও তৈরি হয় যে, সরাসরি নকশা অনুকরণের পরিবর্তে একই ধরনের সামরিক চাহিদা পূরণের জন্য যুদ্ধবিমান নির্মাতারা কাছাকাছি প্রযুক্তিগত নকশা বেছে নিতে পারেন।
অস্ত্র রপ্তানির মাধ্যমে প্রভাব বাড়ানোর সুযোগ
চীন শুধু সামরিক সক্ষমতা বাড়াতেই নয়, বিদেশে যুদ্ধবিমান বিক্রির মাধ্যমেও জে-৩৫কে কূটনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।
২০২৫ সালের ডিসেম্বরে রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (রুসি) একটি নিবন্ধে গবেষক রাহুল মনোহর ইয়েলওয়ে উল্লেখ করেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে পারছে না, তাদের কাছে চীন জে-৩৫ বিক্রির প্রস্তাব দিতে পারে।
এফ-৩৫ কেনার ক্ষেত্রে উচ্চ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়, ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ এবং নির্দিষ্ট মিত্রদেশের জন্য বিক্রির অনুমোদন সীমিত থাকার বিষয়গুলো বড় বাধা হয়ে দাঁড়ায়।
ইয়েলওয়ের বিশ্লেষণ অনুযায়ী, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং আফ্রিকা জে-৩৫ যুদ্ধবিমানের সম্ভাবনাময় বাজার হতে পারে।
তিনি উল্লেখ করেন, চীন তুলনামূলক প্রতিযোগিতামূলক মূল্য, সহজ শর্তে ঋণ এবং রাজনৈতিক শর্ত ছাড়াই অস্ত্র সরবরাহের মাধ্যমে ক্রেতা দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায়।
বিশেষ করে মানবাধিকার ও সুশাসনসংক্রান্ত শর্ত ছাড়াই অস্ত্র হস্তান্তরের সুযোগ অনেক দেশের কাছে আকর্ষণীয় হতে পারে।
তবে চীনের মহাকাশ ও বিমানশিল্পের প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা এবং বিক্রয়োত্তর সেবার মান নিয়ে দীর্ঘদিনের সংশয় আন্তর্জাতিক বাজারে জে-৩৫-এর চাহিদা সীমিত রাখতে পারে বলেও মনে করেন ইয়েলওয়ে।
চুরি করা প্রযুক্তি ব্যবহার করে চীন এফ-৩৫-এর নকশা অনুকরণ করেছে—এমন অকাট্য প্রমাণ না থাকলেও দেশটির গুপ্তচরবৃত্তির কার্যক্রম যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ তৈরি করছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে *ফরেন পলিসি*কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) সাবেক কর্মকর্তা ডেভিড শেড ও অ্যান্ড্রু ব্যাজার বলেন, কয়েক দশকের গুপ্তচরবৃত্তি চীনকে সামরিক পরাশক্তিতে পরিণত হতে সহায়তা করেছে।
তাঁদের মতে, এর ফলে তাইওয়ান প্রণালি ঘিরে কৌশলগত শক্তির ভারসাম্যও মৌলিকভাবে বদলে গেছে।
ব্যাজার সতর্ক করেন, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) নিয়ন্ত্রণহীন গুপ্তচরবৃত্তি বিশ্বের অন্যতম অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নিরাপত্তাব্যবস্থার গুরুতর দুর্বলতার উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, চীনা প্রকৌশলীরা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ক্লাউড নেটওয়ার্কের জন্য সফটওয়্যার কোড লিখছেন।
অন্যদিকে ডেভিড শেড বলেন, সামরিক বিমান ও মহাকাশ প্রযুক্তিতে নিজেদের অবশিষ্ট দুর্বলতা দূর করতে চীন অত্যন্ত আক্রমণাত্মকভাবে তথ্য সংগ্রহ করছে।
তাঁর সতর্কবার্তা অনুযায়ী, সাইবার ও সামরিক সক্ষমতায় চীন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছাতে থাকায় ওয়াশিংটন তার দীর্ঘদিনের নির্ণায়ক প্রযুক্তিগত সুবিধা হারানোর ঝুঁকিতে পড়ছে।
বিশ্বজুড়ে বিস্তৃত প্রতিরক্ষা সরবরাহব্যবস্থা এবং ডিজিটাল নেটওয়ার্কের নিরাপত্তা দ্রুত শক্তিশালী করতে না পারলে যুক্তরাষ্ট্রের জন্য এই চ্যালেঞ্জ আরও গভীর হতে পারে।
কারণ, গোপনে বিদেশি প্রযুক্তি সংগ্রহ এবং রাজনৈতিক শর্ত ছাড়াই অস্ত্র রপ্তানির চীনা কৌশল একসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক প্রভাবকে দুর্বল করতে পারে।
শেষ পর্যন্ত এর প্রভাব শুধু দুই দেশের যুদ্ধবিমান প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামগ্রিক কৌশলগত শক্তির ভারসাম্যও চীনের অনুকূলে পরিবর্তিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

