সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের মধ্যে আমিরাত ও ভারতের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষ রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনার তথ্য জানায়।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, স্থানীয় সময় বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহর প্রবেশমুখে দুর্ঘটনাটি ঘটে। সে সময় সড়কে যানবাহনের গতি ছিল ধীর। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্রাক প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি উল্টে সামনে থেমে থাকা যানবাহনগুলোর সঙ্গে সংঘর্ষে জড়ায়।
এ ঘটনায় মোট ২৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাঁচটি ট্রাক। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশপাশের কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়লে প্রাণহানির ঘটনা ঘটে।
ফুজাইরাহ পুলিশ জানিয়েছে, আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। বাকিরা এখনো চিকিৎসাধীন।
নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকও রয়েছেন।
আমিরাতে অবস্থিত ভারতের কনস্যুলেট জানিয়েছে, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও আছেন। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিশরের নাগরিক।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে তারা।
সূত্র: বিবিসি

